নাসাকার কাছে দুই সহোদরকে হস্তান্তর
মিয়ানমারের নাসাকা বাহিনীর কাছে দুই সহোদরকে হস্তান্তর করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ-বিজিবি। ৩ ডিসেম্বর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, দুই নম্বর স্লুইস গেট এলাকায় ৪২ বিজিবির ঝিমংখালী-হ্নীলা বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার খলিলুর রহমান ও সিরাজুল ইসলাম এবং নাসাকা বাহিনীর পাঁচ নম্বর সেক্টরের ক্যাপ্টেন খি মংয়ের নেতৃত্বে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মো. ইয়াছিন (৭) ও সরওয়ার আলমকে (৬) নাসাকা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তারা মিয়ানমারের নাফপুরা এলাকার মোহাম্মদ ইলিয়াছের সন্তান।এ প্রসঙ্গে ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কিছুদিন আগে মোহাম্মদ ইলিয়াছ তাঁর দুই ছেলেকে টেকনাফ উপজেলার মহেশখালীয়াপাড়ার একটি বাড়িতে রেখে চলে যায়। এরপর সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের নিতে কেউ আসেনি। পরে বিজিবির জওয়ানরা খবর পেয়ে ওই দুই সহোদরকে উদ্ধার করে।’