নিউইয়র্কে বাংলাদেশের পানি ও নিষ্কাশন ব্যবস্থা নিয়ে আলোচনা

প্রতিকূলতা সত্ত্বেও আন্তরিকতা ও উদ্যম নিয়ে কাজ করলে সরকারী সংস্থাগুলোও বিভিন্ন ক্ষেত্রে পরিবেশবান্ধব নীতিমালা বাস্তবায়ন করতে পারে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মামুন টিউটোরিয়ালের সভাকক্ষে বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত এক আলোচনা সভায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসীম খান এ কথা বলেন। বাংলাদেশের পানি ও নিষ্কাশন ব্যবস্থাপনা, সমস্যা এবং সমাধান শীর্ষক এই আলোচনা ১৭ আগস্ট অনুষ্ঠিত হয়। বিশিষ্ট চলচ্চিত্রকার আনোয়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন বেনের বিশ্ব সমন্বয়কারী ড. নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন বেনের নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট রাজ্য শাখার সমন্বয়কারী সৈয়দ ফজলুর রহমান।
ড. নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) ও বেন প্রশাসন ও সরকারের বাইরে থেকে বাংলাদেশের বিভিন্ন পরিবেশ সমস্যাবলীর সমাধান প্রস্তাব দেওয়ার পাশাপাশি এ ব্যাপারে জনমত গড়ে তুলেছে। এতে দেশে পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে আরও প্রমাণিত হয়েছে যে, প্রশাসনকে প্রভাবিত না করতে পারলে পরিবেশ সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবায়িত হয় না। এমন অবস্থায় প্রকৌশলী তাকসীমের ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ গুরুত্বপূর্ণ। তিনি বেনের একজন নেতা এবং বাপার সহ-সভাপতি। তিনি ঢাকা ওয়াসায় যোগ দিয়ে পরিবেশবান্ধব পানি সরবরাহ ও নিষ্কাশনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তাকসীম খানের মতো মানুষরা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের সুযোগ পেলে বাংলাদেশের পরিবেশের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটবে।
সভায় প্রকৌশলী তাকসীম খান পাওয়ার পয়েন্টের মাধ্যমে ঢাকা ওয়াসাতে তিনি কী কী ইতিবাচক পরিবর্তন এনেছেন তার বিবরণ দেন। তিনি সভায় জানান, ১৯৯৬ সালের আইন অনুযায়ী ঢাকা ওয়াসা একটি স্বশাসিত বাণিজ্যিক প্রতিষ্ঠান। সে অনুযায়ী এই প্রতিষ্ঠানের পক্ষে স্বতন্ত্র উদ্যোগে বহু কাজ করা সম্ভব। কিন্তু ইতিপূর্বের প্রশাসকেরা আইনের এসব সুযোগ ব্যবহার না করে সবকিছুতে সরকারের মুখাপেক্ষি হয়ে ছিলেন। দায়িত্ব নেওয়ার পর তিনি ‘ঘুরে দাঁড়াও ওয়াসা’ স্লোগান ঘোষণা করে পরিবর্তনের সূচনা করেছেন। ইতিমধ্যে অনেক পরিবর্তন হয়েছে। এখন ওয়াসার পানি সরবরাহ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, আয় বেড়েছে, দুর্নীতি কমেছে, বস্তি এলাকার মানুষদের পানি দেওয়া সম্ভব হয়েছে, ভূগর্ভস্থ পানি থেকে ভূপৃষ্ঠের পানির উপর নির্ভরতা বাড়ানো সম্ভব হয়েছে। এছাড়া আগামী ২০৫০ সালের প্রেক্ষিতে ঢাকার জন্য পানি সরবরাহ, পয়-নিষ্কাশন ও বৃষ্টির পানি নিষ্কাশনের পৃথক পৃথক মাস্টারপ্ল্যান প্রণয়ন করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, কয়েক বছর আগেও ঢাকা শহরে পানির সংকট ছিল। এখন সেখানে উদ্বৃত্ত সরবরাহে পৌঁছানো সম্ভব হয়েছে। ওয়াসার আয় ৩০০ কোটি টাকা থেকে ৯০০ কোটি টাকাতে বৃদ্ধি হয়েছে। সিস্টেম লস অর্থাত্ বিল ছাড়া পানি সরবরাহের পরিমাণ ৪০ শতাংশ থেকে ২৫ শতাংশে হ্রাস পেয়েছে। ডিজাটাল পদ্ধতি ও মোবাইল ফোনের মাধ্যমেই বিল পরিশোধ করার পদ্ধতি চালু হয়েছে। ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বর্তমানের প্রায় ৮০ শতাংশ থেকে ২০৫০ সন নাগাদ ৩০ শতাংশে কমানোর মতো প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব ইতিবাচক পরিবর্তনের ফলে উন্নয়নশীল বিশ্বে ঢাকা ওয়াসা এখন একটি আদর্শ পানি ও নিষ্কাশন সংশ্লিষ্ট সংস্থা হিসেবে স্বীকৃত হচ্ছে। ওয়াসার আর্থিক ব্যবস্থাপনার উন্নতি দেখে বিদেশী সংস্থাসমূহ এখন ওয়াসার বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ দিতে উত্সাহী হয়েছে। বর্তমানে ঢাকা ওয়াসা ১.৩ বিলিয়ন ডলারের বৈদেশিক অর্থায়ন সংগ্রহ করতে সমর্থ হয়েছে।
তাকসীম খান আরও বলেন, ওয়াসার মাধ্যমে তিনি দেশের নদ-নদীর প্রতি বর্তমানের ভ্রান্ত ‘অবরোধ পন্থা’ ত্যাগ করে উন্মুক্ত পন্থা গ্রহণ এবং সে লক্ষ্যে কাজ করার জন্য সরকারকে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। এটা করা না হলে ঢাকা শহর একটি বালতিতে পরিণত হবে এবং জলাবদ্ধতা চরম আকার ধারণ করবে। বাপা ও বেন অনেক আগে থেকেই নদ-নদীর প্রতি দৃষ্টিভঙ্গী ও পন্থার এই পরিবর্তনের জন্য আহ্বান জানিয়ে আসছে।
উপসংহারে তিনি বলেন, তাঁর অভিজ্ঞতা প্রমাণ করে উদ্যোগ নেওয়া হলে বর্তমান পরিস্থিতির মধ্যেও পরিবেশবান্ধব বিভিন্ন পদক্ষেপ নেওয়া সম্ভব। তিনি আশা করে বলেন, ভবিষ্যতে এ ধরণের উদ্যোগের সংখ্যা ও পরিধি বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।
প্রকৌশলী তাকসীমের বক্তব্যের পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন ড. দলিলুর রহমান, মামুন টিউটোরিয়ালের পরিচালক শেখ আল মামুন, সাংবাদিক শিহাবউদ্দিন কিসলু, আদনান সৈয়দ, প্রোগ্রেসিভ ফোরামের সভাপতি খোরশেদুল ইসলাম ও আওলাদ হোসেন খান প্রমুখ। ‘নদী’ শীর্ষক একটি কবিতা আবৃতি করেন মিজানুর রহমান বিপ্লব।
সভাস্থলে নিজ এলাকার নদী ও বিলের করুণ অবক্ষয়কে ধারণ করে ড. দলিলুর রহমানের আঁকা ছবির একটি চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ড. দলিলুর তাঁর চিত্র সম্পর্কে ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। এ ছাড়া সভায় সরকারের প্রতি অবিলম্বে আন্তর্জাতিক নদ-নদী বিষয়ক জাতিসংঘের কনভেনশনে স্বাক্ষর করার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি