নারীরা কেন জঙ্গিবাদে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পরিবারসহ নারীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা গেছে গত বছর। ছবি: প্রথম আলো
পরিবারসহ নারীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রবণতা দেখা গেছে গত বছর। ছবি: প্রথম আলো

গত বছর বাংলাদেশে হলি আর্টিজান, শোলাকিয়াসহ বেশ কয়েকটি স্থানে উগ্র জঙ্গিবাদীদের হামলার ঘটনা ঘটে। বছর শেষে নারীদের শিশু ও পরিবারসহ জঙ্গিবাদে জড়িয়ে পড়ার একটা প্রবণতাও দেখা গেছে। রাজধানীর আশকোনায় আত্মঘাতী হামলার ঘটনাও ঘটে। যদিও জঙ্গিবাদে নারী-পুরুষ বলে কিছু নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে নারীর এই জঙ্গি তৎপরতায় যুক্ত হওয়ার প্রবণতার পেছনের কারণ কী?
সম্প্রতি ঢাকার আশকোনায় জঙ্গিবাদী ঘটনায় এক নারী আত্মঘাতী হয়েছেন। জঙ্গিবাদের সঙ্গে নারীদের যুক্ত হওয়া খুব একটা নতুন ঘটনা নয়। আশকোনার ঘটনার পর বিষয়টি আবার সামনে ​এসেছে। কেন নারীরা সন্তানসহ যুক্ত হচ্ছেন জঙ্গিবাদের মতো ভয়ঙ্কর অপরাধমূলক তৎ​পরতায়।
নারীরা মূলত নিকটাত্মীয়দের মাধ্যমেই জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত হচ্ছেন। এর মধ্যে স্বামীর দ্বারা উদ্বুদ্ধ হওয়ার উদহারণ বেশি পাওয়া যায়। বাবা-ভাইয়ের মাধ্যমেও যুক্ত হচ্ছেন কেউ কেউ। জঙ্গিরা নিজেদের মেয়ে, বোন বা শ্যালিকাকে সংগঠনের আরেক জঙ্গির সঙ্গে বিয়ে দিচ্ছে। নারীদের জঙ্গি নেটওয়ার্কে জড়ানোর এটাও একটা প্রক্রিয়া, যা অনেক আগে থেকেই চলে আসছে। নারীদের এ পথে যুক্ত করার প্রক্রিয়া শুরু করে মূলত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ১৯৯৮ সালে জন্ম নেওয়া এই সংগঠনের নেতারা শুরু থেকেই বিয়ের মাধ্যমে নিজেদের মধ্যে আত্মীয়তা গড়ে তোলা এবং স্ত্রীদের সঙ্গে নিয়ে জঙ্গি কার্যক্রমে জড়ান। অতীতে এমনও দেখা গেছে যে স্বামী, বাবা বা ভাই জঙ্গি কার্যক্রমে যুক্ত হয়েছেন, কিন্তু পরিবার বাড়িতে স্বাভাবিক জীবন যাপন করেছে।

কিন্তু গুলশানে হামলার পর নারীদের অংশগ্রহণ নতুন আঙ্গিকে দেখা যাচ্ছে। পুরো পরিবার মিলে একটি জঙ্গি ইউনিট গড়ে তুলছে। ঢাকার আশকোনায় একজন নারী আত্মঘাতী হয়েছেন। যদিও ওই আত্মঘাতী নারীসহ সাম্প্রতিক সময়ে বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে আটক নারীরা সবাই স্বামীর দ্বারা উদ্বুদ্ধ হয়ে ওই পথে গেছেন বলে জানা গেছে। জঙ্গি নেতাদের জবানবন্দি বা সাংগঠনিক কাগজপত্র থেকে জানা যায়, এখন পর্যন্ত দেশে সক্রিয়  জঙ্গিগোষ্ঠীগুলোর আলাদা কোনো নারী ইউনিট বা নারী আত্মঘাতী দল নেই। নারীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও নেই। নারী জঙ্গিরা মূলত সহযোগীর ভূমিকায় থাকেন। স্ত্রী-সন্তানসহ যাতায়াত করা, ঘর ভাড়া পাওয়াসহ সব ক্ষেত্রেই জঙ্গিদের জন্য সুবিধাজনক হয়।

এর বাইরে নিজে থেকে বা পরিবারের অজান্তে অন্যের দ্বারা নারীরা জঙ্গি মতাদর্শে যুক্ত হয়েছেন, এমন উদহারণ আছে। তবে তা খুবই নগণ্য। এভাবে উদ্বুদ্ধ হওয়া কয়েকজন তরুণী ঢাকা থেকে সিরিয়ায় যাওয়ার চেষ্টা করেছিলেন বলে খবর পাওয়া গেছে। কেউ কেউ আটকও হয়েছেন।