নারীর জায়গা সেখানেই যেখানে সে পৌঁছাতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি’—এটা যেন এখন তাঁর পার্শ্বপরিচয়! নারীশিক্ষা, স্বাস্থ্য, অধিকার নিয়ে কাজের মাধ্যমে মিশেল ওবামা নিজের একটা অন্য অবস্থান তৈরি করেছেন। গত মাসে ফরচুন ম্যাগাজিনের নির্বাচিত সেরা ৫০ ক্ষমতাধর নারী সম্মেলনে বক্তব্য রেখেছেন তিনি।
মিশেল ওবামা, ছবি: রেডবুক
মিশেল ওবামা, ছবি: রেডবুক

শুভ সন্ধ্যা। আমার খুব সৌভাগ্য, আজকের সন্ধ্যাটা আপনাদের সঙ্গে কাটাতে পারছি।
শুধু ‘ফরচুনস ফিফটি মোস্ট পাওয়ারফুল উইমেন’কেই নয়, আমি ধন্যবাদ জানাতে চাই সব মেধাবী, ক্ষমতাবান ও সফল নারীকে। আর হ্যাঁ, আজকের অনুষ্ঠানে উপস্থিত অল্পসংখ্যক সাহসী পুরুষকেও! (হাসি)
উপস্থিত নারীরা, আপনারা এমন কিছু প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন, যেগুলো মানুষের জীবন বদলে দিচ্ছে। সকল বাধা অতিক্রম করে আপনারা প্রমাণ করেছেন, নারীর জায়গা সেখানেই, যেখানে সে পৌঁছাতে চায়।
নারী যদি সঠিক শিক্ষা পায়, উঁচু গলায় নিজের অবস্থান জানাতে পারে; তারা শুধু নিজের জীবনই নয়, পুরো জাতিকে বদলে দিতে পারে। পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। আপনারা এর জলজ্যান্ত প্রমাণ। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, এমনকি আজও যুক্তরাষ্ট্রে অনেক নারী এই অধিকার থেকে বঞ্চিত। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতেও একই অবস্থা। সারা বিশ্বে প্রায় ৬ কোটি ২০ লাখ মেয়ে স্কুলে যায় না। তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় না। না পড়া, না লেখা, না অঙ্ক করতে পারা...কিছুই না।
বিশ্বব্যাপী শিক্ষার কথা যদি বলি, মেয়েদের মাধ্যমিক স্কুলে পৌঁছে দিতে আমরা অনেকটাই সফল। কিন্তু যখনই উচ্চমাধ্যমিকের কথা বলি...হ্যাঁ, এ ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বিশ্বাস করুন আর নাই করুন, বিশ্বের কিছু কিছু দেশে শতকরা ১০ ভাগেরও কমসংখ্যক মেয়ে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোতে পারে।
অনেক মেয়ের জন্য দারিদ্র্য একটা বড় বাধা। পরিবার স্কুলের বেতন দিতে পারে না। নয়তো সবচেয়ে কাছের স্কুলটাও এত দূরে যে সেখানে যাওয়ার কোনো উপায় তার নেই। কিংবা হয়তো কাছেই স্কুল আছে, কিন্তু সেখানে পর্যাপ্ত বাথরুম নেই।
তবে অনেক ক্ষেত্রে সমস্যাটা দারিদ্র্য নয়, সমস্যা তাদের মনোভাবে। বয়ঃসন্ধিকালেই একটা মেয়েকে বিশ্বাস করানো হয়, তোমার ওপর সমাজের একটা চাপ রয়েছে। তোমাকে যত দ্রুত সম্ভব বিয়ে করতে হবে, মা হতে হবে, বাড়ির কাজ করতে হবে...।
এখন এক মুহূর্তের জন্য এই মেয়েটার জায়গায় নিজেকে ভাবুন। ভেবে দেখুন, ১২-১৩ বছর বয়সেই যদি আপনাকে বলা হতো, তোমার স্বপ্নগুলো এখানেই শেষ—আজকে আপনি কোথায় থাকতেন? আমার খুব সৌভাগ্য, বিশ্বের বিভিন্ন দেশের মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ আমার হয়েছে। সেনেগালে কিছু মেয়ের সঙ্গে দেখা হয়েছে, যাদের স্কুলগুলো জীর্ণশীর্ণ, দেয়ালে মলিন পোস্টার, কিন্তু তাদের শেখার আগ্রহ অসামান্য। তারা অনেক দূর পৌঁছাতে চায়। এমনকি একটা মেয়ে আমাকে একটা কবিতা লিখে দিয়েছিল। সে লিখেছে, ‘আমার একটা স্বপ্ন আছে। আমাদের শহরের মার্টিন লুথার কিং গার্লস স্কুল একদিন হার্ভার্ড কিংবা প্রিন্সটন ইউনিভার্সিটির মতো বিখ্যাত হবে।’

এ রকম মেয়েরা পৃথিবীর আনাচকানাচে বিভিন্ন শহরে ছড়িয়ে আছে। আমি তাদের মধ্যে আমাকে দেখতে পাই। আমার মেয়েকে দেখতে পাই। এবং আমি তাদের এড়িয়ে যেতে পারি না। এই সংকট থেকে উদ্ধার পেতে আমি আপনাদের সবার সাহায্য চাই।
এই ৬ কোটি ২০ লাখ মেয়ে, তাদের কথা শোনার কেউ নেই। তাদের মেধা আছে, অনেক কিছু বলার আছে, কিন্তু সমাজে তাদের কোনো অবস্থান নেই। এটা যে প্রতিভার কত বড় অপচয়, আমরা সবাই জানি। তাই আমাদের উচিত এই মেয়েদের জন্য কথা বলা। আমাদের উচিত সেই কাজটা করা, যেটা আমাদের জন্য অনেক নারী করে গেছেন। যাঁদের জন্য আমরা স্কুলের করিডরে হেঁটেছি, ক্ষমতা পেয়েছি, বিলাসবহুল জীবন পেয়েছি।
একটা মেয়ের গল্প বলে শেষ করব। কলম্বিয়ার এক স্কুলে তার সঙ্গে আমার দেখা হয়েছিল। মেয়েটা প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে উঠে রান্না করে, ফসলে পানি দেয়, গরুকে খাবার দেয়, তারপর সাইকেল চালিয়ে স্কুলে যায়। মন দিয়ে পড়ে, কারণ তার স্বপ্ন সে অঙ্কের শিক্ষক হবে। এই মেয়েটা আমার সামনে, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলেছিল, ‘আমার খুব খারাপ একটা সময় যাচ্ছে। আমি জানি, এই দুরবস্থা থেকে আমাকে উদ্ধার পেতে হবে। কিন্তু এত সমস্যাকেও আমি কখনো বাধা হিসেবে দেখিনি। কখনো ভেঙে পড়িনি। কখনো নিজের ওপর বিশ্বাস হারাইনি।’
এই মেয়েরা যদি নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে পারে, আমরা অন্তত নিজেদের অবস্থান থেকে তাদের স্বপ্নটা বোঝার চেষ্টা করতে পারি।
তথ্যসূত্র: ফরচুন ম্যাগাজিন
ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: মো. সাইফুল্লাহ