কাজের প্রতি নিষ্ঠা আর মানুষের প্রতি ভালোবাসা থেকে কিছু মানুষ জীবন বাজি রেখে কাজ করে যান। তাঁদের কাজের গুণেই কেউ কেউ পেয়ে যান নায়ক কিংবা বীরের খেতাব। টাইম সাময়িকী কদিন আগে তেমনি কিছু মানুষের মাঝ থেকে সেরা ১০ জন নায়কের একটি তালিকা প্রকাশ করেছে। শুনুন তাঁদেরই কয়েকজনের কথা।মহানায়কনিজের জীবন দিয়ে যে মানুষ অন্যের উপকার করে, তিনি তো মহানায়কই বটে। ঠিক এমনই এক নায়ক হচ্ছেন মুয়েলমার ম্যাগালানস। গত সেপ্টেম্বর মাসে ফিলিপিনসের ম্যানিলায় যখন ঝড় আঘাত হেনেছিল, তখন ম্যাগালানস অস্থির হয়ে উঠেছিলেন। ম্যাগালানস ঝড়ো বাতাসের তোয়াক্কা না করে মানুষের প্রাণ বাঁচাতে নেমে পড়েন। প্রথমেই তিনি প্রায় এক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ঝোড়ো হাওয়া আর নদীর পানি যখন পুরো গ্রাম গ্রাস করে ফেলে, তখন তিনি প্রাণ বাজি রেখে নিজের পরিবারসহ আরও ৩০টি পরিবারকে উঁচু জায়গায় স্থানান্তর করেন। একটি ফুটফুটে বাচ্চাসহ মাকে বাঁচাতে গিয়ে পানিতে পড়ে যান তিনি। তারপর কোনো রকমে একটি ভেলা ধরে এগোতে থাকেন। অনেকক্ষণ ধরে বৈরী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে থাকায় ক্লান্ত হয়ে পড়েন মুয়েলমার ম্যাগালানস। হঠাত্ প্রচণ্ড এক বাতাস এসে উড়িয়ে নিয়ে যায় তাঁকে। অনেক খোঁজাখুঁজির পর পরের দিন নদীর পাড়ে পাওয়া যায় তাঁর মৃতদেহ। ওই ফুটফুটে বাচ্চাটির মা মেনচি পেনালোসা বলেন, ‘তিনি আমার এই ছোট্ট বাচ্চাটিকে বাঁচাতেই নিজের প্রাণ দিয়েছেন। আমি কখনোই তাঁর এই জীবন উত্সর্গের কথা ভুলতে পারব না।’প্রতিবাদী ব্লগারব্লগার তান জুওরেন অন্যায়-অবিচার দেখলেই তা রোধ করতে ঝাঁপিয়ে পড়েন সঙ্গে সঙ্গে। তাঁর সব সময়ের অস্ত্র লেখা। আর অন্যায়-অবিচারের বিরুদ্ধে লিখতে গিয়েই তাঁকে জেল খাটতে হয়েছিল পাঁচ পাঁচটি বছর! ২০০৮ সালের মে মাসে চীনের সিচুয়ান প্রদেশে যখন ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, তখন শতাধিক দালানকোঠা ভেঙে চুরমার হয়ে যায়। এসব দালানকোঠার মধ্যে বেশির ভাগই ছিল ছোট বাচ্চাদের স্কুল। এতে প্রায় এক হাজারেরও বেশি শিশু প্রাণ হারায়। এসব শিশুর বেঁচে যাওয়া মা-বাবাদের সন্তানবিয়োগের আহাজারি দেখে তান জুওরেনের হূদয় কেঁদে ওঠে। তিনি সেই সব সন্তানের মা-বাবাসহ বেশ কিছু সঙ্গীসাথি নিয়ে উঠেপড়ে লেগে যান এর কারণ অনুসন্ধানে। তিনি বুঝতে পারেন, শুধু সস্তা দরে বানানো দালানকোঠাই ভূমিকম্পে ভেঙে গেছে। এতগুলো নিষ্পাপ শিশুর প্রাণ হারানোর মূল কারণ এটাই। এরপর তিনি যেসব প্রতিষ্ঠান এসব দালান বানানোর অনুমতি দিয়েছে, তাদের কাছে এর জবাবদিহি চান। তান জুওরেনের ক্ষুরধার লেখা আর দাবির মুখে সেসব প্রতিষ্ঠান হার মানতে বাধ্য হয়।সমুদ্র বিজয়বয়স মাত্র ১৭ বছর। দক্ষিণ ভারত মহাসাগরে ছোট্ট একটা নৌকা নিয়ে একা একা বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন মাইক পারহাম। তাই অসংখ্য মানুষের উত্সুক দৃষ্টি ছিল তাঁর ওপর। ২০০৮ সালের ১৫ নভেম্বর তাঁর ১৬তম জন্মদিনে বেশ ঘটা করেই দক্ষিণ ইংল্যান্ডের এই কিশোর সমুদ্রযাত্রায় বের হন। তার পর থেকে টানা নয় মাস সমুদ্র ভ্রমণ করেন। ২০০৯ সালের ২৮ আগস্ট তীরে ফিরে আসেন তিনি। এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কারণে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেন ১৭ বছর বয়সের কিশোর মাইক পারহাম।জলদস্যুর কবলেবেশ নাটকীয়ভাবেই নায়ক বনে গিয়েছিলেন মার্কস আলাবামা জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস। গালফ অব এডেন সমুদ্রের উত্তাল ঢেউয়ে মার্কিন জাহাজ মার্কস আলাবামা নিয়ে পাড়ি জমিয়েছিলেন রিচার্ড। কিন্তু সোমালিয়ার পূর্ব উপকূল থেকে ৩০০ মাইল দূরে জলদস্যুর কবলে পড়েন মার্কস আলাবামা। বেতারে এই বার্তাটি সম্প্রচার করার সময়ই জলদস্যুদের একে ৪৭-এর মুখে আটক হয়ে যান নিরস্ত্র ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস। তাঁকে একটি লাইফবোটে নিয়ে আটক করে রাখা হয়। একসময় সেই লাইফবোটের তেল ও খাবার ফুরিয়ে যেতে থাকে। এই সুযোগে রিচার্ড ফিলিপস লাইফবোট থেকে লাফিয়ে পড়েন সমুদ্রের উত্তাল তরঙ্গে। কিন্তু বিধিবাম! আবারও তিনি ধরা পড়ে যান জলদস্যুদের হাতে। এই খবর হোয়াইট হাউসেও বেশ শোরগোল তোলে। তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন আমেরিকার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নেভি সিল স্নাইপার। পরে স্নাইপারদের গুলিতে মুহূর্তেই তিন জলদস্যু লুটিয়ে পড়ে পানিতে। অবশেষে এক জলদস্যু আত্মসমর্পণ করে ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে ছেড়ে দিতে বাধ্য হন। রিচার্ড ফিলিপস অবশ্য নিজেকে নায়ক ভাবতে নারাজ। তাঁর দৃষ্টিতে তাঁরাই নায়ক, যাঁরা কিনা তাঁকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। টাইমস অবলম্বনে আবু হেনা