নারীর প্রতি সহিংসতা বন্ধে নগর পুলিশ বিশেষ সেবা (ওয়ান স্টপ সার্ভিস) চালু করেছে। এ ব্যবস্থায় নগর পুলিশের দুজন উপকমিশনার (ডিসি) এবং চারজন সহকারী কমিশনার (এসি) নিজেদের মুঠোফোনে ভুক্তভোগী নারীদের কাছ থেকে সরাসরি অভিযোগ গ্রহণ করবেন। তাঁরা অভিযোগের গুরুত্ব অনুসারে তাঁদের আইনগত পরামর্শ দেবেন এবং প্রয়োজন হলে থানায় মামলা দায়েরের ব্যবস্থা করবেন। আগামী সপ্তাহ থেকে এ সেবাব্যবস্থা পুরোদমে চালু হবে বলে পুলিশ জানিয়েছে।আশা করা হচ্ছে, এ সেবার মাধ্যমে পোশাকশিল্পের নারীকর্মীরা কর্মস্থলে আসা-যাওয়ার পথে বখাটে যুবকদের ছুড়ে দেওয়া অশালীন কথাবার্তার কারণে যে অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়েন, তা বন্ধ হবে। অভিযোগ আছে, নারীকর্মীরা মাস শেষে বেতন নিয়ে কর্মস্থল থেকে ঘরে ফেরার পথে ব্যাগ নিয়ে টানাটানি করে সন্ত্রাসীরা। অনেক সময় তাঁদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।এ ছাড়া গৃহবধূরা ঘরে অশান্তির শিকার হলেও অনেক সময় মানসিক সহায়তা নেওয়ার মতো বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কাউকে খুঁজে পান না। নানাভাবে মানসিক নির্যাতনের শিকার বিদ্যালয় ও কলেজের ছাত্রীরাও অভিযোগ দেওয়ার মতো একটি গোপনীয় জায়গা খোঁজেন। এসব বিবেচনা থেকে পুলিশের এ বিশেষ সেবা চালু হয় বলে জানা গেছে।এ প্রসঙ্গে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমাজে নারীরা নানাভাবে নির্যাতনের শিকার। আমাদের নতুন সেবাব্যবস্থার মূলে থাকবে এ নির্যাতিতদের আইনি ও পুলিশি সহায়তা দেওয়া।’ তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে এ সেবা পুরোপুরি চালু হবে। এতে চট্টগ্রামের তৈরি পোশাকশিল্পে কর্মরত অন্তত তিন লাখ নারীকর্মী সরাসরি উপকৃত হবেন। জানা গেছে, ঘটনার শিকার নারীরা সরাসরি নগর পুলিশের দুই উপকমিশনার (উত্তর ও বন্দর) আমেনা বেগম ও কুসুম দেওয়ানের সরকারি মুঠোফোনে (নম্বর-০১৭১৩৩৭৩২৫৩ ও ০১৭১৩৩৭৩২৬৪) তাঁদের অভিযোগ জানাতে পারবেন। একইভাবে ফোন করা যাবে সহকারী কমিশনার কেতোয়ালি মো. মঞ্জুর মোরশেদ (০১৭১৩৩৭৩২৫৪), সহকারী কমিশনার পাঁচলাইশ আবদুল মান্নান (০১৭১৩৩৭৩২৫৫), সহকারী কমিশনার ডবলমুরিং এস এম তানভীর আরাফাত (০১৭১৩৩৭৩২৬৬) এবং সহকারী কমিশনার বন্দর এমরান হোসেন ভূঁইয়ার (০১৭১৩৩৭৩২৬৫) সরকারি মোবাইল ফোনে।নতুন ব্যবস্থা চালুর অংশ হিসেবে ইতিমধ্যে উপকমিশনারের নেতৃত্বে নিজ নিজ থানা এলাকার পুলিশ দল বিভিন্ন শিল্প-কারখানা পরিদর্শন করে নারীকর্মীদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন। নারীদের কাছে পুলিশের উপকমিশনার ও সহকারী কমিশনারদের মুঠোফোন নম্বরের তালিকা সরবরাহ শুরু হয়েছে বলে জানা গেছে।