নাড়ির টানে বাড়ির পানে
ক্লাস, পরীক্ষা, লাইব্রেরি ও অ্যাসাইনমেন্ট। জীবন যেন ছকে বাঁধা। ‘চৌপর দিন ভর’ কেবল নোটপত্র নিয়ে ছোটাছুটি। এভাবে আর কত? একসময় একঘেয়েমি চলে আসে, হাঁপিয়ে ওঠে মন। তখন একটু ছুটি, একটু অবসর—যেন অনেক প্রত্যাশিত বৃষ্টি। অন্তত এ সময়ের সেমিস্টার-নির্ভর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তো বটেই।এখন তাই বন্ধুদের আড্ডার বড় অংশ জুড়ে থাকছে ঈদের ছুটি। কে কবে বাড়ি যাবেন, কীভাবে ছুটি কাটাবেন, এ নিয়ে চলছে বাতচিত। ক্লাসের ফাঁকে কলা ভবনের সিঁড়িতে আড্ডা জমিয়েছেন শাওন, সামি, সঞ্জু ও স্নিগ্ধা। সঞ্জু এবার গ্রীষ্মের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তাই কাঙালের মতো অপেক্ষা করছেন ঈদের ছুটির জন্য। ‘ক্যাম্পাস যেদিন বন্ধ হবে, সেদিন রাতেই রওনা দেব আমি।’ বলছিলেন সঞ্জু। সামির অবশ্য এ-জাতীয় কোনো তাড়া নেই। তিনি ঢাকাতেই ঈদ করবেন। কারণ, সামির জন্ম, বেড়ে ওঠা, পরিবার-পরিজন—সবকিছু ঢাকাতেই। স্নিগ্ধার কিছু টুকটাক কেনাকাটা বাকি। ‘ওটুকু শেষ হলেই বাসে চেপে বসব আমি। কত দিন হয় আব্বুকে দেখি না...।’ আবেগে ছলছল করে ওঠে স্নিগ্ধার চোখ।ওদিকে সেন্ট্রাল লাইব্রেরির সামনে বসেছেন মেহেদী, রিপন, পরশ, ভূপেশ, পিয়াস আর রাসেল। ঈদুল ফিতর বাংলাদেশে সর্বজনীন উৎসব হয়ে উঠেছে। শুধু মুসলিম নয়, অন্য ধর্মের মানুষজনও এই সময়টাকে দেশের সবচেয়ে বড় উৎসব হিসেবে উদ্যাপন করে। হিন্দু পরিবারের ছেলে ভূপেশ, কিন্তু ঈদের ব্যাপারে তাঁর উৎসাহের কমতি নেই। প্রতিবছর ঈদের সময় বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন তিনি। বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে সেমাই খান।‘সারা বছরের সেমাই আমি এই এক দিনই খাই’—হাসতে হাসতে বললেন ভূপেশ।পিয়াসের মন একটু খারাপ। আর সবার মতো ক্যাম্পাস বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরতে পারবেন না তিনি। ‘টিউশনির টাকা এখনো হাতে পাইনি। টাকাটা পেলে ছোট ভাইবোনদের জন্য কিছু কেনাকাটা করব। তারপর বাড়ি ফিরব।’ বলছিলেন পিয়াস।পিয়াসের মতো অনেকেই আছেন এই শহরে, যাঁরা টিউশনি করে অথবা কোনো পার্টটাইম কাজ করে নিজের খরচ চালান। মাঝেমধ্যে এ রকম ঈদ-পার্বণে অনুজ ভাইবোনদের আবদারও রক্ষা করেন তাঁরা। এতে অবশ্য তাঁদের আনন্দটা বাড়ে বৈ কমে না।কিন্তু ঈদ যতই আনন্দের হোক, ঈদে বাড়ি ফেরাটা অনেকের কাছেই অভিশাপস্বরূপ। বাস-ট্রেনের টিকিট সংগ্রহ করতে যে কী পরিমাণ ঝক্কি-ঝামেলা পোহাতে হয়, তা ভুক্তভোগী মাত্রই জানেন। বাস-ট্রেন কিংবা লঞ্চ—সবখানেই থাকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। অগ্রিম টিকিটের জন্য ভোর থেকে বিকেল অবধি লাইনে দাঁড়িয়ে থাকার পর শোনা যায় ‘টিকিট শেষ’!তার পরও শাওন, পিয়াস, সঞ্জু, মেহেদীরা বাড়ি ফিরবেন। ভালোবাসার টানে, নাড়ির টানে। হয়তো বাস-ট্রেন-লঞ্চের কোথাও সিট না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই পাড়ি দেবেন দীর্ঘ পথ।মায়াবী রাত আর আগণন তারার সঙ্গে নিঃশব্দে গল্প করতে করতে একসময় পৌঁছে যাবেন আপন ঠিকানায়, যেখানে প্রোথিত রয়েছে তাঁদের শিকড়, যেখানে অপেক্ষায় আছে বাড়ির পাশের শান্ত পুকুর, মাছরাঙা, প্রজাপতি কিংবা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা একজোড়া সজল চোখ...!