যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা গ্রেপ্তার হওয়ার পর অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে সংগঠনটি। একই অবস্থা এর অঙ্গসংগঠন ইসলামী ছাত্রশিবিরেরও। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে সংগঠনটি। বিশেষ করে নানা বিষয়ে সাধারণ মানুষের আবেগ-অনুভূতিকে পুঁজি করে সংগঠনটি আন্দোলন-সংগ্রামে শামিল হওয়ার চেষ্টা করছে। তবে এই সুযোগে তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে বলে পুলিশের কাছে তথ্য আছে।পুলিশ সূত্র জানায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের এক কর্মীকে খুন করে পানির ট্যাংকের ভেতর লাশ গুম করে রাখার ঘটনায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর পুলিশের নজরদারি বাড়ে। চট্টগ্রামেও পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এ কারণে সংগঠনটি অনেকটা কোণঠাসা অবস্থার মধ্যে পড়েছে। সূত্র আরও জানায়, হাটহাজারীর নন্দীরহাটে সাধারণ মানুষের ব্যানারে গত শুক্রবার দিনভর সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় জামায়াতের মদদ রয়েছে। বিশেষ করে গত সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে ছাত্রশিবিরের দুই নেতা খুনের ঘটনায় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা আছে। পুলিশের কঠোর মনোভাবের কারণে তাঁরা রাস্তায় নামতে পারছে না। এই সুযোগে সাধারণ মানুষের আবেগ-অনুভূতি কাজে লাগিয়ে শুক্রবার সংগঠনটির কর্মী-সমর্থকেরা সড়ক অবরোধ করে বলে পুলিশের কাছে তথ্য আছে।নন্দীরহাট ও হাটহাজারীর ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ এবং স্থির ছবি সংগ্রহ করছে পুলিশ। সড়ক অবরোধ এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের পেছনে রাজনৈতিক মদদের আলামত পেয়েছে পুলিশ। জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক ছাড়াও বিএনপির বিতর্কিত এক নেতার অনুসারীরা ফটিকছড়ি, রাউজান ও রাঙ্গুনিয়া থেকে হাটহাজারীর অবরোধ ও ভাঙচুরের সঙ্গে শামিল হয়েছে। পুলিশ এখন তাদের চিহ্নিত করছে। তদন্তে নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নগর ও জেলা পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার ঠেকাতে জামায়াত-শিবির অস্থির পরিবেশ তৈরির চেষ্টা করছে। সংগঠনটি একেক সময় একেক ধরনের কৌশল অবলম্বন করে। তাদের নিত্যনতুন কৌশল মোকাবিলায় পুলিশকেও রণপরিকল্পনা (অ্যাকশন প্ল্যান) পরিবর্তন করতে হচ্ছে।’পুলিশ কর্মকর্তারা আরও বলেন, ‘চার দলের গণমিছিল কর্মসূচি এবং এর আগে পলো গ্রাউন্ডের জনসভায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। আর এসব কর্মসূচিতে জনসম্পৃক্ততা বেশি থাকায় পুলিশ জামায়াত-শিবিরকে বাধা দেয়নি, বরং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনে সহযোগিতা করেছে।’ দায়িত্বশীল দুই পুলিশ কর্মকর্তা জানান, গণমিছিলে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সাত-আটজন অস্ত্রধারী সন্ত্রাসীও ছিল। মিছিলে পুলিশ বাধা দিলে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার পরিকল্পনা ছিল তাদের। এ জন্য তাদেরকে ওই দিন বাধা দেওয়া হয়নি। বর্তমানে অস্ত্রধারীদের ধরার চেষ্টা চলছে। জানা যায়, পলো গ্রাউন্ডের জনসভা ও নগরে গণমিছিল কর্মসূচির পর চার দলের আর কোনো বড় কর্মসূচি ছিল না। এ কারণে জামায়াত-শিবিরের প্রকাশ্য তৎপরতা আবার বন্ধ হয়ে যায়। গত সপ্তাহে শিবিরের দুই নেতা খুনের ঘটনার প্রতিবাদও তাঁরা করতে পারেনি।নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘জামায়াত-শিবির আরও বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। আমরা নিজস্ব গোয়েন্দাদের মাধ্যমে তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিমুহূর্তে জানাচ্ছি। তাঁদের বিভিন্ন আস্তানা ও মেসের ওপর পুলিশের নজরদারি আছে।’ বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সাংসদ ও নগর কমিটির আমির শামসুল ইসলাম বলেন, ‘হাটহাজারীর নন্দীরহাটের ঘটনায় আমাদের কেউ জড়িত ছিল নয়। জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। নাশকতামূলক কর্মকাণ্ডের যে অভিযোগ তোলা হচ্ছে, তা-ও ঠিক নয়, বরং পুলিশ আমাদের নিয়মতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে আসছে।’