নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরফানের গাড়িতে আমি, সাইদ আর জাতিসংঘ শান্তি মিশন থেকে সদ্য ফেরা ক্যাপ্টেন আহমেদ। গন্তব্য চট্টগ্রাম রেলওয়ের সিআরবি কলোনির উঁচু পাহাড়। পিচঢালা আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে উঁচুতে পৌঁছালাম। এখানে আমার উদ্দেশ্য, ইরফানের ৯৫ হাজার টাকায় সদ্য কেনা এইচপি ল্যাপটপ দর্শন। গাড়ি থেকে নেমে চার বন্ধু শহরটির চারপাশটা দেখে নিলাম। সন্ধ্যা নেমে গেছে বহু আগে। উঁচু পাহাড় থেকে দিগন্তে প্রায় বঙ্গোপসাগর পর্যন্ত দৃষ্টিগোচর হয়। রাতের অন্ধকারে চারদিকে আলো ঝলমল করছে চিরচেনা নিজ চট্টগ্রাম শহর। জায়গাটা বেশ নয়নাভিরাম ও নিরিবিলি। খানিকক্ষণ পর শুরু হলো ইরফানের বহু কাঙ্ক্ষিত ল্যাপটপের সঙ্গে পরিচয়পর্ব। একাগ্রচিত্তে চলছে ল্যাপটপের পরিচিতি সভা। কিছুক্ষণ পর সবাই একযোগে খেয়াল করলাম, রাস্তার দুই পাশ দিয়ে তিনজন করে ছয়জন লোক আমাদের দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। পরিস্থিতিই বলে দিচ্ছে, তাদের গতিবিধি অত্যন্ত সন্দেহজনক। সাইদ স্মরণ করিয়ে দিল, সন্ধ্যার পর এ জায়গায় প্রায়ই ছিনতাই হয়। সঙ্গে সঙ্গে অনুভব করলাম, বুকের ভেতর ঢোলের শব্দ। পকেটের হাজার দুয়েক টাকার চেয়েও বেশি মায়া লাগছে কোম্পানির দেওয়া মোবাইল ফোনসেট ও মাসে আট হাজার টাকার ক্রেডিট লিমিটের সিমটার জন্য। কারণ, গত দুই বছরের বহু কষ্টার্জিত সংগ্রহ দুই শতাধিক ভিআইপি কাস্টমারের নম্বর সেভ করা আছে সেটটিতে। নিজের ওপর খুব রাগ হচ্ছিল, মূল্যবান নম্বরগুলোর ব্যাকআপ না রাখার কারণে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সাইদ বলল, ‘কি ইরফান, ল্যাপটপটার জন্য মায়া হচ্ছে বুঝি।’ সাইদের নিজেরও ভয় কম নয়। তার প্যান্টের দুই পকেটে দুটো এন সিরিজের নকিয়া ফোনসেট। এসবের বাইরে সবচেয়ে বেশি অবাক করছিল আহমেদের নির্বিকার ভঙ্গি। তার ইউএন মিশনের বহু গল্প শুনেছি। এর একটি হলো আফ্রিকা মহাদেশের একটি দেশের ঘটনা। মিশন ক্যাম্পের পাশে একটি মার্কেটে সন্ধ্যার পর আহমেদ গেছে কয়েকজন সঙ্গীসহ শপিং করতে। হঠাত্ মিলিশিয়ারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুরো মার্কেট ঘেরাও করে ফেলে এবং মুহুর্মুহু গুলি ছুড়তে শুরু করে। আহমেদ ও তার সঙ্গীরা তখন অস্ত্রশূন্য। কোনোমতে শত্রুপক্ষের চোখ ফাঁকি দিয়ে যখন তারা এসএমজির কাছ পর্যন্ত পৌঁছায়, তখন সবাই যেন প্রাণ ফিরে পায়। পাল্টা গুলিবর্ষণ করে শত্রুপক্ষকে হটিয়ে দিয়ে নিশ্চিত মৃত্যুর হাত থেকে সে দফায় তারা সবাই বেঁচে যায়। কিন্তু এখন তার নির্বিকার ভঙ্গি আমাদের ভাবিয়ে তুলেছে। জিজ্ঞেস করলাম, ‘কি আহমেদ, কী ভাবছ!’ তার সদা হাস্যময় মুখে সাদামাটা উত্তর, ‘আল্লাহ ভরসা’। যাক আশান্বিত হলাম, কিছু একটা করবে সে। ভয় ও শঙ্কা নিয়ে অপেক্ষা করছি, কী হয় তা দেখার জন্য। ওরা ছয়জন প্রায় ১৫-২০ গজ দূরত্বের মধ্যে আসতেই হঠাত্ আহমেদের কমান্ডিং সুরে জিজ্ঞাসা, ‘এই, আপনারা কারা? কী করছেন এখানে?’ অকস্মাত্ এ ধরনের কঠোর প্রশ্ন শুনে তারা যেন ভ্যাবাচেকা খেয়ে গেল। থেমে গেল তাদের গতি। বোঝা গেল, এ ধরনের আচমকা প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না তারা। এ ওর মুখ চাওয়াচাওয়ি করে তাদের একজন জবাব দিল, ‘আমরা এলাকার ছেলে। এমনিতে ঘুরতে এসেছি এখানে।’ জবাব শুনে আহমেদ নির্দেশের সুরে বলল, ‘এখান থেকে সবাই চলে যান। আমরা কাজ করছি।’ কিংকর্তব্যবিমূঢ় হয়ে তারা দাঁড়িয়ে রইল। নির্দেশ দেওয়ার পরও তাদের অনড় অবস্থান দেখে এবার তার বজ্রকণ্ঠে হুঙ্কার ধ্বনি, ‘কী হলো, শুনতে পাচ্ছেন না, চলে যেতে বলেছি এখান থেকে। এখনই চলে যান সবাই!’ এবার কাজ হলো ওষুধের মতো। তারা সুবোধ বালকের মতো উল্টো পথে যাত্রা করল। হাঁপ ছেড়ে বাঁচলাম সবাই। তারা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই হাসতে হাসতে বিজয়ীর বেশে আমাদের উদ্দেশে দেওয়া ক্যাপ্টেন আহমেদের মহান বাণী, ‘খালি হাতে শত্রুর ওপর বিজয়ী হওয়ার অন্যতম কৌশল হচ্ছে, লড়াই করার আগেই তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া।’হাসানমায়াকানন, সবুজবাগ, ঢাকা।