নারীর নিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশবে বাবা ও পরিবারের সদস্যদের হাতে এবং বিয়ের পর স্বামীর দ্বারা নির্যাতিত হওয়াই যেন নারীর নিয়তি! নাটক লেখার অপরাধে ডানপন্থী সন্ত্রাসীদের হামলায় নিহত ভারতীয় নাট্যকার সফদার হাশমি নারীর জীবনের এই ট্র্যাজিক পরিণতি নিয়ে লিখেছিলেন নাটক আওরাত।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নবীনবরণ অনুষ্ঠানে গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে হয়ে গেল এই নাটকের মঞ্চায়ন। অভিনয় করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নাটকটি বাংলায় রূপান্তর করেছেন নৃপেন্দ্র সাহা, আর নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মামুনুল হক।
হিন্দিতে নারী শব্দটির ১৩টির মতো প্রতিশব্দ আছে। স্ত্রী, মহিলা, নারী—এসব ভদ্র-জনোচিত অভিধা রেখে হাশমি বেছে নেন আওরাত শব্দিট। আগের শব্দগুলোর তুলনায় এই শব্দের মহিমা কম বলেই কী? এ প্রশ্নের জবাব না দিয়েই বলা যায় বিপ্লবী নাট্যকার সফদার হাশমি নারীর নিষ্করুণ বাস্তবতার ছবিই এঁকেছেন। যে ছবি কেবল ভারতের নারীদের উপস্থাপন করে না, বরং এই উপমহাদেশের সব দেশের নারীকে প্রতিনিধিত্ব করে।
তিন নারীর গল্প নিয়ে এগোয় নাটকের কাহিনি। এদের একজন মুন্নি, যার বাবা দরিদ্র কারখানা শ্রমিক। সংসারে টানাটানি। তাই বাবা মুন্নিকে না পড়িয়ে তার ভাইকে পড়ানোর সিদ্ধান্ত নেন। বাবার চাকরি চলে গেলে অল্প বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হয় মুন্নিকে। ছোট্ট মুন্নির মধ্যে তখন সবে প্রতিবাদী সত্তা জন্ম নিচ্ছিল। বাবার চাকরি হারানোর ক্ষোভ দগ্ধ করছিল তাকে। কিন্তু কিসের কী! বিয়ের পর মাতাল স্বামীর মারধর খাওয়াই তার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়। একসময় সব সয়ে সংসারের বোঝাই টানতে থাকে সে। শেষ বয়সে গিয়ে মুন্নি আবিষ্কার করে সন্তানদের কাছেও সে নিছকই আওরাত। মা, স্ত্রী বা স্বাধীন মানুষ হিসেবে সমাজে মুন্নির কোনো মূল্যই তৈরি হয় না শেষ পর্যন্ত।
মুন্নির চেয়ে আলাদা সাঁঝবাতি। অন্য রকম তার কাহিনি। পরিবারকে বুঝিয়ে কলেজ পর্যন্ত যেতে পারে সে। কিন্তু খুব কি আলাদা সে? সঁাঝবাতিও যে একসময় নিভে যায়। শিক্ষা-দীক্ষা কিছুই বাঁচাতে পারে না। আসলে সাঁঝবাতিও নিছকই আওরাত। বেকারত্বের বিরুদ্ধে আন্দোলনে নামার খেসারত দিতে হয় জেলখানায় গিয়ে। আর জেলখানা থেকে ফিরে পরিবারের কাছে নষ্ট মেয়ের অভিধা পায় সে।
নারীর কি তবে আওরাত হওয়াই নিয়তি? তা কেন হবে। সাফদার হাশমি দর্শককে এমন অন্ধকারে ছুড়ে ফেলেন না। নাটকে তিনি হাজির করেন তৃতীয় এক নারীকে। যে সব অভিধা ত্যাগ করে শ্রমিক হয়ে ওঠে। মেহনতি নারীর হাতেই ওঠে মুক্তির ঝান্ডা। অসম জঙ্গে অর্থাৎ লড়াইয়ে জিততেই হবে। তেমন স্পৃহা নিয়েই দাঁড়ায় সে শেষ পর্যন্ত।
নাটকে তৃষ্ণা, ঊর্মি, মুমু ও সায়মার অভিনয় ছিল অনবদ্য। মাতাল স্বামী ও বৃদ্ধ বাবার চরিত্রে মনকাড়া অভিনয় করেছেন দিপু। তাঁদের পাশাপাশি নাটকে অভিনয় করেছেন সায়েম, বিজয়, উৎসব ও শাওন।