‘অভিনন্দন নয়, প্রশংসা নয়’ মান্না দের বিখ্যাত এই গানটি দিয়ে শুরু হয় সংগীতের আসর। শুরুর এই গানটাই যেন জানান দিল আসর জমবে। আর শেষ পর্যন্ত হলোও তাই। ২৪ জুন চকরিয়া আবাসিক মহিলা কলেজ হলে এভাবেই দর্শকদের সুরধারায় ভাসিয়ে নিয়ে যান গুণী শিল্পী সমরজিৎ। চকরিয়ার সন্তান তিনি। ইতিমধ্যেই দেশে-বিদেশে শিল্পী হিসেবে নিজের আসন পাকাপোক্ত করেছেন। তাই জন্মস্থানে প্রিয় মানুষজনের টানে হাজির হয়েছিলেন তিনি। ওই দিন সমরজিৎকে সম্মাননা জানানো হয় উপজেলা পরিষদের পক্ষ থেকে।সমরজিৎ ভারত সরকারের বৃত্তি নিয়ে উচ্চাঙ্গসংগীতে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন দিল্লির গন্ধর্ব মহাবিদ্যালয়ে। পেয়েছেন পণ্ডিত ডি বি পলুস্কর অ্যাওয়ার্ড, বাসুদেব চিন্তামন অ্যাওয়ার্ড, সঙ্গীতা বসন্ত বেন্দ্রে অ্যাওয়ার্ড, নলিনী প্রতাপ অ্যাওয়ার্ডের মতো সম্মানজনক পুরস্কার। সমরজিৎকে একনজর দেখতে ও তাঁর গান শুনতে হাজির হয়েছিলেন অনেক দর্শক। বৃষ্টি উপেক্ষা করে মিলনায়তনের বাইরে দাঁড়িয়ে ছিলেন অনেকে। সমরজিৎও নিরাশ করেননি দর্শকদের। একে একে গেয়ে শোনান ‘তোমারি পরশে’, ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ’আজ এই বৃষ্টির কান্না দেখে’সহ বেশ কয়েকটি গান। দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন সমরজিতের হিন্দিভাষী স্ত্রী দিল্লির মেয়ে চিত্রা রায়। অপূর্ব কণ্ঠে গাইলেন রবীন্দ্রসংগীত ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। ভিন্নভাষী শিল্পীর মুখে বাংলা গান দর্শক হূদয়ে স্থায়ী হবে বহুদিন। এর আগে আলোচনা সভার পর সমরজিতের হাতে ক্রেস্ট তুলে দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।