নারীনীতির বাস্তবায়ন চান নারীনেত্রীরা
মন্ত্রিসভার বৈঠকে গত ৮ মার্চ নারী উন্নয়ন নীতি ২০১১-এর খসড়া অনুমোদন করা হয়। নীতিতে উত্তরাধিকার সম্পদে নারী-পুরুষের সমবণ্টনের কথা না থাকলেও এ নিয়ে বিতর্কের শেষ নেই। বিষয়টি নিয়ে চট্টগ্রামের কয়েকজন নেতৃস্থানীয় নারীর মতামত তুলে ধরেছেন মেখ্যাইউ মারমাসংশ্লিষ্ট নারীরা বলেন, নারী উন্নয়ন নীতিমালায় ইসলামের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক কিছু দেখা যাচ্ছে না। তবুও কিছু সংগঠন এ নীতিমালার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে তা বাস্তবায়নে বাধা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তাঁরা চান, সব বাধা উপেক্ষা করে নীতিটি বাস্তবায়ন করা হোক। এ প্রসঙ্গে শহীদজায়া বেগম মুশতারী শফী বলেন, ‘এ নীতিমালায় অনেক ফাঁক রয়েছে ঠিক। কিন্তু যতটুকু পেয়েছি তার দ্রুত বাস্তবায়ন সরকারকে আইনের মাধ্যমে করতে হবে। মৌলবাদীদের সবচেয়ে বড় ভয় নারীদের। কারণ, নারীরা শিক্ষিত ও স্বাবলম্বী হলে তাঁদের দমিয়ে রাখা যাবে না। এ ভয়ে তারা বিভ্রান্তি ছড়াতে উঠে-পড়ে লেগেছে।’ তাঁর প্রশ্ন—‘নারী কেন সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবে?’আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, ‘আমরা একটি নারী উন্নয়ন নীতিমালা পেয়েছি এবং নীতিমালাটি বাস্তবায়নের লক্ষ্যে এর খসড়া অনুমোদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ ইতিবাচক উদ্যোগের জন্য সরকারকে সাধুবাদ জানানো দরকার।’ তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উত্তরাধিকার সম্পদে নারী-পুরুষের সমবণ্টনের কথা বলা হলেও নারী উন্নয়ন নীতিমালায় সমঅধিকারের কথা বলে মূল বিষয়টিকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। নীতিমালার কোনো ধারা বা অংশ ইসলামের নীতি-আদর্শের সঙ্গে সাংঘর্ষিক নয়। কাজেই এ নিয়ে হরতাল কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।’ নীতিমালায় নারীদের জন্য ইতিবাচক যে বৈশিষ্ট্য আছে সেটা যেন নারীর অধিকার আদায় এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে সে আশা ব্যক্ত করেন তিনি।মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য যুগ যুগ ধরে আন্দোলনের ফসল আজকের এই নারী উন্নয়ননীতি। কিন্তু ধর্মকে ব্যবহার করে নারীর অধিকার ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে মহলবিশেষ। অথচ আল্লাহর ঘর কাবা শরিফে পর্যন্ত কোনো বাধা-নিষেধ না রেখে নারী-পুরুষের জন্য সমান সুযোগ রাখা হয়েছে। এ নীতিমালা বাস্তবায়ন করা হলে এর সুবিধা পাবে আমাদেরই কোনো মা, বোন কিংবা মেয়ে। সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি নারীর রক্ষাকবচ হয়ে দাঁড়াবে একদিন। তাই এ নীতি বাস্তবায়নে দেশের সব নারী-পুরুষেরই ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করা উচিত।’ নারীর অধিকার আদায়ে এ নীতিমালা অবশ্যই ভূমিকা রাখবে বলে মনে করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্য রেহানা বেগম। তিনি বলেন, ‘নারীর অধিকার প্রতিষ্ঠিত হলে তাঁদের মর্যাদাও বাড়বে। নীতিমালায় উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের সমতার কথা সুস্পষ্ট করে বলা না হলেও রাষ্ট্র যে নারীর অধিকার নিয়ে একটা নীতিমালা অন্তত করেছে—সেটাই আশাসঞ্চার করে। এ নীতিমালার পক্ষে-বিপক্ষে বিতর্ক হচ্ছে বলেই নারীরা অধিকার বিষয়ে আরও সচেতন হচ্ছে।’