নালাটি কি গণশৌচাগার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমার্কেটের (বিপণিবিতান) উত্তর-পশ্চিম ফটকের বাম পাশে মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়সংলগ্ন দেয়ালে লেখা আছে ‘প্রস্রাব করা নিষেধ।’ গত বুধবার বিকেলে দেখা গেল উল্টো চিত্র। একের পর এক পুরুষ আসছেন আর ওই দেয়াললিখনের সামনে বসে প্রস্রাব করছেন। ওই দিন পাঁচটা ১০ মিনিট থেকে পরের পাঁচ মিনিট অবস্থান করে ১৩ জনকে প্রস্রাব করতে দেখা গেছে। নিউমার্কেটের ক্রেতা ও বিক্রেতারা জানালেন, এটা নতুন কিছু নয়, প্রতিদিনের চিত্র। এখানে যাঁরা প্রাকৃতিক কাজটা সারেন তাঁদের বেশির ভাগই পাশের ফুটপাতের হকার ও পথচারী। নগরের বিভিন্ন এলাকায় এ রকম উল্টোচিত্র আরও দেখা যায়। বিপণিকেন্দ্র বা ভবনের সামনে লেখা আছে ‘পার্কিং নিষেধ’, কিন্তু সেই বিজ্ঞপ্তির সামনে-পাশে দেখা যায় অনেক গাড়ি দাঁড় করানো আছে। হাসপাতালের সামনে হর্ন না বাজানোর জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি থাকলেও গাড়িচালকেরা তা মানেন না। আবার সড়কে দেখা যায় অন্য রকম দৃশ্য—গাড়ি চলার কথা একদিকে, কর্তব্যরত ট্রাফিক পুলিশের সামনেই উল্টো দিক থেকে ঢুকে পড়ে গাড়ি। এসব কারণে ওই সব এলাকায় যানজট হয়। নিউমার্কেটের একই দেয়ালে লেখা আছে—‘বেবিট্যাক্সি, রিকশা দাঁড়াইবে না ও এই ফটক দিয়ে গাড়ি ঢোকা অপরাধ।’ ফটকের ওপর লেখা আছে ‘বাহির পথ।’ কিন্তু অনেক কার ও সিএনজি অটোরিকশা ঢুকছে অবাধে ওই বাহির পথে। মাঝেমধ্যে রিকশাও ঢুকে পড়ে। এ প্রসঙ্গে বিপণিবিতান ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার জানান, ‘যাঁরা প্রস্রাব করেন তাঁদের ৬০-৭০ শতাংশই হকার, ৩০-৪০ শতাংশ ব্যক্তিগত গাড়ির চালক। এখানে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসা-যাওয়া করেন। কিন্তু পুরো বিপণিকেন্দ্রের দোতলায় একটি ও চারতলায় মসজিদের পাশে একটি শৌচাগার আছে, তবে তা যথেষ্ট নয়। এ সমস্যা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) জানানো হয়েছে। তাঁরা ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘বিপণিবিতানের ব্যবসায়ীরা নালার ওপর উঁচু দেয়াল তুলে দিতে বলেছেন যাতে কেউ প্রস্রাব করতে না পারেন। কিন্তু গণপূর্ত মন্ত্রণালয় থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি।’ আমতল মোড়ের শাহ আমানত সিটি করপোরেশন মার্কেটের সামনে গাড়ি দাঁড় করা (পার্কিং) নিষেধ। কিন্তু তা মানা হয় না। বুধবার বিকেলে কিছু রিকশা, সিএনজি (চট্টমেট্রো ঘ ১১০২৬৮) এবং একটি মোটরসাইকেল (যশোর এ-০২০৩৮৬) দাঁড় করা ছিল। এখানে কার ও মাইক্রোবাসও দাঁড় করিয়ে রাখা হয়।এ ব্যাপারে শাহ আমানত সিটি করপোরেশন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম জানান, ‘দারোয়ান কম থাকায় এ সমস্যা হচ্ছে। সিটি করপোরেশন থেকে মাত্র দুইজন দারোয়ান দেওয়া হয়েছে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও নতুন দারোয়ান নিয়োগ দিচ্ছে না। দারোয়ানের সঙ্গে প্রতিদিন চালকদের ঝগড়া হয়।’ গোলপাহাড় থেকে জিইসি মোড় যাওয়ার রাস্তা, আন্দরকিল্লা থেকে বক্সিরহাট ও নজির আহমদ চৌধুরী সড়কে একদিকে গাড়ি চলার কথা। কিন্তু প্রায়ই এসব রাস্তায় রিকশা, সিএনজি অটোরিকশা ও কার ঢুকে যায়। অনেক সময় ট্রাফিক পুলিশের বাধাও মানেন না, চালকের হয়ে যাত্রীরাও পুলিশের সঙ্গে ঝগড়া করে বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে টেরিবাজারের সামনে দায়িত্ব পালনরত একজন ট্রাফিক পুলিশ জানান, ‘আমরা নিষেধ করি, সাধ্যমতো চেষ্টা করি যাতে আন্দরকিল্লা দিয়ে কোনো গাড়ি ঢুকতে না পারে।’ ফাঁকি দিয়ে ঢুকে গেলে কী করেন জানতে চাইলে অপর এক ট্রাফিক পুলিশ জানান, ‘তখন সার্জেন্ট রিকশার চাকা পাংচার করে দেন। অটোরিকশা ও কারের বিরুদ্ধে মামলা করেন। আমাদের মামলা করার ক্ষমতা নেই।’ জেনারেল হাসপাতালের সামনের দেয়ালে লেখা আছে ‘হাসপাতাল, হর্ন বাজানো নিষেধ।’ কিন্তু বাসচালকেরা নির্দয়ভাবে হর্ন বাজান বলে জানান এক রোগীর আত্মীয় রণজিত্ রায়।