নালাটি এখন জেলেপল্লির গলার কাঁটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢ​াকনাবিহীন নালার কারণে  জেলেপল্লিতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছবিটি গত মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলাবাজার–সংলগ্ন শীতলপুর জেলেপল্লি এলাকা থেকে তোলা‍ l প্রথম আলো
ঢ​াকনাবিহীন নালার কারণে জেলেপল্লিতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ছবিটি গত মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলাবাজার–সংলগ্ন শীতলপুর জেলেপল্লি এলাকা থেকে তোলা‍ l প্রথম আলো

বর্ষায় ঘরের ভিটা ডুবে যায়। রান্নাবান্না, চলাফেরা কঠিন হয়ে পড়ে। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে সাংসদের কাছে গিয়ে পেয়েছেন একটি নালা। ওই নালাই এখন অন্তত ৩০০ জেলে পরিবারের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। গত তিন মাসে ওই নালায় পড়ে অন্তত ১০ জন নারী, শিশু ও বৃদ্ধ আহত হয়েছেন।

 চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বগুলাবাজার–সংলগ্ন শীতলপুর জেলেপল্লির বাসিন্দারা এমন দুর্ভোগ পোহাচ্ছেন। জলাবদ্ধতা নিরসনের জন্য স্থানীয় সাংসদের উদ্যোগে ওই পল্লিতে একটি নালা নির্মাণ করা হয়েছিল। তবে নালার কাজ শেষ না করেই চলে যান ঠিকাদার। ঢাকনাবিহীন খোলা নালা এখন রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নালায় পড়ে আহত হচ্ছেন জেলেপল্লির বাসিন্দারা।

গত ৩১ আগস্ট বগুলাবাজার জেলেপল্লিতে গিয়ে দেখা যায়, জেলেপল্লির চলাচলের মূল পথের ওপর ৯৩ ফুট দীর্ঘ নালা নির্মিত হয়েছে। খোলা নালাটির ওপর কোনো পাটাতন নেই। নালার দুপাশে টিনের তৈরি ঘনবসতি। ঘর থেকে এক পা দিলেই নালা। বৃষ্টি হলে পানি জমে যাওয়ার কারণে নালার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ফলে নালায় পড়ে দুর্ঘটনাও ঘটছে। এ ছাড়া নালা থেকে অল্প দূরে সর্বজনীন দুর্গা মন্দির। ঝুঁকি নিয়ে খোলা নালার ওপর দিয়ে মন্দিরে যেতে হয় বাসিন্দাদের।

শীতলপুর জেলেপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পরিমল দাশ প্রথম আলোকে বলেন, ‘কী যে কষ্টের মধ্যে আমরা আছি তা বোঝাতে পারব না। একটু বৃষ্টি হলেই ভিটা ডুবে যায়। শিশু ও বয়স্করা ঘর থেকে বের হলেই নালায় পড়ে আহত হন। সামনে দুর্গাপূজা। এ অবস্থায় লোকজন কীভাবে মন্দিরে যাতায়াত করবে?’

পরিমল দাশ আরও বলেন, বর্ষায় পানিতে বাড়িঘর ডুবে যাওয়ায় তাঁরা জলাবদ্ধতা নিরসনে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে গিয়ে সমাধান পাননি। গত বছরের ২৭ জুলাই স্থানীয় সাংসদের কাছে বিষয়টি তুলে ধরেন তাঁরা। এরপর সাংসদ পাটাতনসহ নালা করে দেওয়ার আশ্বাস দেন। চলতি বছরের এপ্রিল মাসে ৯৩ ফুট নালা তৈরির পর উন্মুক্ত রেখে চলে যান ঠিকাদারের লোকজন। ফলে নালাটি উপকারের পরিবর্তে জেলেদের দুর্ভোগ বাড়িয়েছে।

পল্লির বাসিন্দা পারুল বালা দাশ বলেন, ২০ দিন আগে তার নাতি নয়ন (৮) ওই নালায় পড়ে আহত হয়েছে। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ‘নালাটি না করলেই ভালো ছিল। এখন এটি উল্টো বিপদের কারণ হয়েছে।’

এই ব্যাপারে সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির আহম্মদ প্রথম আলোকে বলেন, জেলেপল্লির উত্তর পাশে বাজার আর দক্ষিণ পাশে কারখানা। এই অবস্থায় জলাবদ্ধতা দূর করতে হলে পরিকল্পিতভাবে নালা নির্মাণ করতে হবে।

স্থানীয় সাংসদ দিদারুল আলম প্রথম আলোকে বলেন, তিনি ব্যক্তি উদ্যোগে ও বিভিন্ন প্রকল্পের উদ্বৃত্তের টাকায় নালাটি নির্মাণের কাজ শুরু করেছেন। বাকি কাজটুকু দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেবেন বলে তিনি জানান।