নাসা অভিমুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের বানানো রোবট চষে বেড়াবে চাঁদের বুকে। সংগ্রহ করে আনবে চাঁদের দেশের বালু। যা থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাবেন গবেষকেরা। সারা বিশ্বে ছড়িয়ে পড়বে বাংলাদেশের নাম এবং আমাদের উদ্ভাবনী শক্তি।’ এমনটি আপনিও আশা করতেই পারেন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী বদিউজ্জামানের মতো। কারণ এই কাজে তাঁরা এগিয়ে গেছেন বেশ দূর। আর তাই তো ডাক পেয়েছেন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার। নাসার আয়োজনে ‘তৃতীয় লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতা-২০১২’ তে বিশ্বের ৬৯টি দলের মধ্যে বাংলাদেশের তিনটি দল নির্বাচিত হয়েছে। বাংলাদেশের এমআইএসটি ছাড়াও ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আইইউটি থেকে আরও দুটি দল অংশ নেবে সেখানে। এবারের প্রতিবেদনটি এমআইএসটিকে নিয়ে।২১-২৬ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার ‘কেনেডি স্পেস সেন্টারে’ বসবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ৬৯টি রোবটের এই প্রতিযোগিতা। ওখানে অংশ নেবে এমআইএসটির পাঁচ শিক্ষার্থী। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চার শিক্ষার্থী বদিউজ্জামান, জালাল উদ্দিন, জাহিদুল ইসলাম ও রেজওয়ানুল হক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ ইউসুফ মিলে তৈরি করেছেন ‘রোবমিস্ট’ নামের এই রোবটটি।প্রতিযোগিতায় নাসার অংশগ্রহণের বিষয়টি খোলাসা করেন জালাল উদ্দিন। জানান, ‘আসলে গত বছর বাংলাদেশ থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটা দল নাসার এই প্রতিযোগিতায় নির্বাচিত হয়। প্রথম আলোর স্বপ্ন নিয়ে পাতায় তাদের খবর পড়ে আমরা আগ্রহী হই এবং কাজ শুরু করি। গত বছরের শেষের দিকে যখন আবার ২০১২ সালের প্রতিযোগিতা শুরু হলো আমরাও নিবন্ধন করলাম। আর তারপর তো একের পর এক ধাপ টপকে এখন আমরা চূড়ান্ত পর্বে মনোনয়ন পেয়েছি।’লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতায় অংশ নিতে কম ধকল পেতে হয়নি দলটির। প্রথম তো আইডিয়া আর তারপর রোবট তৈরি করা। এমনিতেই কম ঝক্কির ব্যাপার নয়। তার ওপর আবার প্রয়োজনীয় সব যন্ত্রপাতিও পাওয়া যাচ্ছিল না। দলের আরেক সদস্য জালাল উদ্দিন জানান, ‘আর তাই আমরা দেশের বাইরে থেকে কিছু যন্ত্র এনে কাজ করেছি। আর আমাদের কাজে শিক্ষকেরা ছিলেন বেশি উৎসাহী। বাইরের দেশ থেকে যন্ত্রগুলো এনে দিয়েছেন তাঁরাই। কীভাবে তা কাজ করবে বা সেট করতে হবে এমন টুকটাক দেখিয়ে দিয়েছেন। রোবটটি তৈরি করতে আমরা ধোলাইখাল এলাকার অটোমোবাইল কর্মীদের সঙ্গে একটানা কাজ করেছি।’দলটির সঙ্গে কথায় জানলাম প্রতিযোগিতার অদ্যোপান্ত। নাসা এবার নিয়ে তৃতীয়বারের মতো আয়োজন করেছে লুনাবোটিকস মাইনিং প্রতিযোগিতা-২০১২। চাঁদে পাঠানো রোবটের মাধ্যমে ‘ব্লাক পয়েন্ট ওয়ান’ বালু সংগ্রহ করা হয়। আর তাই কম সময়ে কত বেশি বালু সেখান থেকে রোবটরা তুলতে পারে এটিই হচ্ছে প্রতিযোগিতা। ফ্লোরিডায় অনুষ্ঠিত এবারের চূড়ান্ত প্রতিযোগিতায় বেঁধে দেওয়া সময় ১০ মিনিট। এই সময়ে কমপক্ষে ১৫ কেজি বালু তুলতে হবে রোবটদের। আর ২০০ ফুট দূর থেকে রোবটটি কন্ট্রোল করতে পারবে প্রতিযোগীরা। রেজওয়ানুল হক এবং মোহাম্মদ ইউসুফ হিসাব করে জানান, ‘আশার কথা হচ্ছে আমাদের ক্যালকুলাস হিসেবে রোবমিস্ট নির্ধারিত সময়ে বালু তুলতে পারবে ৫০-৬০ কেজি। আর তাই আমরা আরও বালু তোলার পরিমাণ বাড়ানোর জন্য এখন শেষ মুহূর্তের কাজ করছি।’গ্রুপ ক্যাপ্টেন হিসেবে দলটির সঙ্গে থাকা এমআইএসটির অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ইনস্ট্রাকটর আবদুস সালাম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যেকোনো দেশের ছেলেমেয়েদের সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। তবে তার জন্য দরকার পর্যাপ্ত সুবিধা। আর তাদের মধ্যে এই স্বপ্নটি দেখাতে শিক্ষকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আশা করছি আমাদের শিক্ষার্থীরা মূল প্রতিযোগিতায় গিয়েও বাংলাদেশকে দারুণভাবে তুলে ধরবে।’