শাহীন-শামীম দুই ভাই। তারা রোজ ক্রিকেট প্র্যাকটিস করতে যেত। প্র্যাকটিস করাতেন কোচ শাকিল রায়হান। কিন্তু কোচের চোখ শাহীন-শামীমের ওপর ছিল না। তিনি খুঁজে বেড়াতেন ছোট্ট একটা ছেলেকে...।কিংবা গল্পের শুরু হতে পারে এভাবেও—শাকিল রায়হান কি হীরা চিনতেন? হীরা পরখ করার জন্য ভদ্রলোকের কোনো আতশি কাচ ছিল না। তার পরও এক যুগ আগে সাদা চোখে ঠিকই চিনে নিয়েছিলেন একটা হীরা। সেই হীরা আজ দীপ্তি ছড়াচ্ছে।শুরু যেভাবেই হোক, গল্পের সেই ছোট্ট ছেলেটি কিংবা আজকের আলো ছড়ানো ‘হীরা’, গল্পের নায়ক, একই। নাম তাঁর নাসির হোসেন।রংপুরের ক্রিকেট কোচ শাকিল রায়হান। স্থানীয় একটি ক্রিকেট একাডেমি চালাতেন। শাহীন-শামীম সেখানেই প্র্যাকটিস করত। মাঝেমধ্যে সঙ্গে নিত ছোট ভাই নাসিরকে। বড়রা প্র্যাকটিস করছে আর মাঠের পাশে ব্যাট নিয়ে নাড়াচাড়া করছে ছোট্ট ছেলেটা। কখনো বা বল নিয়ে হাত ঘোরাচ্ছে। দূর থেকে তাকিয়ে থাকতেন কোচ। এই ছেলে ক্রিকেটার না হয়েই যায় না!এত দিন পর পুরোনো স্মৃতি মনে করতে গিয়ে আনমনা হয়ে যান শাকিল রায়হান, ‘ওর মধ্যে প্রতিভা ছিল। ব্যাটিং স্টাইল, বডি মুভমেন্ট, ফুটওয়ার্ক—ক্রিকেটারদের মতোই ছিল সব। মনে আছে, ১০-১২ বছর বয়সেই আমি নাসিরকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ দিয়েছিলাম।’শাকিল রায়হানের চোখ ভুল করেনি। রংপুরের দেওয়ানবাড়ীর সেদিনের সেই ছেলেটি ক্রমশই খ্যাতিমান হয়ে ওঠার পথে। খ্যাতি তাঁকে দিচ্ছে ক্রিকেট। মাত্র ১৪টা ওয়ানডে আর চারটা টেস্ট খেলা নাসিরকে আজ সবাই চেনে। উদীয়মান এক তারকার ছবি ক্রমশ ফুটে উঠছে বিশ্ব ক্রিকেটের আয়নায়।নাসির বড় খেয়ালি চরিত্রের। তাঁকে যদি জিজ্ঞেস করেন, ‘আপনি কেন ভবিষ্যতের তারকা’, পাল্টা প্রশ্ন শুনবেন, ‘আমারও তো সেটাই প্রশ্ন! আমি কেন ভবিষ্যতের তারকা?’ এই করতে করতে উত্তর খুঁজে পাওয়াই মুশকিল হয়ে পড়ে। নাসিরকে তখন টোকা দিতে হয়। কেন, এই বয়সেই কি কম দেখাচ্ছেন! ৬৩ রান করে ওয়ানডে অভিষেক। ১৪টা ওয়ানডের তিনটাতে ফিফটি আর একটাতে সেঞ্চুরি। মাঝেমধ্যেই ‘ম্যাচ উইনার’ হয়ে ওঠা। টেস্টে ভালো পারফরম্যান্স। সব মিলিয়ে এসেই বাজিমাত করার একটা চেষ্টা তো দেখাই যাচ্ছে...। নাসির আমতা আমতা করে মেনে নেন। অনুভব করেন প্রত্যাশার চাপ, ‘আমার প্রতি এখন সবার প্রত্যাশা বেড়ে গেছে। এই প্রত্যাশা পূরণ অনেক বড় চ্যালেঞ্জ। নিজের মধ্যেও ইচ্ছা জাগছে বড় কিছু হওয়ার।’যে সিঁড়ি ভেঙে এত দূর আসা, তাতে বড় কিছু হলেই মানাবে নাসিরকে। ক্রিকেটের প্রতিটি পরীক্ষায় ভালোভাবে পাস করেই আজ জাতীয় দলে নাসির। বাংলাদেশ অনূর্ধ্ব-১৩, ১৫, ১৭ ও ১৯ দলে খেলেছেন। এরপর ‘এ’ দল, একাডেমি দল হয়ে জাতীয় দলে। যদি ক্লাব ক্রিকেটকে ওপরে ওঠার সিঁড়ি মানেন, সেখানেও এমন কোনো পরীক্ষা নেই, যেটা নাসির পাস করে আসেননি। তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে শুরু। এরপর তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ হয়ে জাতীয় দল। নাসিরের মতো ক্রিকেটের প্রতিটি ধাপ টপকে আসা খেলোয়াড় কমই আছে বাংলাদেশে। কৈশোর থেকে এতটা পথ যে একই ছন্দে হাঁটতে পারে, বড় কিছু হওয়ার স্বপ্ন বোধহয় তার চোখেই মানায়।শুরুর মতো এই গল্পের পুরোটাই হতে পারত অন্য রকম। তারকা না হয়ে নাসির হোসেন হতে পারতেন বাংলাদেশের তরুণ সমাজের বড় অংশের প্রতিনিধি। কিছু হতে চেয়েও কিছুই হতে না পারার দীর্ঘশ্বাস বয়ে বেড়ানো এক তরুণ। সেটা যে হননি, তার গল্পটা ভিন্ন।২০০৪ সালে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর প্রথম কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এরপর সারওয়ার ইমরান, নাজমুল আবেদীন ফাহিমের নামগুলোও এসে যায় বড় হয়ে ওঠার গল্পে। কিন্তু সবার আগে যে নামটা আসে, সেটা রংপুরের সেই শাকিল রায়হানের। নাসির হয়তো ক্রিকেটারই হতেন না, যদি না ধরা পড়তেন ওই জহুরির চোখে।কোচ শাকিল যতই মাঠে টেনে আনতে চাইতেন, নাসির ততই ফাঁকি দিত। এক দিন মাঠে যেত তো দুই দিন যেত না। কোচের ভয়ে পালিয়ে বেড়াত সম্ভাবনাময় ক্রিকেটার। কিন্তু বেশি দিন মাঠে না দেখলে অধৈর্য হয়ে উঠতেন শাকিল রায়হান। একটা সময় নিজেই বাসা থেকে ধরে আনতেন প্রিয় ছাত্রকে। সেই স্মৃতি মনে হলে এখনো হাসি পায় নাসিরের। হাসতে হাসতে ধরে আসে কণ্ঠ, ‘অবদান অনেকেরই আছে। তবে শাকিল ভাই-ই আমাকে ক্রিকেটে টেনে আনেন। বলতে পারেন জোর করে ক্রিকেট খেলা শিখিয়েছেন আমাকে।’শাকিল রায়হান নাসিরকে চিনেছিলেন ছোটবেলায়। আমরা চিনছি আজ। কিন্তু নাসির নিজে কখন বুঝতে পারলেন তার ভেতর এক ঘুমন্ত ক্রিকেটারের বাস? বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের হয়ে শ্রীলঙ্কা সফরটাই মনের জমিনে প্রথম বুনে দেয় আশার বীজ—বড় ক্রিকেটার হতে হবে। বাবা, মা আর চার ভাই এক বোনের সংসারে আশার লালন হয় অনেক যত্নে। এখনো খেলার দিন, এমনকি অনুশীলনের সময়ও শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুম লাগোয়া গ্যালারিতে দেখা যায় পরিবারের সদস্যদের। সুযোগ পেলে এগিয়ে গিয়ে কী যেন বলেন তাঁদের নাসির।কী বলেন? হয়তো বলেন, ‘এখানেই শেষ নয়। আরও বড় হব...।