নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুকে খোলা চিঠি
প্রিয় বাচ্চু,প্রথমেই শেষ দৃশ্যের কথা বলি। বিলকিসের মুখে বিদ্যুতের মতো ঝলসে ওঠা এক টুকরো হাসি আর মুঠোয় ধরা গ্রেনেডে লোবানের মতো ফিউম (fume), রবীন্দ্রনাথের ভাষায়—‘দেখা না দেখায় মেশা হে বিদ্যুৎ লতা, কাঁপাও ঝড়ের বুকে একি আকুলতার প্রকাশ।’ সৈয়দ শামসুল হককে, হক ভাইকে বলব, আপনার নিষিদ্ধ লোবান-এর নির্যাস ওই একটি শটে অনন্তকালের জন্য সেলুলয়েডের ফ্রেমে জীবন্ত হয়ে থাকবে। বাচ্চু, তোমার গেরিলা যে কাজটি করেছে, তা হলো—একাত্তরের ধ্বংসস্তূপে আলতাফ মাহমুদের সত্য-ভাষণের সুরকে জাগিয়ে তুলে লাখো দর্শক-শ্রোতার চেতনার দ্বারে আঘাত হানতে সাহায্য করেছে। আমি দেখতে পাচ্ছি—ওরা হল থেকে বের হচ্ছে—আর প্রস্তুতি নিচ্ছে—স্বাধীনতা-পরবর্তী আমাদের ব্যর্থতাকে অবলুপ্ত করে—অপশক্তিকে ধাওয়া দিয়ে নিশ্চিহ্ন করতে। নিরাশ হওয়ার কিছু নেই। ২. এবার সরাসরি ছবিতে আসি। অর্থাৎ একাত্তরে ফিরে যাই। আজ যখন ৪০ বছর পর—আমাদের নবপ্রজন্মের সামনে একাত্তরের দহনকালের কথা বলি, তখন মাঝেমধ্যে মনে হয় নিরেট দেয়ালের সঙ্গে কথা বলছি। শুধু কথা দিয়ে সেই সময়কার ভয়াবহ আবহ সৃষ্টি করা সম্ভব নয়। প্রয়োজন দৃশ্যকাব্যের এবং তা হতে হবে সত্যনির্ভর, সুগঠিত এবং চলচ্চিত্রের ক্ষেত্রে সুচিত্রায়িত। প্রত্যক্ষ অভিজ্ঞতালব্ধ বিশ্বাস অর্জন তোমার আছে। তুমি ৪০ বছরের ব্যবধানে ইমোশনের রং দূরে সরিয়ে রাখতে পেরেছ। রাজনীতির ঘোলা পানিতে কিলবিল করা অবিশ্বাস, সুবিধাবাদী তাত্ত্বিক বিশ্লেষণের ধোঁয়াটে ঘোরপ্যাঁচ, প্রকৃত ইতিহাস মুছে ফেলার বীভৎস খায়েশ—ইত্যাকার অনেক কিছু থেকে দূরে রাখতে পেরেছ গেরিলার চিত্রায়ণকে। এখানে আছে আলম, শাহাদৎ, সামাদ, হাসান, বদি, আলতাফ মাহমুদ, খোকন, বেলায়েত, মিসেস খান এবং আরও আরও অনেক নাম মোজাইকের খণ্ড খণ্ড পাথরের টুকরোর মতো—এবং আছে অনন্যা বিলকিস। ওরা সবাই আমাদের চেনা। ক্ল্যাসিকাল সুরের গাঁথুনিতে যেমন থাকে মুখ-অন্তরা-সঞ্চারী, ধীর লয় থেকে দ্রুতিতে সমাপ্তি, তেমনি গেরিলার গাঁথুনিও ক্ল্যাসিক ধাঁচের। এই চরিত্রগুলোর কোনোটিই ব্যক্তিগত ফ্যান্টাসি থেকে উদ্ভূত কাল্পনিক শৌর্যগাথার আবরণে তৈরি নয়। বিশাল আকৃতির দানবোচিত নায়ক নয়, নয় দাম্ভিক আরনল্ড শোয়ার্জেনিগার। বাস্তবতার বিন্দু বিন্দু এলিমেন্টস দিয়ে তুমি তৈরি করেছ গেরিলা। এমনকি তুমি খোকনকে—যে কিনা গ্রামবাংলার সব চেতনাশীল মুক্তিযোদ্ধার প্রতীক—তাকেও আসমান থেকে লাফ দিয়ে পড়া সুপারম্যান বানাওনি। অসংখ্য সহযোদ্ধার লাশের ভেতর থেকেই তাকে চিহ্নিত করতে হয়েছে। বাচ্চু, বেশি বলব না—শুধু বলব, ‘অসাধারণ!’ ৩.গেরিলা কাব্যের প্রথম পর্বের চরিত্রগুলোর স্থায়িত্ব নিয়ে কয়েকজন প্রশ্ন তুলেছেন। আমি বিনয়ের সঙ্গে বলব, চরিত্রগুলো রক্ত-মাংস বা চেতনার এলিমেন্ট। গণমানুষ থেকে বিচ্ছিন্ন অতিমানব নয়, নয় তথাকথিত হিরোইজমের আদলে তৈরি। যা আমি আগেই বলেছি। কিন্তু ওরা প্রত্যয়ী। ওরা মৃত্যুর মুখোমুখি হয়ে নাটুকেপনা করার চরিত্র নয়। পাকিস্তানি আর্মির পার্টি-দৃশ্যের কথাই ধরা যাক। সহযোগী মিসেস খানকে ফেলে রেখে যাওয়ার সময় বিলকিস চরিত্রটির মেলোড্রামায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল চিত্রায়ণে। কিন্তু তোমার শৈল্পিক পরিমিতি তা হতে দেয়নি। প্রত্যাশিত আঘাতে আক্রান্ত মিসেস খান অবচেতন আর্তনাদ করছে, ‘আমার মাইশা...।’ বিলকিস চরিত্রটি হলো শক্ত সুতো। স্থায়িত্ব সেই সুতোয়, ইনডিভিজ্যুয়াল কোনো চরিত্রে নয়। তাহলেই গেরিলা পরাজিত হতো। ৪. তবে একটা কথা বলি, বাচ্চু, একাত্তরের আবহ থেকে বিচ্ছিন্ন করে রাখা প্রজন্ম বা ইতিহাস বিকৃতির কবলে ফেলে রাখা প্রজন্ম কিন্তু ব্যক্তি-আরোপিত ইমেজের বাইরে—বা ইমেজের কবল থেকে বের হয়ে এসে ‘সমগ্রের’ কথা সহজে ভাবতে পারবে না। ঘোষণা বা কারও ঘোষণা পাঠে বাংলাদেশ স্বাধীন হয়নি। স্বাধীন হয়েছে গণমানুষের আত্মত্যাগে। ৫.একজন নিষ্ঠাবান সাংবাদিক হাসান। বাঙালি জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ, কর্তব্যকাজে যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায়। তার হারিয়ে যাওয়া ২৫ মার্চ রাতের অনিশ্চয়তা, ভয়াবহতা ও অসহায়ত্বের কথা মনে করিয়ে দেয়। স্বামী ফিরে আসেননি। খবরও নেই। একটি শূন্যতা তুমি তৈরি করেছ। এই শূন্যতার ভেতর দিয়ে গল্পের যাত্রা—বিলকিসের যাত্রা—এবং কেমন করে যেন তার নিজের অজান্তেই গেরিলার কর্মকাণ্ডে জড়িয়ে ফেলা—এক ধরনের ট্রান্সফরমেশন তুমি দক্ষতার সঙ্গে করেছ। এখানে অতিনাটকীয়তা করলে—ব্যক্তি বিলকিসের ওপর সাধারণ একটি গল্প বলা হয়ে যেত। তা তুমি করোনি। ৬. তুমি খুব ক্যাজুয়াল অভিনয় আদায় করেছ। একাত্তরে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে—আমরা সবাই খুবই ক্যাজুয়াল ছিলাম। আমি কোনো মুক্তিযোদ্ধাকে ‘হাইপার’ হতে দেখিনি। বিমর্ষ হতে দেখেছি, হতাশ হতে দেখিনি। তুমি যখন মানিকের বা টিটোর মৃত্যুসংবাদ নিয়ে এসেছ, তখনো তোমাকে ক্যাজুয়াল দেখেছি। প্রকৃত অবস্থার ওপর তুমি সৎ থেকেই—ঠিক সেভাবেই চিত্রায়ণ করেছ। আপন মনের মাধুরীতে রং চড়াওনি। ‘ঝড়ের’ মতো চরিত্র—তসলিম সর্দার। এ টি এম শামসুজ্জামানের অনবদ্য চরিত্রায়ণে প্রস্ফুটিত। তসলিম সর্দারের চরিত্রটি আমাদের দেশের চলচ্চিত্রভান্ডারে একটি অবিস্মরণীয় সংযোজন। একাত্তরে মুক্তিযুদ্ধের পটভূমিতে পুরান ঢাকার ‘সর্দার’ চরিত্রের পুনর্জাগরণ ঘটিয়েছ। তাদের মর্যাদার অনেক উঁচু আসনে বসিয়ে একটি স্বাধীন সত্তার ঐতিহ্যকে জনসমক্ষে এনেছ। আখতারুজ্জামান ইলিয়াস বেঁচে থাকলে শান্তি পেতেন। হয়তো তোমার অনভিজ্ঞতা—তাই পার্টি সিকোয়েন্স একটু দুর্বল। অপূর্ব মজুমদারের কণ্ঠ প্রক্ষেপণে পাকিস্তানি আর্মির ধাঁচ নেই। শম্পা সুন্দর। পুরো পার্টির আকর্ষণটা ও-ই কেড়ে নিয়েছে। জয়া ঝড়ের আগের মেঘ। হ্যাঁ, মনে পড়েছে আরেকটি কথা। মদ্যপ অবস্থায় ইয়াহিয়ার সেই বিষোদ্গার মুজিব এবং বাঙালি জাতির প্রতি কেমন যেন ফিকে লাগল। ওই ভাষণের প্রতিটি শব্দ ছিল তক্ষকের বিষাক্ত থুতু ছিটানোর মতো।৭.বিলকিস এখন ট্রেনে। ট্রেন জার্নি। নিশ্চিন্দিপুরের গ্রামের অপু আর দুর্গা চলে গিয়েছিল ট্রেন দেখতে। ট্রেন ওদের কাছে অজানা দূর-দূরান্তরের হাতছানি। ট্রেন দিয়ে চলচ্চিত্রে প্রথম গল্প বলার সচেতন প্রয়াস এডউইন পোর্টার দ্য গ্রেট ট্রেন রবারিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে পূর্ব ইউরোপের ছবি The Closely Guarded Train এক কিশোরের আত্মাহুতির জ্বলন্ত চিত্রায়ণ। বার্ট ল্যাংকাস্টারের ট্রেন—ইউরোপের শিল্পের ভান্ডার রক্ষার নাটকীয় চিত্রায়ণ। আর বাচ্চু—তোমার ট্রেন? তোমাকে তৈরি করে নিতে হয়েছে—আজ থেকে ৪০ বছর আগের ইস্ট পাকিস্তান রেলওয়েকে তৈরি করতে হয়েছে। নিখুঁত হতে হয়েছে ট্রেনটিকে। কারণ, এটি নিছক পাকিস্তানি আমলের ব্রডগেজ লাইনের ট্রেন নয়। ট্রেনটি একাত্তরের একটি সিম্বলিক প্রতিচ্ছবি। ওটি ধারণ করছে পুরো একাত্তরের বাংলাদেশকে। তৎকালীন বাংলাদেশের প্রকৃত অবস্থার মঞ্চায়ন যেন ট্রেনের কম্পার্টমেন্টে। বিলকিস তখন বিলকিস নয়—সমগ্র বাংলাদেশের বাস্তব পরিস্থিতির জীবন্ত সত্তা। ৮. বিলকিস অজান্তেই কখন ট্রেনে উঠেছে ঠিক নেই। টুকরো টুকরো চরিত্র ট্রেনের কামরায় বসা। সব মিলিয়ে সমগ্র বাংলাদেশ। বীভৎস রাজাকার। সেও যেন জানে না কী কারণে সে কী করছে। তোতাপাখি মলম বিক্রেতা। সবাই ‘না’ বলছে—নেবে না মলম। একজন বলছে, ‘হ্যাঁ’। পাকিস্তানি মনোভাবাপন্ন একজন। পাকিস্তানিদের সমস্যা শুধু মানসিকতার নয়, ফিজিক্যাল রোগেও তারা আক্রান্ত—লুক্কায়িত রোগ। তাদের সেই রোগ আজও প্রশমিত হয়নি। ইতিহাস দেখছ না? চমৎকার ডিজাইন বা ক্র্যাফটিং তোমার। ট্রেনে অবরুদ্ধ বাংলাদেশ কিন্তু সেই নিঃশ্বাসহীনতার মধ্যেও তুমি—বাঙালি। তুমি রোমান্টিক—ভুলে যাওনি—ট্রেন জার্নিও রোমান্টিক। বিলকিস-হাসানের ফ্ল্যাশব্যাকগুলো তারই নিদর্শন। ৯. মৃত্যু আমাদের পাশে পাশে হাঁটে—সন্দেহ নেই। কিন্তু মৃত্যুর অভ্যন্তরে বাস করে মৃত্যুকে সঙ্গী করে দীপ্ত যাত্রা—সে অন্য কথা। কবিতায় পড়েছি, লিখেছি—কিন্তু ২৪ ফ্রেম প্রতি সেকেন্ডের সত্যায়নে এই দেখলাম বাংলাদেশের কোনো চলচ্চিত্রে। বিলকিস ধৈর্যশীলা। কঠিন শীলা। সিরাজ—ছায়াসঙ্গী। ওর মনটা অকপট শিশুর মতোই। খোকনের অসাম্প্রদায়িক অল্টার-ইগো—বলা যেতে পারে। শেষ দৃশ্যে চড়ুই পাখির মতো গ্রেনেড বিলকিসের মুঠোয়। একটু পরই হুংকারে ফেটে পড়বে। কিন্তু বিলকিসের হাতের মুঠোয় ধরা গ্রেনেড থেকে লোবানের ধোঁয়া। যে লোবান ওরা দেয়নি খোকনের কবর কিংবা লাশের পাশে ধূমায়িত সুগন্ধে জ্বলতে। ফিউমিং লোবানই এখন আমাদের অস্ত্র। মুহূর্তে লোবান গর্জে উঠবে—গ্রেনেডের আক্রোশে। জয় বাংলা। ১০. এ ধরনের ছবির টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনার খুব একটা সুযোগ থাকে না। তবু একটি কথা বলব—প্রাসঙ্গিক বলেই—বাংলাদেশের গেরিলার অবয়ব ফুটিয়ে তুলতে যেতে হয়েছে মুম্বাই, চেন্নাই। আমি ‘ভারতনির্ভরতা’—এই ভুয়া স্লোগানের কথা বলছি না। প্রসঙ্গটা আমাদের চূড়ান্ত ব্যর্থতার, চলচ্চিত্র নির্মাণে প্রাথমিক সাহায্য দেওয়ার ব্যর্থতার। হায় এফডিসি! বাচ্চু, তোমার প্রাণান্তকর মুম্বাই-মাদ্রাজ আসা-যাওয়া প্রতি সপ্তাহে দু-তিন দিন অন্তর—যেন প্রকারান্তরে তোমার শাস্তি—‘কেন তুই গেরিলা বানাচ্ছিস’? আমরা তো সবকিছু মুছে ফেলার জাত। তুই আবার ছবি আঁকছিস? মানসম্পন্ন ক্যামেরার কাজ গেরিলায়। কিন্তু মান্ধাতার আমলের প্রজেকশনে প্রিন্টের কারণে চোখ বুজে আসে। ছবির মিশ্রিত অডিও ট্র্যাক তার প্রতিকৃতি নিয়ে, প্রকৃতরূপে শ্রবণ-ইন্দ্রিয়ে প্রবেশ করতে পারে না প্রায়ই। সংগীত পরিচালক হিসেবে শিমূল শৌকর্যের পরিচয় দিয়েছে। চলচ্চিত্রের মিউজিক শুধু ধারণকৃত ভিজ্যুয়ালকে আন্ডারলাইন করার জন্য নয়। সমান্তরালভাবে বিকশিত মিউজিকের সঙ্গে ভিজ্যুয়াল মিলেমিশে একীভূত হয়ে সৃষ্টি করে এক অর্গানিক মাত্রা। বাইরে আজ বাংলার ১৪১৮ সাল। অনেক যুদ্ধই বাকি। তার মধ্যে একটি হলো বিচার—সেই পশুদের বিচার। বাচ্চু, তুমি গেরিলার গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছ সঠিক সময়ে—স্বাধীনতার ৪০ বছর পর যখন ঝঞ্ঝাবাতাসে রুদ্ধশ্বাস, যখন পশুরা গুপ্ত গহ্বর থেকে বের হয়ে আসছে—ঠিক তখনই তোমার গেরিলা এবার ‘মুক্তির’ যুদ্ধের জন্য। ছবিটি সবার দেখার জন্য, গেরিলা ব্যবসার জন্য হতে পারে না। নট ফর সেল। তারেক মাসুদের মতো কাঁধে করে প্রিন্ট নিয়ে দেখানো হোক গ্রামগঞ্জে। সহযোগী প্রযোজক ইমপ্রেসের কর্ণধার ফরিদুর রেজা সাগর সাহসী, শিল্পের বোঝা সে বইতে জানে। গেরিলা সবাইকে দেখতে হবে। বাচ্চু, আরেকটি ছবির প্রস্তুতি তুমি নাও। ইতি নয়, আরম্ভটা এখানেই হোক। ইতিসৈয়দ সালাহউদ্দিন জাকী১৭.০৪.২০১১, মুজিব নগর দিবস।