নাশকতা ঠেকাতে কেরানীহাটে সিসি ক্যামেরা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র কেরানীহাটে নাশকতা প্রতিরোধ ও সহিংসতা ঠেকাতে সিসি ক্যামেরা (ক্লোজ সার্কিট ক্যামেরা) বসানো হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের নিজস্ব অর্থায়নে ও প্রশাসনের সহযোগিতায় এই ক্যামেরাগুলো বসানো হয়।
কেরানীহাট ব্যবসায়ী সমিতির সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি কেরানীহাটের দেড় কিলোমিটার এলাকার আটটি স্থানে সিসি ক্যামেরা বসানো হয়। এর পাশাপাশি আরও আটটি স্থানে সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি বাড়ানোর পরিকল্পনা করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন। ইতিমধ্যে ৮ ফেব্রুয়ারি ককটেল নিক্ষেপকারী দুই যুবককে সিসি ক্যামেরা দেখে শনাক্ত করেছে পুলিশ। ব্যবসায়ী সমিতি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর কেরানীহাটে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা–কর্মীরা ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের পাশাপাশি যানবাহনে ব্যাপক হারে আগুন দেন। কেরানীহাটের আশপাশের এলাকা এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অন্তত ১১টি স্থানে বেশ কয়েক দিন টানা নাশকতা চলে। ফলে ওই বছর কেরানীহাটের ব্যবসায়ীদের প্রায় ৩০ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি চলতে থাকা হরতাল–অবরোধে কেরানীহাটে কয়েক দফা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে নাশকতাকারীরা। ফলে আবারও ব্যবসায়ীদের মাঝে লোকসানের আশঙ্কা দেখা দেয়। তা ছাড়া সাম্প্রতিক সময়ে কেরানীহাটে মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ ব্যাপক হারে বেড়ে গেছে। তাই সহিংসতা ঠেকাতে এবং অপরাধীদের চিহ্নিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি ওসমান আলী বলেন, স্বাভাবিক সময়ে কেরানীহাটের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে গড়ে প্রতিদিন ২০-২৫ কোটি টাকা লেদদেন হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতা শুরু হওয়ার পর ২০১৩ সালের মতো এবছরও লেনদেন কমে পাঁচ-সাত কোটি টাকায় এসে ঠেকেছে। তাছাড়া এলাকায় মোটরসাইকেল চুরি, ছিনতাইসহ নানান অপরাধও বেড়ে গেছে। এই কারণে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বলেন, কেরানীহাটে সিসি ক্যামেরা বসানোর সুফল ব্যবসায়ীরা অবশ্যই পাবেন। সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী চিহ্নিত করা সহজ। ইতিমধ্যে সিসি ক্যামেরায় ককটেল বিস্ফোরণকারী দুই যুবককে চিহ্নিত করা হয়েছে। তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা বলেন, নাশকতা প্রতিরোধ ও সহিংসতা ঠেকাতে এবং অপরাধী চিহ্নিত করার জন্য কেরানীহাটের ব্যবসায়ীরা নিজেদের অর্থায়নে সিসি ক্যামেরা বসিয়েছে। এর ফলে আইন প্রয়োগকারী সংস্থার জন্য কেরানীহাটের চারপাশের এলাকার অবস্থা জানা সহজ হবে।