নারীদের নিবন্ধন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহী নারীকর্মীদের জন্য নিবন্ধন শুরু করেছে সরকার। ৫ মার্চ থেকে ঢাকা বিভাগে নিবন্ধন শুরু হয়েছে। ঢাকার পর বাকি ছয়টি বিভাগে এই নিবন্ধন চলবে।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের বাইরে থেকে কারও বিদেশে যাওয়ার সুযোগ নেই। কাজেই যাঁরা সৌদি আরব কিংবা অন্য কোনো দেশে যেতে চান, তাঁদের অবশ্যই নিবন্ধন করতে হবে।
দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ থেকে আবার কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে দুই দেশের চুক্তি অনুযায়ী, প্রাথমিকভাবে গৃহখাতে (ডোমেস্টিক সার্ভিস ওয়ার্কার্স) মাসে ১০ হাজার করে বছরে ১ লাখ ২০ হাজার কর্মী নেবে সৌদি আরব। একেকজন গৃহকর্মী মাসে ৮০০ রিয়াল অর্থাৎ প্রায় ১৭ হাজার টাকা বেতন পাবেন। থাকা-খাওয়ার সব খরচ মালিকের। তবে কেউ এর বেশিও বেতন পেতে পারেন।
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবার সৌদি আরবে যাওয়ার জন্য কর্মীর কোনো টাকা লাগবে না। তবে নিজের বিভিন্ন কাজের জন্য ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ হতে পারে।
নিবন্ধনের যোগ্যতা: নিবন্ধনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
কোন কোন পেশা: হাউসকিপার, কেয়ারগিভার, বেবি সিটার, ক্লিনার, ড্রাইভার ও কুক পেশার জন্য নিবন্ধন করা যাবে। তবে কেয়ারগিভার, ড্রাইভার ও বেবি সিটার পদে আগ্রহী নারীদের কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কোথায় নিবন্ধন করা যাবে: সারা দেশের ইউনিয়ন ও নগর তথ্যসেবা কেন্দ্রগুলোতে নিবন্ধন করা যাবে। পৌরসভার আওতাধীন এলাকায় পৌরসভা ডিজিটাল সেন্টার, সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডের ডিজিটাল সেন্টার এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোভর (বিএমইটি) অধীন ৪২টি জেলার জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের খরচ: সরকারিভাবে নিবন্ধনের জন্য ২০০ টাকা খরচ হবে। টেলিটকের মাধ্যমে এই টাকা দেওয়া যাবে। এ ছাড়া ফরম পূরণে সহায়তা করার জন্য উদ্যোক্তাদের ১০০ টাকা দিলে অনলাইনে নিবন্ধন করা যাবে।
নিবন্ধনের জন্য যেসব কাগজপত্র লাগবে: নিবন্ধনের জন্য যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) থাকলে সেটি আনতে হবে। পাসপোর্ট না থাকলে জাতীয় পরিচয়পত্র আনতে হবে। সেটি না থাকলে জন্মনিবন্ধন সনদ অবশ্যই আনতে হবে। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রে যে ঠিকানা ও নাম আছে, পাসপোর্টে সেটিই থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সনদের এক সেট ফটোকপি আনতে হবে। প্রশিক্ষণ বা অভিজ্ঞতার কোনো সনদ থাকলে সেটি আনতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কিংবা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের চারিত্রিক সনদ লাগবে।
প্রয়োজনে যেসব নম্বরে যোগাযোগ করবেন: যেকোনো প্রয়োজনে বিএমইটির নিয়ন্ত্রণকক্ষের ৮৩২৩০০৪, ৮৩২২৯৪৬, ৮৩১৯৩২২ ও ৮৩১৭৫১১ টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। এ ছাড়া নিবন্ধনসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০৯৬১২০১৬৩৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
জনশক্তিবিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিম এশিয়ার সৌদি আরব মরু আবহাওয়ার দেশ। এখানে কঠোর ইসলামি শরিয়া আইন প্রচলিত। কাজেই দেশটিতে যাঁরা যাওয়ার কথা ভাবছেন, তাঁরা আরবি ভাষা ও সেখানকার নিয়মকানুন জানতে শুরু করুন। ভাষা পুরোপুরি শেখা সম্ভব না হলেও আরবি ভাষার জরুরি কিছু শব্দ শিখে যেতে পারেন। আর বিদেশে যাওয়ার আগে দক্ষতা খুব জরুরি। বিএমইটির অধীনে দেশে ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে। সেখানে গিয়ে যেকোনো পেশায় দক্ষতা অর্জন করতে পারেন। তবে সৌদি আরব যাওয়ার জন্য যাঁরা শেষ পর্যন্ত নির্বাচিত হবেন, তাঁদের সরকারিভাবে ছয় সপ্তাহের প্রশিক্ষণ নিতে হবে।

কবে কোথায় নিবন্ধন
ঢাকা বিভাগে
৫ মার্চ থেকে ১১ মার্চ
রাজশাহী ও রংপুর বিভাগে
১২ মার্চ থেকে ১৬
চট্টগ্রাম ও সিলেট বিভাগে
১৭ মার্চ থেকে ২৩ মার্চ
খুলনা ও বরিশাল বিভাগে
২৪ মার্চ থেকে ২৮ মার্চ