বৃষ্টি নেই, তবু সড়কে সৃষ্ট গর্তে জমে আছে পানি। নোংরা পানি মাড়িয়ে চলাচল করছে স্থানীয় লোকজন। এই চিত্র সাতকানিয়া-বাঁশখালী সড়কে সতিপাড়ার নকী নিবাস এলাকার।
সরেজমিনে দেখা গেছে, সড়কের সতিপাড়ার প্রায় ১৫০ মিটার অংশে সৃষ্ট গর্তে পানি জমে আছে। সড়কের পাশে নালা না থাকায় আশপাশের ভবনের পানি এসে জমা হচ্ছে সড়কের ওপর। ফলে কাদা-পানিতে একাকার হয়ে পড়েছে সড়ক। চলাচলে বিড়ম্বনায় পড়ছে পথচারীরা। নোংরা পানি পড়ে নষ্ট হচ্ছে জামাকাপড়।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কটি দিয়ে প্রতিদিন যাত্রীবাহী বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করলেও আট বছরের বেশি সময় ধরে কোনো সংস্কারকাজ হয়নি। দিন দিন সড়কের অবস্থা নাজুক হয়েছে। এখন নতুন ভোগান্তি কাদা-পানি।
স্থানীয় বাসিন্দা নেজাম উদ্দিন (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৪) বলেন, আগে এই এলাকায় জনবসতি কম ছিল। ওই সময় নালা-নর্দমা না থাকলেও ব্যবহারের পানি বিভিন্ন বসতঘরের আশপাশ দিয়ে চলে যেত। এখানে বসতি বেড়েছে। কিন্তু পানি চলাচলের কোথাও কোনো জায়গা নেই। ফলে এলাকাবাসীর নিত্যব্যবহারের পানি সড়কের ওপর এসে জমছে। এতে এলাকাবাসীর পাশাপাশি সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী ও লোকজনের ভোগান্তি বাড়ছে।
সতিপাড়ার বাসিন্দা ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক বলেন, সড়কের পাশে নালা নির্মাণের জন্য পৌরসভা কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তারা নালা নির্মাণের আশ্বাসই দিয়েছে কেবল; কাজের কাজ কিছুই করেনি।
অটোরিকশাচালক বোরহান উদ্দিন বলেন, বছরের প্রায় সময় সড়কের ওপর কাদা–পানি জমে থাকে। গাড়ি চালাতে গিয়ে অনেক সময় পথচারীদের পোশাকে পানি ছিটকে পড়ে।
জানতে চাইলে সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদুর রহমান বলেন, ‘ওই এলাকায় সড়কের পাশে নালা তৈরির জন্য একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। আশা করছি, আগামী অর্থবছরে নালা তৈরির কাজে হাত দেওয়া যাবে।’