কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় সামান্য বৃষ্টিতে প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। দীর্ঘদিন নালা-নর্দমা পরিষ্কার না করায় বৃষ্টি হলেই সড়কে জল জমে যাচ্ছে। বৃষ্টির পর হাঁটুসমান ময়লা পানিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার থানা সড়ক, লামার বাজার, শাপলা চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, নিউ গণি মার্কেট, লেঙ্গুরবিল সড়ক, জালিয়াপাড়া, চৌধুরীপাড়া, শাহপরীর দ্বীপ জিপ স্টেশন, থানা মোড় ও বড় বাজার এলাকার সড়ক অল্প বৃষ্টি হলেই হাঁটুপানিতে তলিয়ে যায়। টেকনাফ পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকার সড়কগুলোতে পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নেই। লামার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোজাহের মিয়া জানান, পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে নাগরিকেরা পৌর কর নিয়মিত পরিশোধ করলেও কর্তৃপক্ষ পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করেনি। আসন্ন বর্ষা নিয়ে বাজারের ব্যবসায়ী, সাধারণ মানুষ, শিক্ষার্থীরা উদ্বিগ্ন। কারণ, এ সময় সড়কে কোমরসমান পানি জমে যায়। পৌরসভার কাউন্সিলর নুরুল বশর, হাসান আহমদ, মো. রফিক ও মহিলা কাউন্সিলর রুবি আকতার জানান, লোকবল থাকা সত্ত্বেও নিয়মিত পরিষ্কার না করায় নালা-নর্দমাগুলো ভরাট হয়ে গেছে। এ ব্যাপারে মেয়রকে তাগিদ দেওয়া হলেও এ বিষয়ে তিনি পদক্ষেপ নেননি।টেকনাফ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল-২) আবদুল্লাহ মনির বলেন, পৌর এলাকার অধিকাংশ নালা-নর্দমা, ডাস্টবিন দখল করে দোকান নির্মাণ করায় পরিষ্কার-পরিচ্ছন্নতায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তবে কয়েক দিনের মধ্যে নালা-নর্দমাগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে।