নারীর জীবনের একান্ত অনুভবগুলো ধরতে চেয়েছি: আনোয়ারা আলম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈলী প্রকাশন এবারের একুশে বইমেলায় লেখিকা আনোয়ারা আলমের একটি প্রবন্ধের বই বের করেছে। ‘মৌনব্রত ও নারী’, ‘আত্মহত্যা ও নারী’, ‘নারী ও রাজনীতি-সমস্যা ও সম্ভাবনা’, ‘লিভ টুগেদার বনাম পারিবারিক বন্ধন’—এ রকম নারীবিষয়ক ১১টি প্রবন্ধ নিয়ে সংকলিত এই বইটির নাম নারীর জীবন এবং ইত্যাদি। বইটি নিয়ে লেখকের সঙ্গে কথা বলেছেন ওমর কায়সার আপনার প্রবন্ধগুলোর শিরোনাম সম্পর্কে কিছু বলুন। আনোয়ারা আলম: নারীর জীবনের একান্ত অনুভব, আনন্দ-বেদনা, সুখ-দুঃখের কথা প্রবন্ধগুলোতে তুলে ধরতে চেয়েছি। এই একুশ শতকে এসেও নারীর অনেক অর্জনের বিপরীতে কেন এত শোষণ ও বঞ্চনা। ব্যক্তি নারীর অব্যক্ত অবরুদ্ধ কষ্টের বিষয় এবং এগুলো থেকে বেরিয়ে নারী যেন একক সত্তা বা মানুষ হিসেবে আত্মবিশ্বাস ও মর্যাদায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এ প্রত্যাশাও আছে বইটিতে। কোন শ্রেণীর পাঠকের জন্য এই বইটি লিখেছেন? আনোয়ারা আলম: আমার কোনো সুনির্দিষ্ট পাঠক-শ্রেণী নেই। তবে আমি চাই, বইটি তরুণ পাঠকেরা পড়ুক। কারণ, নারীর প্রতি তরুণদের দৃষ্টিভঙ্গি কখনো আমাকে হতাশ করে, আবার কখনো আশায় বুক বাঁধি। কারও কারও ইতিবাচক আচরণ সমাজে বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত বয়ে আনে। আবার কারও মাঝে দেখি কখনো অতীতের ধ্যান-ধারণা। মেয়েরাও কেউ কেউ আত্মপ্রত্যয়ী, কেউ কেউ নিজের ব্যাপারে একেবারেই অসচেতন। আমার এ বই যদি কারও উপলব্ধির সরোবরে এতটুকুও ঢেউ তোলে, তা হলে নিজেকে সার্থক মনে হবে।এই একুশ শতকে এখনো হেনাদের মৃত্যু হয়। এ রকম একটি সমাজে পাঠকের চিন্তাধারায় পরিবর্তন আনার ক্ষেত্রে কোন বিষয়টি জরুরি?আনোয়ারা আলম: বিষয়টি বড্ড জটিল। ফতোয়ার কারণে হেনার মতো আরও অনেক অসহায় মেয়ের মৃত্যুবরণের ঘটনা অতীতে আরও ঘটেছে। বিশেষত গ্রামগঞ্জে সুশীল সমাজ এবং নারী সংগঠনগুলো সোচ্চার হয়েছে। এর পরও কেন হচ্ছে? এ ক্ষেত্রে রাষ্ট্রীয় পর্যায়ে কঠিন আইনের প্রয়োগ বেশি জরুরি। আর চিন্তাচেতনায় পরিবর্তন আনাটা এত সহজ নয়। কারণ, আমাদের সমাজে শিশুরা পুরুষতান্ত্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়। এর প্রভাব পরিবার ছাড়িয়ে সর্বোচ্চ প্রতিষ্ঠান রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত এবং খুব গভীরে প্রোথিত।তবে প্রতিটি শিশুকে বইমুখী করতে হবে পরিবার থেকেই। মননশীল বই পড়ার মাধ্যমে তার নৈতিক মূল্যবোধগুলো জাগবে। পরবর্তীকালে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মমনোবিকাশে আদর্শ শিক্ষকের বেশি প্রয়োজন। সুশিক্ষাই পারে পাঠকের চিন্তাচেতনায় ইতিবাচক পরিবর্তন ঘটাতে।