নাৎসিদের লুণ্ঠিত চিত্রকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যান্স ক্রিস্টোফ
হ্যান্স ক্রিস্টোফ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা মানুষের বর্তমানকে কেবল মুছে দিতে চায়নি। চেয়েছিল তার ঐতিহ্য ও ইতিহাসকেও পুড়িয়ে ফেলতে। লেলিহান শিখার দহন এড়িয়ে কীভাবে ইউরোপীয় চিত্রকলার অমূল্য কিছু নিদর্শন টিকে ছিল, সদ্য উদ্ঘাটিত সে কাহিনিই জানাচ্ছেন প্রথম আলোর জার্মান প্রতিনিধি

নাৎসি জার্মানিতে হিটলার ক্ষমতায় ছিলেন প্রায় ১৩ বছর। ক্ষমতার দাপটে আর দখলদারির মাধ্যমে ইউরোপের মানচিত্র প্রায় পাল্টে ফেলেছিলেন। শুধু দেশ দখলেই তাঁরা ক্ষান্ত হয়নি, তাঁরা চেয়েছিলেন ইউরোপের জাতিসত্তাগুলোর শিল্প, সাহিত্য, সংস্কৃতির আমূল পরিবর্তন আনতে। আর তাই চেষ্টাটা শুরু হয়েছিল তাঁদের স্বদেশভূমি থেকেই। ন্যাশনাল সোশ্যালিজম একটি জাতীয় সংস্কৃতির প্রবক্তা হলেও আসলে তা ছিল জার্মান জনগণের স্বাধীনতা ও সংস্কৃতির শত্রু। এর সঙ্গে যেসব রাজনীতিক, দার্শনিক, সাহিত্যিক, চিত্রকর ও বিজ্ঞানীর মতের অমিল ছিল, তাঁরা অত্যাচারিত, গ্রেপ্তার, দেশান্তরী অথবা নিহত হয়েছিলেন।

ম্যাক্স লিবারম্যান
ম্যাক্স লিবারম্যান



জার্মান সংস্কৃতির অপমৃত্যুর প্রথম পর্বে ছিল বইয়ের বহ্ন্যুৎসব। ১৯৩৩ সালের ১০ মে বার্লিনের অপেরা ভবন চত্বরে ও অন্য ২১টি শহরে বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকের যোগসাজশে পোড়ানো হয়েছিল ভিন্নমতাবলম্বী ও ইহুদি লেখকদের অসংখ্য বই। আগুনের লেলিহান শিখায় পুড়েছিল অগ্রণী জার্মান সাহিত্যিক বের্টল্ট ব্রেশ্ট, ফ্রানৎস কাফকা, কুট টুখলস্কি, টমাসম্যান, তাঁর ভাই হাইনরিশম্যান, এরিখ মারিয়া রেমার্ক প্রমুখের লেখাসমূহ। এই কণ্ঠরোধ কেবল সাহিত্যেই সীমাবদ্ধ রইল না, নতুন নাৎসি সংস্কৃতির নখর বিস্তৃত হয়েছিল চলচ্চিত্র, নাটক, সংগীত, চিত্রকলা ও স্থাপত্যের ক্ষেত্রেও।

মার্ক শাগাল
মার্ক শাগাল


জার্মান ভাষায় ‘ইন আর্টেটে কুন্সট’ নাৎসিদের আবিষ্কৃত শব্দ, অর্থাৎ অবক্ষয়ী শিল্প। যে চিত্রকলা ও শিল্পীর রাজনৈতিক এবং ধর্মীয় পরিচয় ন্যাশনাল সোশ্যালিজমের আদর্শ, আধুনিক ইম্প্রেশনিস্ট ধারণা বা সৌন্দর্যবোধের সঙ্গে মিলল না, সেই সব অবক্ষয়ী চিত্রকলা তালিকাভুক্ত করার জন্য কমিটিও করা হলো। এরপর তালিকা ধরে অবক্ষয়ী চিত্রকলাগুলো জার্মানির বিভিন্ন শহরের মিউজিয়াম থেকে নামিয়ে বার্লিনে জড়ো করা হয়েছিল আর এসব চিত্রকরের পেশা ও ছবি আঁকা এবং বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা জারি হলো।

১৯৩৭ সালের ১৯ জুলায় মিউনিখে জার্মানির ৩২টি মিউজিয়াম থেকে অপসারিত ৬৫০টি অবক্ষয়ী চিত্রকলার প্রদর্শনীর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল অদ্ভুত সব বিকলাঙ্গ মানুষের ছবি। এতে করে প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল প্রদর্শিত চিত্রকলাগুলো অসাড়-বিকলাঙ্গ শিল্পেরই স্বরূপ।

অবক্ষয়ী চিত্রকলার বিরুদ্ধে নানা অপপ্রচারের মধ্যে ১৯৩৩ থেকে ১৯৩৭ সাল পর্যন্ত জার্মান ও দখলকৃত অঞ্চলগুলোর সর্বমোট ১০০ মিউজিয়াম এবং জোর করে ব্যক্তিগত সংগ্রহ থেকে এক হাজার ৪০০ শিল্পীর প্রায় ২০ হাজার শিল্পকর্ম সরিয়ে নেওয়া হয়েছিল।

পরে ১৯৩৮ সালের ৩১ মে আইন করে শিল্পকর্মগুলো সরকারি সম্পত্তিতে পরিণত করা হয়। বেশ কিছু ছবি নিলামে বিক্রয়ের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে অর্থসংস্থানের চেষ্টা চলে। বেশ কিছু অবিক্রীত ছবির মধ্যে ১৯৩৯ সালের মার্চ মাসে বার্লিন ক্রয়েজবার্গ এলাকার অগ্নিনির্বাপণকেন্দ্রে এক হাজার চারটি চিত্রকলা ও তিন হাজার ৮২৫টি গ্রাফিক পেইন্টিং পুড়িয়ে দেওয়া হয়।

 অল্প কিছু বাছাই করা পোস্টার পেইন্ট হিটলার স্বয়ং তাঁর কাছে থাকা কিছু ছবির সঙ্গে বিনিময় করেন। পরে আবারও নিলামে বিক্রির জন্য চারজন শিল্পবিশেষজ্ঞ এজেন্টকে দায়িত্ব দেওয়া হয়। তাঁদের একজন ছিলেন মিউনিখ থেকে উদ্ধার করা কর্নেলিয়াস গুরলিটের বাবা হিল্ডেব্যান্ড গুরলিট। ছবিগুলোর উদ্ধারের ঘটনাটিও চমকপ্রদ।

২০১০ সালের সেপ্টেম্বর মাসে জার্মানি-সুইজারল্যান্ড সীমান্তে যাতায়াতকারী ট্রেনের যাত্রীদের রুটিনমাফিক নিয়মিত চেকের সময় জার্মানির রাজস্ব পুলিশ একজন বয়স্ক যাত্রীর কাছে একটি খামে রাখা নয় হাজার ইউরো খুঁজে পান। তদন্ত কর্মকর্তারা পরে জানতে পারেন মিউনিখে সয়েবিঙ্গার এলাকায় বসবাসরত ৮০ বছর বয়স্ক কর্নেলিয়াস গুরলিট মূলত কোনো কাজ করেন না বা বয়স্কভাতা নেন না। সন্দেহবশত জার্মানির রাজস্ব পুলিশের তদন্তকারী দল ২০১২ সালের মার্চ মাসে তাঁর বাড়িতে হানা দেয়। তদন্তকারী দল বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ১২১টি ফ্রেমবন্দী এবং এক হাজার ২৫৮টি ফ্রেমবিহীন দুর্লভ ও হারানো ছবির সন্ধান পান।

ছবিগুলোর মধ্যে রয়েছে ২০ শতকের খ্যাতিমান শিল্পী পাবলো পিকাসো, মার্ক শাগাল, অঁরি মাতিস, অটো ডিক্স, ম্যাক্স লিবারম্যান, এমিল নলডে, ফ্রাঞ্জ মার্ক, ম্যাক্স বেকম্যান প্রমুখ বিখ্যাত শিল্পীর কাজ। তদন্তে বেরিয়ে আসে ছবিগুলো মূলত উত্তরাধিকার সূত্রে কর্নেলিয়াস গুরলিটের হাতে এসেছিল। তাঁর বাবা হিল্ডেব্যান্ড গুরলিট ১৯৩০ সাল থেকেই জার্মান মিউজিয়ামগুলোতে শিল্পকলার উন্নয়ন বিষয়ে কাজ করতেন। একজন শিল্পসংগ্রাহক, ছবি বিকিকিনির এজেন্ট এবং নাৎসি জার্মানির সময়ে তাঁদের দৃষ্টিতে বেমানান অবক্ষয়িত শিল্পকর্ম যাচাই-বাছাই কমিটির চারজনের অন্যতম সদস্য ছিলেন।

এখন এই প্রায় এক হাজার ৪০০ ছবির প্রকৃত মালিকদের খুঁজতে কিছু শিল্পবিশেষজ্ঞ নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। ইহুদি সম্পত্তি পুনরুদ্ধারের আন্তর্জাতিক কমিটির সদস্যরাও এই কমিটিতে রয়েছেন। এসব ছবির মধ্যে ৫৯০টি শিল্পকর্ম দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন পলায়নপর বিভিন্ন মানুষের সংগ্রহ থেকে লুট করা এবং ৩৯০টি শিল্পকর্ম বিভিন্ন মিউজিয়াম থেকে অপসারিত।

২০১২ সালে ছবিগুলোর খোঁজ পাওয়া গেলেও ঘটনাটি এই বছর নভেম্বরে জনসমক্ষে প্রকাশ পেয়েছে। কর্নেলিয়াস গুরলিটের কাছ পাওয়া ছবিগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় এক বিলিয়ন ইউরো।

এসব বিখ্যাত শিল্পকর্ম উদ্ধারের পর থেকেই ছবির প্রকৃত মালিকদের ছবিগুলো ফেরত দেওয়ার দাবি উঠলে আউগসবুর্গের সরকারি কৌঁসুলির পক্ষ থেকে ছবিগুলোর মালিকদের খুঁজতে ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে। তবে বেশ কিছু ছবি কর্নেলিয়াস গুরলিটকে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৬৮ বছর পর শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে নাৎসি জার্মানির নানা দমনমূলক অপকর্ম ও লুণ্ঠনের ঘটনায় এখনো প্রকাশ পাচ্ছে তাদের চরম মানবতাবিরোধী অপরাধ।