ডায়াবেটিস রোগটির কোনো জেন্ডার পছন্দ নেই। মানে এটা নারী-পুরুষ যে কাউকে সমানভাবে আক্রমণ করতে পারে। কিন্তু আর সব রোগের মতোই, নারীদের জন্য এ রোগও একটু বেশি বিপজ্জনক, একটু বেশি সমস্যাবহুল, একটু বেশি কণ্টকাকীর্ণ হয়ে ওঠে আমাদের দেশে। তার জন্য নারীর শরীর, শারীরিক গঠন, বিপাকক্রিয়া, গর্ভাবস্থা ও হরমোনের ওঠানামা যেমন দায়ী, তেমনি দায়ী নারীর আর্থসামাজিক অবস্থানও। দীর্ঘদিন ডায়াবেটিস রোগীদের সাহচর্য ও সঙ্গ কতগুলো অদ্ভুত বিষয় নিয়ে ভাবতে বাধ্য করেছে আমাকে।
যেমন: বেশির ভাগ নারীই নিজের রক্তের শর্করা ও অন্যান্য রিপোর্ট, ওষুধ বা ইনসুলিনের মাত্রা ইত্যাদি নিয়ে সচেতন নন, এমনকি অনেক সময় ওয়াকিবহালও নন। সকাল-বিকেল কত ইউনিট ইনসুলিন নেন? এ প্রশ্নের জবাবে অনেক নারীই অসহায়ের মতো স্বামী বা সঙ্গের পুরুষটির দিকে তাকান। উত্তরটা যে তিনিই জানেন! যদি প্রশ্ন করি—স্বামী কাজে বাইরে গেলে বা ফিরতে দেরি হলে ইনসুলিন কে দেয়? জবাবে মুখ নিচু করে অনেকেই বলেন, বাদ পড়ে যায়! অথচ সময়মতো বা মাত্রা বুঝে ওষুধ খাওয়া বা ইনসুলিন নেওয়া খুবই সাধারণ একটি কাজ। টাইপ-১ ডায়াবেটিসের শিশুরাও শিখে নিয়ে এটা চমৎকারভাবে সামাল দিতে পারে। অন্যের মুখাপেক্ষী হয়ে থাকার কারণে এই নারীদের চিকিৎসায় কাঙ্ক্ষিত ফল কখনোই পাওয়া যায় না।
হাসপাতালের বহির্বিভাগে দেখা নারী রোগীদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণটি হয়তো অর্থনৈতিক। ইনসুলিন নেননি কেন? দেড় মাস ধরে চিকিৎসা বন্ধ, বিষয়টা কী? যে তারিখে ফলোআপে আসার কথা তা কবে পেরিয়ে গেছে! জবাব একটাই, স্বামী কিনে দেয়নি। ওষুধ শেষ হয়ে গেলে উল্টো গালমন্দ করেছে। ফলোআপে আসার কথা বললে উপহাস করেছে, দুই দিন পর পর ডাক্তার লাগে কেন? পরিবারের নারীটির পেছনে ওষুধ, চিকিৎসার এত এত খরচ নিয়ে স্বামী, ভাই, শ্বশুরবাড়ির লোক, এমনকি কখনো সন্তান—সবাই তাকে দায়ী করেছে! অথচ নারীটি পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যদের সামান্য জ্বর-সর্দি হলেও এই নারীই হয়তো প্রাণপণ সেবা দিয়ে ছোটাছুটি করে তাকে সারিয়ে তোলেন। অথচ তার রোগ অন্যদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম বর্তমানে আশঙ্কাজনক হারে ও অবিশ্বাস্য মাত্রায় বেড়ে চলেছে। এই বৃদ্ধির হার দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। ওজনাধিক্য, পরিবারে ডায়াবেটিসের ইতিহাস, কায়িক শ্রমের অভাব, মন্দ খাদ্যাভ্যাস ইত্যাদি বাড়িয়ে দেয় এই ঝুঁকি। গর্ভকালে রক্তে শর্করার সামান্যতম এদিক-ওদিক মা ও শিশুকে মারাত্মক ঝুঁকির মাঝে ফেলে দেয়। তাই গর্ভকালীন ডায়াবেটিসের চিকিৎসা যেমন জরুরি, তেমনি হওয়া চাই নিশ্ছিদ্র। অন্তঃসত্ত্বা মা ও তাঁর পরিবারের সচেতনতা ও সর্বাঙ্গীণ সহযোগিতা ছাড়া এটা সম্ভব নয়। অথচ অনাগত শিশুটির ভালো-মন্দের দায়ভার যেন নারীটির একার। অন্তঃসত্ত্বা হওয়ার পর ডায়াবেটিস হয়েছে জেনে স্বামী ছেড়ে চলে গেছেন এমন মর্মান্তিক উদাহরণও দেখেছি। ছেড়ে না গেলেও এ সময় ক্যালরি ও সময় মেপে খাওয়া, হালকা ব্যায়াম, দিনে তিন বা চারবার ইনসুলিন নেওয়া, সপ্তাহে বেশ কয়েকবার নিজের সুগার নিজে মাপা, যথাসময়ে চিকিৎসকের পরামর্শের জন্য যাওয়া—হবু মায়ের ওপর এসব বাড়তি চাপ সামলানোয় স্বামী বা শ্বশুরবাড়ির লোকদের সব সময় সহযোগিতা-সহমর্মিতা পাওয়া যায় না।
ডায়াবেটিসের চিকিৎসায় শৃঙ্খলা ও নিয়ম-কানুন হলো মূলমন্ত্র। আর এ দেশে সবচেয়ে বিশৃঙ্খল জীবনযাপন বোধ করি নারীদেরই। তাদের খাওয়া-দাওয়ার কোনো সময় নেই, ব্যায়াম বা হাঁটাচলার কোনো সময় নেই, খাদ্যাভ্যাসের কোনো নিয়মকানুন নেই। কেউ স্বামী-সন্তানের জন্য অপেক্ষা করতে করতে রক্তে শর্করা কমিয়ে ফেলেন। কেউ খাবার ফেলে দেবেন না বলে অতিরিক্ত খেয়ে শর্করা বাড়িয়ে ফেলেন। হাঁটেন না কেন—এ প্রশ্নের উত্তরে কেউ বলেন, সময় কোথায়, সারা দিন তো সংসারের কাজ করি! কেউ আবার বলেন, হাঁটার জায়গা নেই আর রাস্তা নিরাপদ নয়।
বছরের পর বছর এসব শুনেও আমরা হতাশ হই না—যখন শিশুকাল থেকে ডায়াবেটিসে আক্রান্ত তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে সর্বোচ্চ নম্বর পেয়ে পাস করে ঝলমলে হাসি নিয়ে জানাতে আসে; যখন টাইপ-১ ডায়াবেটিক কিশোরী মেয়েটির আঁকা ছবি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়; যখন স্বামী চলে যাওয়ার পরও গর্ভকালীন ডায়াবেটিসের সঙ্গে যুদ্ধ করতে থাকা তরুণী মায়ের কোলে সুস্থ শিশুর কান্না সব ওয়ার্ডকে হাসিয়ে তোলে; যখন প্রাণঘাতী ডায়াবেটিক কোমা থেকে আবার চোখ মেলে তাকায় সেই মেয়েটি যাকে বিয়ে দেওয়া হয়েছিল ডায়াবেটিসের কথা গোপন করে, আর নতুন শ্বশুরবাড়িতে ইনসুলিন না নেওয়ায় সে অজ্ঞান হয়ে পড়েছিল।
ডায়াবেটিস এখন আর কোনো ভয়ংকর রোগ নয়। সুশৃঙ্খল জীবনযাপন, সঠিক জীবনাচরণ, সঠিক চিকিৎসা ও নিয়মিত চেকআপ আপনাকে আর দশজন মানুষের মতোই সুস্থ ও আনন্দময় জীবনযাপনের সুযোগ দেবে। নারীদেরই বেছে নিতে হবে তিনি কোনটি চান। প্রতিবছরের মতো এবারও ১৪ নভেম্বর সাড়ম্বরে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য—ডায়াবেটিসের দিকে নজর দিন। তাই বলছি, নিজেকে নিয়ে সচেতন হোন, নিজের যত্ন নিতে শিখুন। কেবল পরিবারকে নিয়ে আপনি ভাববেন না, পরিবারকে ও আপনাকে নিয়ে ভাবতে হবে। যত যা-ই হোক, নিজের খাবার ও ব্যায়ামের সময়সূচিকে অবহেলা করবেন না। চিকিৎসা আপনার অধিকার, আপনার চিকিৎসাকে ফালতু খরচ বলে হেলা করতে দেবেন না কখনোই। সুস্থ থাকুন। ভালো থাকুন সব সময়।
লেখক: চিকিৎসক