নিঃস্ব জয়নাল পেলেন পাকা ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী নদীর ভাঙনে সচ্ছল গৃহস্থ পরিবারের সন্তান জয়নালের বাড়ি-ঘর, জমিজমা সব ছিল। কিন্তু ফেনী নদীর ভাঙনে তিনি গৃহহীন হয়ে পড়েন। প্রথমে কিছু দিন আত্মীয়স্বজনের বাড়িতে থেকেছেন। পরে অনেকটা যাযাবরের মতোই দিন কাটিয়েছেন। এখন তাঁর যাযাবরজীবনের অবসান হয়েছে। গত মঙ্গলবার তাঁকে উপজেলা প্রশাসন তাঁর মাথাগোঁজার ঠাঁই করে দিয়েছে। তিনি পেয়েছেন তিন কক্ষবিশিষ্ট পাকা দালানঘর।জয়নালের মতো ঘর পেয়ে খুশি হয়েছেন সোনাগাজী উপজেলার দক্ষিণ চর দরবেশ আশ্রায়ণ প্রকল্পে ১১০টি পরিবারের সদস্য। সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীভাঙনে ভূমিহীন ও ছিন্নমূল মানুষের মাথাগোঁজার জন্য একটি আশ্রায়ণ প্রকল্প নির্মাণ করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় দুই কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২২ পাকা ব্যারাক। প্রতি ব্যারাকে পাঁচ পরিবারের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতি পরিবারের জন্য তিনটি থাকার কক্ষ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি পাঁচ পরিবারের জন্য একটি করে টিউবওয়েল, দুটি টয়লেট ও একটি গোসলখানা করা হয়েছে। ২২টি ব্যারাকে বসবাসকারী ১১০ পরিবারের জন্য দুই একরের একটি দিঘি খনন করা হয়েছে। ওই দিঘিতে সাধারণ ব্যবহার ছাড়াও তারা মাছ চাষ করতে পারবে।গত মঙ্গলবার সকালে এ আশ্রায়ণ প্রকল্পটি সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল্লাহ নূরীর হাতে হস্তান্তর করেন কুমিল্লা সেনানিবাসের ৫৯ ইস্ট বেঙ্গল (সাপোর্ট ব্যাটালিয়ন) অধিনায়ক লে. কর্নেল মো. কায়সার হোসেন। এ সময় সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আলম, উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন ভূঁঞা, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। তার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমিহীনদের মধ্য থেকে ১১০টি পরিবারকে ওই ব্যারাকে বসবাসের জন্য বাসস্থান বরাদ্দ দেওয়া হয়।