নিউইয়র্কে জলবায়ু নিয়ে বেনের গণপদযাত্রা
২১ সেপ্টেম্বর নিউইয়র্কে জলবায়ু গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় ম্যানহাটানের কলম্বাস সার্কেল থেকে এই পদযাত্রা শুরু হবে। বাংলাদেশ এনভায়রমেন্ট নেটওয়ার্ক (বেন) এই পদযাত্রার অন্যতম অংশগ্রহণকারী। সংগঠনটির নিউইয়র্ক চ্যাপ্টার তাদের নিজস্ব ব্যানারসহ এতে যোগ দেবে। বেনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতিসংঘের উদ্যোগে ২৩ সেপ্টেম্বর জলবায়ু শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এই গণপদযাত্রা। এর লক্ষ্য জলবায়ু পরিবর্তন রোধ ও উষ্ণতা বৃদ্ধিকরণ গ্যাস হ্রাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিশ্বের নেতৃবৃন্দকে অবিলম্বে উদ্বুদ্ধ করা।
কিয়োটো চুক্তি অনুযায়ী ২০১২ সাল নাগাদ উষ্ণতার পরিমাণ ১৯৯০ সালের তুলনায় কম হওয়ার কথা থাকলেও বাস্তবে তা আরও ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বায়ুতে কার্বনের ঘনত্ব প্রায় ৪০০ পিপিএমে পৌঁছেছে। এ ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে ঝুঁকির মুখে পড়বে পৃথিবী।
প্রায় এক হাজারের মতো সংগঠন এই পদযাত্রায় অংশ নেবে। বিশ্বের বিভিন্ন শহরেও নিউইয়র্কের পদযাত্রার সমর্থনে পদযাত্রা ও অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ঢাকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও অন্যান্য সংগঠনের উদ্যোগে জমায়েতের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা সাতটায় বেনের উদ্যোগে নিউইয়র্কে জলবায়ু পরিবর্তন, সাম্প্রতিক পরিস্থিতি এবং বাংলাদেশের করণীয় সম্পর্কে এক আলোচনা অনুষ্ঠিত হবে। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশি জলবায়ু বিজ্ঞানী সলিমুল হক। তিনি লন্ডনের আন্তর্জাতিক পরিবেশ ও উন্নয়ন বিষয়ক ইনস্টিটিউটের (International Institute for Environment and Development) জলবায়ু পরিবর্তন বিভাগের পরিচালক এবং ঢাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও উপযোগীকরণ গবেষণা কেন্দ্রের (International Centre for Climate Change Adaptation Research) প্রতিষ্ঠাতা।
সভার স্থান : মামুন টিউটোরিয়াল (টক অব দ্য টাউন রেস্তোরাঁর ওপর তলায়), ৩৭-২১ সড়ক ৭২, জ্যাকসন হাইটস, নিউইয়র্ক ১১৩৭২। নিকটবর্তী সাবওয়ে স্টেশন: জ্যাকসন হাইটস/রুজভেল্ট অ্যাভিনিউ। সাবওয়ে লাইন: ইএফআরএমও ৭।