নার্স-সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্স–সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। হাসপাতালে ১৫টি নার্সের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র পাঁচজন।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, অন্তর্বিভাগের (ইনডোর) চারটি ওয়ার্ডে প্রতিদিন সকাল, বিকেল ও রাত—এই তিন পালায় পাঁচজন করে মোট ১৫ জন নার্স থাকার কথা। অথচ পাঁচজন নার্সকেই তিন পালায় কাজ করতে হয়।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বলেন, অন্তর্বিভাগে চারটি ওয়ার্ডে পাঁচজন নার্স দায়িত্ব পালন করছেন। রোগীদের ওষুধ-পথ্য খাওয়ানো, স্যালাইন এবং ইনজেকশন দেওয়া, ক্ষতস্থান পরিষ্কার করা (ড্রেসিং) ও সেবা-শুশ্রূষা সবকিছুই নির্ভর করে তাঁদের ওপর। হাসপাতালে তিন পালায় কাজ হয়। সেখানে প্রতিদিন ১৫ জন নার্স কাজ করার কথা। অথচ এই পাঁচজনকেই তিন পালায় কাজ করতে হচ্ছে। এতে নার্সদের ওপর চাপ পড়ছে। ফলে রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
২৬ জুন আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি আছেন ৮০ জন রোগী। রোগীদের বেশির ভাগই ডায়রিয়া রোগে আক্রান্ত। অনেক রোগীরই সার্বক্ষণিক সেবা ও পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানান স্বজনেরা। কিন্তু নার্সের সংখ্যা অপ্রতুল বলে তাঁরা সেই সেবা পাচ্ছেন না।
হাসপাতালের চিকিৎসকেরা জানান, ২০০৬ সালে ৫০ শয্যায় উন্নীত হওয়ায় হাসপাতালে ৩২ জন চিকিৎসক থাকার কথা। অথচ এখানে চিকিৎসকের পদ আছে ২১টি। এর মধ্যে পদায়ন করা হয়েছে ১৮ জনকে। তবে হাসপাতালে কর্মরত আছেন ১৫ জন চিকিৎসক। বাকি তিনজন প্রেষণে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত আছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স রীতা রানী বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘৫০ জন রোগীর জায়গায় হাসপাতালে ৮০ জন ভর্তি আছে। ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী থাকলেও নার্স মাত্র পাঁচজন। এ জন্য রোগীদের রাত–দিন সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাদের।’
জ্যেষ্ঠ নার্স বিটু পাল বলেন, ‘১৫ জনের স্থলে আমরা পাঁচজন কীভাবে এখানে সেবা দিচ্ছি তা বলে বোঝানো যাবে না। রাত নেই, দিন নেই হাসপাতালে পড়ে থাকতে হচ্ছে। নিজেরাও অসুস্থ হয়ে পড়ছি। এভাবে চলতে পারে না।’
নার্স–সংকটের কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, তবু এ সমস্যা দূর হচ্ছে না।’