খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নাড়াইছড়ি এলাকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। বাবুছড়া ইউনিয়নের সীমান্তবর্তী এই এলাকায় জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু লারমা) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থকদের মধ্যে চলছে আধিপত্য বিস্তারের লড়াই। সর্বশেষ ১৯ জুলাইয়ের ঘটনাসহ গত কয়েক মাসে এই এলাকায় সাতটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।এর আগে গত ১৪ জুনও এ এলাকায় দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছিল। এর পরদিন আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী অভিযানে নামলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এক মাস স্বাভাবিক থাকার পর আবারও অশান্ত হয়ে উঠেছে নাড়াইছড়ি। এলাকার ২০টি গ্রামের আদিবাসী নারী-পুরুষ বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসীর অভিযোগ, যত দিন নিরাপত্তা বাহিনীর অভিযান চলে, তত দিন পরিস্থিতি শান্ত থাকে। অভিযান শেষ হলে আবারও সংঘাত শুরু হয়।নাড়াইছড়ির চন্দ্রমোহন কার্বারীপাড়া, আড়াল্যা কার্বারীপাড়া, অকস্যা কার্বারীপাড়া ও ঊষারাম কার্বারীপাড়ার কয়েকজন এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, নাড়াইছড়িতে তাঁরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালে এলাকা কিছুদিন শান্ত থাকে, তাঁরা চলে গেলে আবার হানাহানি শুরু হয়। অশান্ত পরিস্থিতি চললে নাড়াইছড়িতে কোনো খাদ্যসামগ্রী আসে না। এর ফলে দুর্ভোগ বাড়ে গ্রামবাসীর। বাবুছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পরিতোষ চাকমা জানান, ‘নাড়াইছড়িতে ২০ গ্রামে আট শতাধিক পরিবারের বসবাস। সেখানে আদা-হলুদ ছাড়া খাদ্য উৎ পাদনের কোনো ব্যবস্থা নেই। জুমে ধান চাষ হলেও তা দিয়ে একটি পরিবারের কেবল দেড় মাসের খাদ্যের চাহিদা মেটানো সম্ভব। পরিস্থিতি অশান্ত থাকলে বাবুছড়া থেকে নাড়াইছড়ি নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। নৌচলাচল বন্ধ থাকলে নাড়াইছড়িতে খাদ্যসংকট দেখা দেয়।’ জনসংহতি সমিতির (সন্তু লারমা) কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজিব চাকমা বলেন, ‘জেএসএস গণতান্ত্রিক সংগঠন। জেএসএস সন্ত্রাসে বিশ্বাস করে না। নাড়াইছড়ি এলাকায় জেএসএসের কোনো সদস্য নেই এবং জেএসএসের সঙ্গে এ পর্যন্ত কারও কোনো বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেনি। ইউপিডিএফের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সেখানে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে।’ইউপিডিএফের দীঘিনালা ইউনিট প্রধান উদয় চাকমা বলেন, ‘ইউপিডিএফের কোনো সশস্ত্র সংগঠন নেই। আমরা গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। আমাদের মধ্যে অভ্যন্তরীণ কোনো কোন্দল নেই। জেএসএস অস্ত্রবাজির রাজনীতি করে এবং তাঁদের সশস্ত্র মহড়ার কারণে নাড়াইছড়িবাসী এখন আতঙ্কিত।’ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লোঘাং জোনের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল হাসান বলেন, ‘নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। আমরা এলাকাবাসীর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং প্রতিদিন পর্যবেক্ষণ করছি। নাড়াইছড়ি এলাকায় সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে বিজিবি সজাগ দৃষ্টি রাখছে। এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। ১৯ জুলাইয়ের ঘটনার পর পর ঘটনাস্থলে বিজিবির টহলদল পাঠানো হয়েছে।’খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজ বলেন, ‘নাড়াইছড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস-ইউপিডিএফ কয়েক মাস ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে। ওই এলাকায় কয়েক দফা বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে। নাড়াইছড়ি দুর্গম এলাকা হওয়ায় সেখানে সব সময় পুলিশ পাঠানো সম্ভব হয় না।