নাসের রহমানের গল্পগ্রন্থের প্রকাশ অনুষ্ঠান

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, ‘সাহিত্য যদি মানবহৃদয় স্পর্শ করতে না পারে তবে সে সাহিত্য অনেক দূরের হয়ে যায়। নাসের রহমানের গল্পে সাহিত্যের বিস্তার আছে। এ বিস্তার পাঠকের হৃদয় স্পর্শ করতে পারে। ’
চট্টগ্রামে একাডেমির উদ্যোগে ১৪ আগস্ট শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গল্পকার নাসের রহমানের আলোঝরা বনপথ ও এক টুকরো রোদ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেনের সভাপতিত্বে উৎসবে আলোচক ছিলেন কবি অরুণ দাশগুপ্ত, প্রাবন্ধিক ও ভাষাবিজ্ঞানী ড. মাহবুবুল হক, অধ্যক্ষ আনোয়ারা আলম, কবি রাশেদ রউফ।
আবৃত্তিশিল্পী আয়েশা হকের সঞ্চালনায় উৎসবে স্বাগত বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক নেছার আহমদ। শুভেচ্ছা বক্তব্য দেন জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন।