নায়কের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জামালপুর জেলা পাবলিক লাইব্রেরির আটপৌরে কক্ষটিতে বসে একটু দ্বিধা কাজ করছিল। মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস লিখব, পারব তো! তখন কয়েকটি শব্দ শুধু মাথায় খেলে যাচ্ছিল—ইতিহাস, সঠিক তথ্য, বস্তুনিষ্ঠতা। কাজটি আমার কাছে ছিল একই সঙ্গে সম্মানের ও ভয়ের। ভয় এই জন্য যে মুক্তিযুদ্ধের ১৮ বছর পর আমার জন্ম। তাই মুক্তিযুদ্ধ সম্পর্কে যা জেনেছি তা বই পড়ে, সিনেমা দেখে আর লোকমুখে শুনে। আর সেই বই পড়ে সিনেমা দেখে আর গপ্প শুনে যা জেনেছি, সেটা মুক্তিযুদ্ধের গৎবাঁধা ইতিহাস। স্থানীয় পর্যায়ে মানে আমার উপজেলায় (দেওয়ানগঞ্জ) সে সময় কী হয়েছিল, তা জানা ছিল ভাসা-ভাসা। পর্যাপ্ত বইও নেই। সেখান থেকেই কাজটি শুরু করি।
কাজটি মূলত তথ্য সংগ্রহের, তবে কর্তৃপক্ষ নাম দিয়েছে তথ্য সংগ্রহ ও গবেষণা। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের তথ্যকোষ শিরোনামে প্রকল্পটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির, যে তথ্যকোষে প্রতিটি উপজেলার মুক্তিযুদ্ধের খুঁটিনাটি থাকবে। এটি ২০১৬ বাংলা ও ইংরেজি ভাষায় বই আকারে প্রকাশ করা হবে, এ ছাড়া সিডিতেও পাওয়া যাবে বলে জেনেছি।
বিচিত্র অভিজ্ঞতা হয়েছে কাজ করতে গিয়ে। অনেক গুণীজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তাঁদের বীরত্বগাথা শুনতে শুনতে বুকটা চওড়া হয়ে গেছে। শুনতে হয়েছে অনেক অপ্রিয় সত্য কথাও।
কিছুদিন তথ্য সংগ্রহের পর হুট করে মাথায় চাপল, আচ্ছা আমাদের উপজেলার প্রথম পতাকা উত্তোলন করেছেন কে? কোনো বই থেকে এই তথ্য খুঁজে পেলাম না। আমি নেমে গেলাম সেই নায়কের খোঁজে। কয়েক মাস পর আমাকে সে নায়কের কথা জানালেন সাংবাদিক হারুন হাবীব। তাঁর নাম আনোয়ারুল আজিম সানা। তাঁর বীরত্বগাথা সংক্ষেপে বলি, আনোয়ারুল আজিম ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) তরুণ শিক্ষার্থী। ৭ মার্চের পর ঢাকা ছেড়ে গ্রামে চলে যান। তাঁর নেতৃত্বে ১২ মার্চ দেওয়ানগঞ্জ বাজারের বিভিন্ন দোকান থেকে ইয়াহিয়া খান ও মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলা হয়। শুধু তা–ই নয়, তাঁর উদ্যোগেই সেদিন শহরের বেলতলী রেল ক্রসিংয়ে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরা, ঢাকা মেডিকেলের ছাত্র মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হারুন হাবীব, আবুল হোসেন, চাঁন মিয়াসহ অনেক মুক্তিপাগল তরুণ।
ইতিহাস বলে, ২৬ এপ্রিল পাকিস্তানি বাহিনী উপজেলায় ক্যাম্প স্থাপনের পর প্রথম যাঁকে হত্যা করে তাঁর নাম আনোয়ারুল আজিম। স্থানীয় দালালদের সহায়তায় তাঁকে ও তাঁর ভাইকে পাকিস্তানি বাহিনী ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। ৬ মে আনোয়ারুল আজিম মৃত্যুবরণ করেন।