নিঃশ্বাস পরীক্ষায় পাকস্থলীর ক্যানসার শনাক্ত করা যাবে
শুধু নিঃশ্বাস পরীক্ষা করেই দ্রুত শনাক্ত করা যাবে পাকস্থলীর ক্যানসার। জানা যাবে পাকস্থলীর অন্যান্য রোগ সম্পর্কেও। গবেষণার পর বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন।ইসরায়েল ও চীনের একদল বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন, নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে প্রায় ৯০ শতাংশ সঠিকভাবে পাকস্থলীর ক্যানসার নির্ণয় করা যায়। ক্যানসার নির্ণয়ে এ পদ্ধতি বিপ্লব আনতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ জার্নাল অব ক্যানসার।বর্তমানে বায়োপসির মাধ্যমেই পাকস্থলীর ক্যানসার শনাক্ত করা হয়। গবেষকেরা নিঃশ্বাস পরীক্ষা করে যেভাবে ক্যানসার নির্ণয়ের কথা বলছেন সেখানে, নিঃশ্বাসের মাধ্যমে যে রাসায়নিক বেরিয়ে আসে তা পরীক্ষা করা হবে। ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের নিঃশ্বাসে এমন কিছু রাসায়নিক থাকে যা সচরাচর সুস্থ মানুষের ক্ষেত্রে থাকে না।নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে ক্যানসার নির্ণয়ের এই পদ্ধতি যে একেবারে নতুন তা নয়। নিঃশ্বাস পরীক্ষার মাধ্যমে ফুসফুসের ক্যানসারসহ অন্যান্য ক্যানসার নির্ণয়ের সম্ভাব্যতা নিয়ে আগে থেকেই কাজ করছেন অনেক বিশেষজ্ঞ।তবে ইসরায়েলের ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক হোসাম হেইকের নতুন গবেষণা থেকে মনে হচ্ছে, পাকস্থলীর ক্যানসার নির্ণয়ে নিঃশ্বাস পরীক্ষার পদ্ধতিটি বেশ কাজে আসতে পারে। বিবিসি।