নায়কের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কার বাবা কী করেন।’ স্কুলে এই প্রসঙ্গ উঠলেই আমি মুখ লুকাতাম। তখন আব্বার ওপর খুব রাগ হতো। মনে হতো, উফ্, কী দরকার ছিল লোকটার এই ফুটবল-টুটবল খেলার! আমি ফুটবলার কাজী সালাউদ্দিনের মেয়ে, এটা জানলেই শিক্ষকদের চোখ বড় বড় হয়ে যেত! শুরু হতো হাজারটা প্রশ্ন, আর আমাকে আলাদা চোখে দেখা। কী যে লজ্জা লাগত! আব্বার সঙ্গে বাইরে বেড়াতে গেলেও বিপত্তি। ট্রাফিক সিগন্যালে আমাদের গাড়িটা একটু ক্ষণের জন্য দাঁড়ালেই হলো, মানুষজন হুমড়ি খেয়ে পড়ত গাড়ির ওপর। ছোট্ট আমার কাছে মনে হতো, বাবা মানেই হলো ভিড়, ঠেলাঠেলি, হুড়োহুড়ি!তবে হ্যাঁ, আমার কাছে আব্বার আরেকটা পরিচয় ছিল, এখনো আছে: ‘হ্যাঁ মানব!’ আব্বা আজ পর্যন্ত কখনো আমাকে কোনো কিছুতে ‘না’ বলেননি। যত ছেলেমানুষি, আজগুবি, ভয়ংকর আবদারই হোক না কেন; সেই ছোট্টবেলা থেকে আজ অবধি। একেবারেই তরুণ বয়সে আব্বার ব্যবসায় যোগ দিতে চাইলাম, তিনি বাধা দেননি। একবার খুবই উচ্চাকাঙ্ক্ষী, ঝুঁকিপূর্ণ একটা প্রকল্প হাতে নিলাম। তাতেও তাঁর না নেই। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বাবা ঠিকই জানতেন, পুরো টাকাটাই জলে যাচ্ছে। তিনি তবু চাইছিলেন ভুল থেকেই আমার শেখা হোক। টাকাটা জলে গেলেও, আমাকে দেওয়া তাঁর শিক্ষা জলে যায়নি। আমি শিখেছি! সেদিন আব্বা যদি নিষেধ করতেন, হয়তো সারা জীবন ভাবতাম—আমিই ঠিক ছিলাম।ছোটবেলায় আব্বাকে খুব বেশি কাছে পেতাম না। সারা দিন ব্যস্ত থাকতেন তাঁর কাজ নিয়ে। আমার দিন কাটত আম্মার বকাঝকা শুনে! অপেক্ষা করতাম, কখন আব্বা আসবেন। গাড়ির হর্ন শুনলেই হলো, দৌড়ে নিচে যেতাম। আম্মা বকা দিয়েছে, অমুক চুল ধরে টেনেছে, তমুক চিমটি কেটেছে...শুরু হতো অভিযোগের ফিরিস্তি দেওয়া। মজার ব্যাপার হলো, আজকের দিনে আব্বা ব্যবসার খটমটে কথাগুলো যতটা গুরুত্ব দিয়ে শোনেন, সেদিনের সেই ছেলেমানুষি কথাগুলোও ততটাই গুরুত্ব দিয়ে শুনতেন! আমার নিজস্ব ভাবনা, বক্তব্যগুলোকে কখনোই অশ্রদ্ধা করেননি। আমার স্বপ্নের খেলার মাঠে আব্বা কখনোই রেফারি হয়ে আসেননি, বন্ধু হয়ে পাশে থেকেছেন!মাঝেমধ্যে বিরক্ত লাগত। মনে হতো, আব্বা কেন অন্য বাবাদের মতো বকাঝকা করে বাড়ি মাথায় তোলেন না! অমনটা হলেই তো বেঁচে যেতাম। একচোট বকাঝকা খেলেই খেল খতম। মনোযোগ দিয়ে আমার কথা শোনা, আমার ওপর বিশ্বাস রাখা—এগুলোই যেন প্রত্যাশার চাপ আরও বাড়িয়ে দেয়। ভুল করলে আব্বা যতই বলেন ‘ইটস ওকে’, আমার ততই মনে হয় ‘ইটস নট ওকে’!এখন আব্বার যাবতীয় ধ্যান-জ্ঞান তাঁর ‘গার্লফ্রেন্ড’ কিরা। কিরার ছবি মুঠোফোনে নিয়ে ঘুরে বেড়ান। সবাইকে দেখান, আর বলেন, ‘দেখো, পৃথিবীর সর্বকনিষ্ঠ গার্লফ্রেন্ড আমার!’ বলছি আমার আড়াই বছর বয়সী মেয়ে কিরাকে নিয়ে আব্বার ‘মাতামাতি’র কথা। ছেলেটাকে ‘উচ্ছন্নে’ নিতেও আব্বা সদা তৎপর! আজ হয়তো আমি ছেলে জিডেইনকে বোঝাচ্ছি, ‘টাকার অপচয় করবে না।’ পরদিনই আব্বা তার জন্য আইফোন নিয়ে হাজির! আমি বলি, ‘আমাদের তো এত মাথায় ওঠাওনি।’ আব্বা হাসেন। বলেন, ‘তখন তো আমি বাবা ছিলাম, এখন নানা।’ আব্বা-আম্মা দুজনই নাতি-নাতনি বলতে অজ্ঞান। সেদিনের সেই ছোট্ট আমি হয়তো বিরক্ত হতাম। কিন্তু আজ আমি জানি, আব্বা আমাদের কাছে কতখানি গৌরবের! যেকোনো জায়গায় আব্বার নাম বললেই সবগুলো দরজা খুলে যায়! তাঁর নামের সঙ্গে কোনো দল-মত নেই। সবার কাছেই তিনি ‘আমাদের সালাউদ্দিন’! আমি জানি, তাঁর আজকের অবস্থানে আসার পেছনে সবচেয়ে বড় শক্তি হলো তাঁর সততা। আব্বা নিজে সৎ, আশপাশের মানুষগুলোকেও তাঁর মতোই সৎ ভাবেন। কারও সঙ্গে ব্যবসার আলাপে গেলে আমি আগেই ভ্রু কুঁচকে বসি। একগাদা সন্দেহ মনে ঘুরপাক খায়। আব্বা একেবারেই তেমনটা নন।যখন আমার ১৬ বছর বয়স, আব্বা হাতে তুলে দিয়েছিলেন আয়ান র‌্যান্ডের লেখা অ্যাটলাস শ্রাগড বইটা। এই একটা বই থেকে আমি অনেক কিছু শিখেছি। গল্পটা ‘নায়ক’দের নিয়ে। কখনো যদি সুযোগ হয়, সেই কিশোরী বয়সে আব্বা আমাকে যে বইটা উপহার দিয়েছিলেন, আমিও তাঁকে সে বইটা উপহার দেব। নায়কদের গল্প একজন ‘নায়কের’ হাতেই মানায়!অনুলিখিত