নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ
নারী–পুরুষের সমতা (জেন্ডার ইক্যুইটি) প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে আছে বাংলাদেশ। আর বিশ্বের ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭২তম।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০১৬ সালের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেক্সে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে।
এই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের অবস্থান নিচের দিক থেকে দ্বিতীয়। প্রতিবেশী ভারতের অবস্থান ৮৭তম।
ডব্লিউইএফের প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে ১১৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম। ১০ বছরে বাংলাদেশ ১৯ ধাপ ওপরে উঠে এসেছে। দেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই ক্ষেত্রে পুরুষের সঙ্গে নারীদের তফাত কমে এসেছে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। ২০০৬ সালে ছিল ১৭তম।
নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রেও গত ১০ বছরে ২০ ধাপ এগিয়ে বাংলাদেশ এখন আছে ৯৩তম অবস্থানে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্য বেড়েছে। এ ক্ষেত্রে ২০০৬ সালে ১০৭তম থাকলেও বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫তম। শিক্ষার সমতার ক্ষেত্রে ২০০৬ সালে বাংলাদেশ ৯৫তম অবস্থানে ছিল। ২০১৬ সালে ১১৪তম অবস্থানে।
সার্বিকভাবে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় বিশ্বে সবার শীর্ষে আছে ইউরোপের দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। আট বছর ধরে দেশটি প্রথম অবস্থানে রয়েছে। এর পরের অবস্থানে যথাক্রমে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন ও রুয়ান্ডা। তালিকার প্রথম ১০টি দেশের মধ্যে ইউরোপের দেশগুলোর আধিক্য বেশি।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ১০০তম, নেপাল ১১০তম, মালদ্বীপ ১১৫তম ও ভুটান ১২১তম স্থানে রয়েছে। এর মধ্যে নেপাল নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষা এবং আয়ের সাম্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
তবে লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার অবস্থান ভালো নয়। এখানে গড়ে ৩৩ শতাংশ বৈষম্য বিদ্যমান। অঞ্চলভেদে দক্ষিণ এশিয়া দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে। এর নিচে রয়েছে কেবল মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলো। এমনকি সাব-সাহারান আফ্রিকান অঞ্চলও দক্ষিণ এশিয়া থেকে ভালো অবস্থানে রয়েছে।
ন্যায়ভিত্তিক লৈঙ্গিক সমতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যাপক অবনতি হয়েছে। গত বছর দেশটির অবস্থান ছিল ২৮তম। সেখান থেকে এবার ৪৫তম স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে বলা হয়, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অগ্রগতি হয়েছে। সব কটি দেশই শীর্ষ ২০টি স্থানে অবস্থান করার মতো অবস্থায় এসেছে। তবে অর্থনৈতিক এবং পারিশ্রমিক বৈষম্য এখনো উল্লেখযোগ্য হারে রয়েছে। এতে বলা হয়, যেই হারে অগ্রগতি অর্জিত হচ্ছে, এর ফলে বর্তমানে জন্ম নেওয়া একটি মেয়েশিশুর স্বাস্থ্য, শিক্ষা, রাজনীতি ও অর্থনৈতিক সুযোগের ক্ষেত্রে বৈষম্যহীন অবস্থান দেখতে ৮৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে।