নিউ ইয়ারের ওল্ড রেজল্যুশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর শেষে আমরা প্রায় সবাই অনেক সংকল্প করি। বছর পার হয়ে গেলেও সংকল্প থেকে যায় কল্পনাতেই। তেমনই কিছু জানা নিউ ইয়ার রেজল্যুশন আবার জানুন। এবং সারা জীবনের মতো এই রেজল্যুশনগুলোই নিউ ইয়ারের জন্য ঠিক করে রাখুন। লিখেছেন আহমেদ খান

ওজন কমাব

‘মেদ ভুঁড়ি কী যে করি’ ধরনের বিজ্ঞাপন কমে গেলেও ওজন-সমস্যা এখন ঘরে ঘরে। প্রতিবছরই আমরা লক্ষ্য স্থির করি, যে করেই হোক ওজন কমাব। কিন্তু বছর ঘুরতে না–ঘুরতে দেখা যায় ওজন কমেনি, আরও বেড়ে গেছে। তাই প্রতিবছরের রেজল্যুশনের তালিকায় এটা থাকবে সবার ওপরে।

ধূমপান ত্যাগ করব

ধূমপায়ীদের জন্য নিউ ইয়ার রেজল্যুশনের সবচেয়ে বড় আকর্ষণই এটি। এঁরা ৩১ ডিসেম্বরের রাতে নিউ ইয়ার রেজল্যুশন হিসেবে ঘোষণা দিয়ে ধূমপান ত্যাগ করেন এবং ১ জানুয়ারি ঘুম থেকে উঠে আবার ধূমপান শুরু করেন।

আজেবাজে খরচ কমাব

মাস শেষে পকেট গড়ের মাঠ। বছরের বারো মাসই নিজের সৃষ্ট এই দুর্যোগের মুখোমুখি হই আমরা। কারণটাও জানা—আজেবাজে খরচ। তাই বছরের শেষ আর শুরুতে আপনার দাঁতে দাঁত ঘষা সংকল্প হলো, যে করেই হোক আজেবাজে খরচ কমাব। সবকিছুর পাই টু পাই হিসাব রাখব আগামী বছর থেকে। কিন্তু কে না জানে আপনি বিগত বছরগুলোর মতো এবারও তা করতে ব্যর্থ হবেন!

ফেসবুকে বেশি সময় কাটাব না

নতুন বছরে আরও একটি তুখোড় রেজল্যুশন হলো ফেসবুকে কম সময় ব্যয় করা। এই ঘোষণাটা আবার ফেসবুকেই দেওয়া হয়। তারপর কিছুক্ষণ পরপর সেই ফেসবুকে ঢুকেই দেখে আসা হয় কয়টা লাইক পড়েছে, কমেন্টই বা পড়ল কটা।

বেশি বেশি বই পড়ব

‘এখন কেউ বই পড়ে না’—এটা বলে বলে আপনি গলা ফাটান। কিন্তু পরক্ষণেই খেয়াল করেন যে আপনি নিজেই অনেক দিন বই পড়েন না। তাই ঠিক করেন নতুন বছর থেকে আপনি আবার আগের মতো পড়ুয়া হয়ে উঠবেন। এ উপলক্ষে আপনি কিছু বইও কিনে ফেলেন। কিন্তু তা গত বছরে যেমন হয়নি, তেমনি আগামী বছরেও হবে না। তবু রেজল্যুশন বলে কথা!

ধার শোধ করব

আবার ধার নেওয়ার জন্যই ধার নেওয়া দরকার—এটা ভেবেই এটাকে আপনি আপনার রেজল্যুশনের মধ্যে রাখেন। কিন্তু রাখলে কী হবে, শোধ করার সময় দেখা যায় সেটা আর শোধ করতে পারছেন না বিভিন্ন কারণে! ফলে আপনি ক্রমেই আপনার বন্ধুদের কাছে ‘লেট লতিফ’ থেকে হয়ে উঠছেন ‘লোন লতিফ’!

পরচর্চা করব না

নিউ ইয়ারে এই রেজল্যুশনটা করেই আপনি ফোন করলেন প্রিয় বন্ধুকে। বললেন আপনার রেজল্যুশনের কথা। তারপর এক কথা দুই কথায় আলোচনা চলে গেল অমুকের স্বামী-স্ত্রী কী করল, সে প্রসঙ্গে। ওদের দুজনের সংসারে যে কত অশান্তি, কেন অশান্তি, সেসবের বিচার-বিশ্লষণও করলেন ঘণ্টাখানেক ধরে। রেজল্যুশন গরম থাকতেই মাঠে মারা গেল।

চাকরিটা ছেড়ে দেবেন

বর্তমান চাকরিটা আপনার আর ভালো লাগছে না। মনে হচ্ছে, তিন গুণ কাজ করিয়ে নিয়ে বেতন দিচ্ছে কত কেটেকুটে! নিউ ইয়ার রেজল্যুশনে তাই প্রতিবছরই থাকে ‘এই চাকরিটা আর করব না!’ কিন্তু শেষ পর্যন্ত ছাড়তেও পারে না। তাই বছর বছর আপনার রেজল্যুশন থাকে অটুট।

রস+আলো পড়ব না

প্রতিটা সংখ্যা পড়ার পরই ঠিক করেন, অখাদ্য এই ‘জিনিস’টি আপনি আর পড়বেন না। সিরিয়াস এই সময়ে এত আজেবাজে লেখা এখানে ছাপা হয়, যা ঠিক নেওয়া যায় না! সময় নষ্ট করার আরও অনেক ভালো উপায় আছে। বরং রস+আলো দিয়ে শীতের দিনে আগুন জ্বালালেও লাভ আছে। গরমের দিনে লোডশেডিংয়ের সময় পাখা হিসেবেও কাজে দেয়। তবে সব বিবেচনা করে দেখেন, টাকা দিয়ে কিনে আগুন জ্বালানো বা পাখা বানানোর পাশাপাশি একটু চোখ বোলালে কি-ইবা এমন ক্ষতি!