
নানা বয়সের নানা শ্রেণির নারীর যাপিত জীবন ধরা পড়েছে ক্যামেরায়। হাসি-আনন্দ কিংবা বিষাদের টুকরো টুকরো ছবি। ফ্রেমবন্দী করেছেন নারীরাই। ৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিস্তার আর্ট গ্যালারিতে শুরু হওয়া ‘নারীর বীক্ষণ আলোয়’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনীতে নারীর আয়নায় যেন নারীকেই দেখা গেল।
১১ দিনব্যাপী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন চট্টগ্রামের ১৮ জন নারী আলোকচিত্রী। তাঁদের ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে এতে। বিষয়-বৈচিত্র্য, ছবির আঙ্গিক সবদিক থেকেই আলোকচিত্রীরা নিজেদের সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। প্রদর্শনীর ছবিগুলোতে জীবনের নানা ক্ষেত্রে নারীকে নতুন করে আবিষ্কারের চেষ্টা করেছেন আলোকচিত্রীরা। নবীনদের আগ্রহ ছিল নিত্যনতুন জীবন অভিজ্ঞতার প্রতি। আর কয়েক দশক ধরে ক্যামেরার সঙ্গে সখ্য যাদের তাঁরা নারীর শাশ্বত রূপকেই যেন বেশি খুঁজেছেন। বিষয়–বৈচিত্র্য ও মানের দিক থেকে প্রদর্শনীর ছবি নিয়ে কোনো প্রশ্ন নাথাকলেও অনেক দর্শকের পক্ষেই পরিপূর্ণ রস গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে আয়োজনে ত্রুটি।
ছোট্ট একটি প্রদর্শনী কক্ষে প্রায় গায়ে গা লাগিয়ে ঝোলানো হয়েছে আলোকচিত্রগুলো। ছবির ফ্রেমিংও এক রকম নয়। সবচেয়ে বড় কথা একটি ছবির চারপাশে যতটুকু জায়গা রাখলে দর্শক চোখের শান্তি নিয়ে দেখতে পারে, ততটুকু জায়গা রাখা হয়নি। তবু ছবির ভেতরকার বিষয়-আশয় দর্শককে সে কথা ভুলিয়েও দিয়েছে।
রমা চৌধুরীসহ বেশ কয়েকজন নারী মুক্তিযোদ্ধার পোর্ট্রেট ছবি তুলেছেন রাজিয়া সুলতানা। তাঁদের মুখের অভিব্যক্তি দর্শককে আমূল নাড়া দেয়। শিল্পী শিউ মতিনের একটি ছবিও মনে দাগ কেটেছে দর্শকদের। সলিডারিটি বা সহমর্মিতা নামের আলোকচিত্রে দেখা গেছে রিকশাভ্যানের নারী যাত্রী ও চালকের দৃষ্টি বিনিময়ের বিশেষ মুহূর্ত।
পরাগ মুৎসুদ্দীর তোলা ছবির নাম, ‘লেট মি ফ্লাই’ অর্থাৎ আমাকে উড়তে দাও। তারুণ্যের উদ্ভাস আছে এই ছবিতে। ভেসে থাকা পালককে ছবির কেন্দ্রে রেখেছেন তিনি। তাতে আলোকচিত্রীর সুপ্ত বাসনারও প্রতিকৃতি যেন পেল দর্শক। এ ছাড়া ভালো লেগেছে আসমা বীথি, আফ্রিদা মারুফ, অন্তরা দাশ, লামিয়া ইসলাম, মার্লিন বিশ্বাস, এসবি টুপশি, সানজিদা আরেফিন, শাহরিয়ার ফারজানা, সুপর্ণা বড়ুয়ার ছবি।
প্রদর্শনীর গ্রন্থনায় ছিলেন বিস্তারের পরিচালক আলম খোরশেদ। ১৯ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী।