যুক্তরাষ্ট্রে পুরুষের তুলনায় নারীরা বেশি উদ্বেগ-উৎকণ্ঠায় আক্রান্ত হন। দেশটির একদল গবেষক সম্প্রতি এ তথ্য জানিয়েছেন। দেশটির রোগনিয়ন্ত্রণ ও নিরোধকেন্দ্রের উদ্যোগে ২০১০ ও ২০১১ সালে পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ নারী প্রতিদিন বা প্রতি সপ্তাহে ভয় পান, বিচলিত হন বা দুশ্চিন্তায় ভোগেন। পুরুষের ক্ষেত্রে এই হার ১৬ শতাংশ। জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের দুশ্চিন্তা বা ভয়ে আক্রান্ত হওয়ার সময় সম্পর্কে প্রশ্ন করা হয়। জবাবে ১৮ থেকে ৪৪ বছর বয়সী ১৭ শতাংশ এবং ৪৫ থেকে ৬৪ বছর বয়সী ১৮ শতাংশ ব্যক্তি প্রতিদিন বা প্রতি সপ্তাহে ভীতি, উদ্বেগ বা দুশ্চিন্তায় আক্রান্ত হওয়ার কথা জানান। ১৮ থেকে ৬৪ বছর বয়সী নারীদের ক্ষেত্রে এই হার ২৩ শতাংশ। অন্তত ৭৫ বছর বয়সী পুরুষদের ১১ শতাংশ ও একই বয়সী নারীদের ১৬ শতাংশের মধ্যে উদ্বেগে আক্রান্ত হওয়ার প্রবণতা রয়েছে। লাইভসায়েন্স।