নাসার রকেটে চড়ল আফিয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মনে হচ্ছিল যেন হাওয়ায় ভাসছি। দুই হাত ওঠানো-নামানোর মাধ্যমে চলাচল নিয়ন্ত্রণ করতে হচ্ছিল। এভাবে একবার উঠে যাচ্ছি, আবার নিচে নেমে আসছি। ভারসাম্য বজায় রাখতে যেন হিমশিম খেতে হচ্ছিল।’

মহাশূন্যযানে চড়ার অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিল আফিয়াত ইবনাত আশরাফ। ছুটে চলেছে মহাশূন্যের পথে। তবে সে পথের স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। কারণ, সে চড়েছিল ডামি মহাকাশযানে। খানিক বাদে সেখান থেকে নেমে আসার পরে ভেঙে যায় স্বপ্নের ঘোর। কিছুতেই যেন বিশ্বাস হচ্ছিল না এটা কোনো সাজানো বিষয়।

আফিয়াত তার সহপাঠীদের সঙ্গে গত ৪ অক্টোবর পাড়ি জমায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার সদর দপ্তরে। চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের শিক্ষার্থী আফিয়াত। তার সফরসঙ্গী হিসেবে ছিল ওই বিদ্যালয়ের আরও ২০ জন শিক্ষার্থী। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের দুজন শিক্ষক মো. নুরুল কবির ও ফিরোজ চৌধুরী।

গত আগস্ট মাসে আইম্যাট্রিকস নামের সংস্থার পক্ষ থেকে নাসা যাওয়ার আমন্ত্রণ আসে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে।

আফিয়াতের কাছ থেকে জানা যায়, ফ্লোরিডায় নাসার সদর দপ্তরে সাজানো রয়েছে মহাশূন্যযানের বিভিন্ন মডেল। রয়েছে রকেট গার্ডেন। তাদের সেখানে দেখানো হয় মহাশূন্যে অভিযানের নানা দৃশ্য। নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন নভোচর মার্ক সি লি ও প্রশিক্ষক জেফ।

নাসা সদর দপ্তরে ঘুরে এসে মহাশূন্যের গ্রহ, তারকারাজির অপার বিস্ময়ের মাঝে বিভোর হয়ে আছে আফিয়াত। মহাশূন্যে অভিযানের স্বপ্নও দেখতে শুরু করেছে। তার কথা, ‘এত দিন গ্রহ-নক্ষত্র এবং মহাশূন্য নিয়ে পত্রপত্রিকা এবং বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন দেখেছি। কিন্তু এবার সরাসরি সব কিছু দেখেশুনে এবং নভোচরদের সঙ্গে কথা বলে আগ্রহ আরও বেড়েছে। ভবিষ্যতে এ বিষয়ে উচ্চতর পড়াশোনা করার ইচ্ছে রয়েছে আমার।’

নয় দিনের সফরের প্রথম দুদিন কেটেছে ফ্লোরিডায়। এরপর আফিয়াতেরা চলে যায় বাফেলো ও নিউইয়র্কে। দলবেঁধে ঘুরে বেড়ায় ডিজনি ওয়ার্ল্ড, ইউনিভার্সেল স্টুডিও, নায়াগ্রা জলপ্রপাত, অ্যামপায়ার স্টেট বিল্ডিং প্রভৃতি জায়গায়। ইউনিভার্সেল স্টুডিওতে হ্যারি পটার এবং নায়াগ্রা জলপ্রপাত আফিয়াতকে মুগ্ধ করেছে।

আফিয়াত একাধারে বিতার্কিক, দাবাড়ু, উপস্থাপক। বিদ্যালয়ের প্রায় সব অনুষ্ঠানের উপস্থাপনার ডাক পড়ে তার। বিতর্ক এবং দাবা প্রতিযোগিতার স্বীকৃতি হিসেবে এ পর্যন্ত বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে। মায়ের কাছ থেকে ছবি আঁকা শিখেছে। সপ্তম শ্রেণী পর্যন্ত ছবি আঁকার প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর পড়াশোনার চাপ সামাল দিতে গিয়ে এসব থেকে কিছুটা সরে এসেছে। তবে ছাড়েনি বই পড়া। একরকম বইয়ের পোকাই বলা যায় তাকে। এখনো সুযোগ পেলে হুমায়ূন আহমেদ এবং সমরেশ মজুমদারের বই পড়ে।

তিন ভাইবোনের মধ্যে আফিয়াত সবার ছোট। বড় ভাই শাহাদাত বিন আশরাফ একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পরিচালক। আরেক ভাই আশকার বিন আশরাফ সফটওয়্যার প্রকৌশলী। বাবা আশরাফ আলী

ব্যবসায়ী। মা জোবায়দা আশরাফ রান্না শেখানোর পাশাপাশি ছেলের অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে সহযোগিতা করেন। একইসঙ্গে ‘ময়ূরাক্ষী’ নামের একটি বুটিক হাউস পরিচালনা করেন।