নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। ফেনী ও সোনাগাজীতে অনুষ্ঠিত পৃথক দুটি আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এই দুটি সভার আয়োজন করে।
সভায় বক্তারা জানান, মহিলা ও শিশু–বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইউএনডিপি ও রিপাবলিক অব কোরিয়ার অর্থায়নে নারী নির্যাতন প্রতিরোধে দেশজুড়ে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আর দেশের সাতটি জেলার ৪৩১টি ইউনিয়নের এসব প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক।
৮ নভেম্বর সকালে ফেনীর মহিপালে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মহিলা–বিষয়ক কর্মকর্তা তানজিলা বেগম।
সভায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক তারা সাংমা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সোনাগাজী: এর আগে ৪ নভেম্বর ফেনীর সোনাগাজী উপজেলায় একই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল-মোমিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক আবু সুফিয়ান।