নাসার ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই স্যাটেলাইটের যুগে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ এভারেস্টের অবস্থান চিহ্নিত করা নিশ্চয়ই কোনো ব্যাপার নয়। কিন্তু মহাকাশ থেকে তার ছবি তুলতে গিয়ে কিনা ভুল করে বসল খোদ নাসা! হ্যাঁ, বিস্ময়কর হলেও এমন ঘটনাই ঘটেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এর ওয়েবসাইটে হালকা তুষারে ছাওয়া একটি পর্বতশৃঙ্গের ছবি দিয়ে তাকে এভারেস্ট বলে উল্লেখ করেছিল। এতে বলা হয়, পৃথিবী থেকে ৩৭০ কিলোমিটার ওপরে থাকা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (আইএসএস) থেকে রুশ নভোচারী ইউরি মালেনচেনকো ছবিটি তুলেছেন। আসলে পর্বতটির অবস্থান ভারতে। অন্যদিকে এভারেস্টের অবস্থান নেপাল ও চীনের সীমান্তে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য আটলান্টিক, ওয়েবসাইট স্পেস ডট কম ও টিভি চ্যানেল এমএসএনবিসিতে কথিত ওই এভারেস্টের ছবি প্রচারিত হয়। একপর্যায়ে নেপালের মানুষ ভুলটি চিহ্নিত করে। হিমালয় বিশেষজ্ঞ নেপালি সাংবাদিক কুণ্ড দীক্ষিত অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। এরপর নাসা ভুল স্বীকার করে ছবিটি ওয়েবসাইট থেকে তুলে নেয়। নাসার এক মুখপাত্র জানান, যে ছবিটি এভারেস্টের বলে প্রকাশ করা হয়েছিল, সেটি আসলে কারাকোরাম পর্বতমালার সাসের মুজতাগ শৃঙ্গ। এটির অবস্থান ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে। তবে কীভাবে ভুলটি হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এএফপি।