নাশকতার আশঙ্কায় সতর্ক র‌্যাব-পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতামূলক তৎপরতার আশঙ্কায় বন্দর নগরের বিভিন্ন স্থানে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা বজায় রেখেছে। বিশেষ করে যেকোনো সময় জঙ্গী হামলা চলতে পারে বলে আশঙ্কা করছে সরকারের সংশ্লিষ্ট মহল। যেকোনো তৎপরতা মোকাবিলায় ইতিমধ্যে স্থানীয় প্রশাসন নগরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও জনবহুল এলাকায় অতিরিক্ত র‌্যাব ও পুলিশ মোতায়েন করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি অব্যাহত থাকবে বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, বন্দর নগরসহ দেশে নাশকতা হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোর থেকে নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নগরের প্রবেশপথ সিটি গেইট, কর্ণফুলী তৃতীয় সেতুর মাথা, অক্সিজেন ও কাপ্তাই সড়কের মাথা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনবহুল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এসব এলাকায় নিরাপত্তা চৌকি বসিয়ে পালাক্রমে তল্লাশি চালাচ্ছে পুলিশ। নগরের ১২টির মধ্যে ১১টি থানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয় বলে সূত্র জানায়। র‌্যাব-৭-এর কর্মকর্তারাও নগর ও আশপাশের এলাকায় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন। পাশপাশি তাঁরা নিজস্ব গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছেন। বিশেষ করে জঙ্গি তৎপরতা থাকতে পারে এমন এলাকায় তাঁদের নজরদারি চলছে বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসীরা সংগঠিত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। বিশেষ করে জঙ্গিরা হামলা চালাতে পারে, এমন তথ্য সরকারের নজরে আসে। এরপরই বন্দর নগর চট্টগ্রামে নিরাপত্তা জোরদার করা হয়। উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নাশকতার আশঙ্কায় নগরের কয়েকটি জায়গায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। নিয়মিত টহল পুলিশের সঙ্গে আরও তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিশেষ শাখা ও গোয়েন্দা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।’পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, জঙ্গি হামলার আশঙ্কার খবর ঢাকা থেকে বুধবার রাতে স্থানীয় র‌্যাব ও পুলিশ প্রশাসনকে জানানো হয়। এই তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বাড়ানো হয়। র‌্যাব-৭-এর উপঅধিনায়ক মেজর মো. জামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘জঙ্গি কর্মকাণ্ড দমনের জন্য আমাদের নিজস্ব একটি সেল আছে। ওই সেলের সদস্যরা কাজ করছে। পাশাপাশি সম্ভাব্য জায়গাগুলোতেও র‌্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে কিছু ধর্মীয় এলাকায় গোয়েন্দা নজরদারি চলছে, যাতে যেকোনো ধরনের নাশকতা ঠেকানো যায়।’