খাগড়াছড়ি জেলার প্রধান বাণিজ্যিককেন্দ্র খাগড়াছড়ি বাজারের নালা-নদর্মায় আবর্জনা উপচে পড়লেও পরিষ্কার করার তাগিদ নেই পৌর কর্তৃপক্ষের। ক্রেতা-বিক্রেতারা সারা বছর বাজারের আশপাশের নালাগুলোতে ময়লা ফেলে। পাশাপাশি এসব নালায় শহরের নানা জায়গার আবর্জনাও পানিতে ভেসে এসে জমা হচ্ছে। ফলে পরিবেশদূষণের পাশাপাশি এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।
খাগড়াছড়ি পৌরসভার হিসাব অনুযায়ী পৌর এলাকায় কাঁচা ও পাকা নালা রয়েছে ১৩০ কিলোমিটার। এর মধ্যে খাগড়াছড়ির প্রাণকেন্দ্র বাজারের নালাগুলোর ময়লা-আবর্জনায় বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, খাগড়াছড়ি বাজারের মাছ-মাংস বিক্রির স্থানের পাশের নালা, ফার্মাসি লেন ও খান বোডিং এলাকার নালা ও বাজারের শহীদ কাদের সড়কের পশ্চিম পাশের নালা ময়লা-আবর্জনায় ভর্তি। এসব নালার আশপাশ দিয়ে দুর্গন্ধের জন্য হাঁটা যায় না। অথচ নালা-নর্দমার ধার ঘেঁষেই অবস্থিত হোটেল-রেস্তোঁরায় খাওয়া-দাওয়া করছিল শত শত মানুষ।
খাগড়াছড়ি বাজারের জগন্নাথ মন্দিরসংলগ্ন নালা দিয়ে বাজারের ময়লা-আবর্জনা সরাসরি খালে গিয়ে পড়ছে। এতে খালের পানি দূষিত হচ্ছে। পলিথিন ও প্লাস্টিকের বোতলের স্তূপ জমছে খালে।
বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ বলেন, পৌরসভা কর্তৃপক্ষ বছরে কয়েকবার মাত্র নালা পরিষ্কার করে। এ ছাড়া প্রায় সারা বছরই নালাগুলো ময়লা-আবর্জনায় ভর্তি থাকে। আশেপাশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা এমন অসহনীয় দুর্গন্ধের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে পৌর কতৃর্পক্ষের কাছে অভিযোগও করে না কেউ।
খাগড়াছড়ি পৌরসভার নির্বাহী প্রকৌশলী দিলীপ কুমার বিশ্বাস জানান, তহবিল সংকটের কারণে অনেক সময় নতুন নালা নির্মাণ করা সম্ভব হয় না। তাছাড়া বিভিন্ন নালায় বাসা-বাড়ির লেট্রিন থেকে পয়ঃবর্জ্যও পড়ছে। এইসব ল্যাট্রিন চিহ্নিত করে অচিরেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, খাগড়াছড়িতে এখনো পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকেলও বর্ষায় কোনো জলাবদ্ধতা সৃষ্টি হয় না। তবে একটি পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা থাকা জরুরি। নতুন নতুন যেসব এলাকায় আবাসিক ভবন হচ্ছে সেখানে মাস্টার প্ল্যানের শর্ত মেনেই তবে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হচ্ছে। মাস্টার প্ল্যানে ড্রেনেজ ব্যবস্থা সুপরিকল্পিতভাবে রাখা হয়েছে।