নারীদের ব্যাট-বলের লড়াইয়ে অভিষেক শেখ কামাল স্টেডিয়ামের
কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তর্জাতিক মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। এতে ভারত, পাকিস্তান আর বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দল অংশ নিচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠেয় টি-ট টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের আগে এই ক্রিকেট টুর্নামেন্ট দিয়ে নতুন স্টেডিয়ামের অভিষেক হলো।
গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈকততীরের ৫১ একর জমিতে তৈরি করা শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রায় ২৫ কোটি টাকা খরচ করে এই স্টেডিয়াম তৈরি করে।
বিসিবির পরিচালক, ওমেন্স উইংয়ের চেয়ারম্যান এম এ আওয়াল জানান, ৪ মার্চ সকালে বাংলাদেশ ও পাকিস্তান জাতীয় মহিলা ক্রিকেট দলের মধ্যে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামের অভিষেক হয়।
আজ ৬ মার্চ সকাল নয়টায় বাংলাদেশ ও পাকিস্তান মহিলা দলের মধ্যে ওয়ানডে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৮ মার্চ থেকে শুরু হচ্ছে মহিলা ক্রিকেট দলগুলোর মধ্যে টি-টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের দুটি টি-টোয়ান্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১৪ মার্চ। এ ছাড়া ৯, ১১ ও ১৩ মার্চ ভারতের সঙ্গে তিনটি টি-টোয়ান্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিসিবি সূত্র জানায়, টুর্নামেন্টে অংশ নিতে ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়েরা কক্সবাজার পৌঁঁছছেন। তাঁরা ওঠেন সৈকততীরের তারকা হোটেল ওশান প্যারাডাইসে। খেলার পাশাপাশি খেলোয়াড়েরা বিশ্বের দীর্ঘতম সমুদসৈকতসহ দর্শনীয় স্থানগুলোয় ঘুরে বেড়িয়েছেন।