নিউইয়র্কে বাঙালির আড্ডা
পৃথিবীর যে প্রান্তেই বাঙালির দেখা পাওয়া যাবে, সেখানেই আড্ডা জমবে। এটা কিন্তু একটা খুবই সহজ হিসাব। তাহলে আমাদের নিউইয়র্কের বাঙালিরাই বা এর ব্যতিক্রম হবেন কেন? এখানে আড্ডা জমে বাঙালির ড্রয়িংরুমে, রেসু্বরেন্টে চায়ের টেবিলে, পার্কে, পাতালট্রেনে অফিস থেকে ফিরতি পথে, হাটে, মাঠে, আকাশপথে—সর্বত্রই। আচ্ছা, আপনিই বলুন, আড্ডার জন্য আবার জায়গার প্রয়োজন আছে? বাংলাদেশে কবি-সাহিত্যিকেরা আড্ডা দিতেন বিউটি বোর্ডিংয়ে, রেক্সে অথবা কখনো স্রেফ ফুটপাতে বসে বসে। নিউইয়র্কের বাঙালিরাও গা উজাড় করে আড্ডায় বসছেন জ্যাকসন হাইটসের আলাউদ্দিন রেস্তোরাঁয়, হাটবাজারে, মুক্তধারা বইয়ের দোকানে অথবা স্রেফ ডানকিন ডোনাটে কফিতে চুমক দিতে দিতে। বাংলাদেশ বলুন, আর নিউইয়র্কই বলুন, বাঙালির এই আড্ডার আদল বা ঢঙের মানগত বা প্রকৃতিগত কোনো পার্থক্য নেই। এই আড্ডায় থাকছে একই মেজাজ, একই ঢং, একই বিষয়বস্তু।আপনি জ্যাকসন হাইটসে বিকেলবেলায় যেকোনো রেস্তোরাঁয় যাবেন, বাঙালির কিচিরমিচিরে আপনার কান কিন্তু ঝালাপালা হয়ে যাবে। গরম গরম সমুচা আর শিঙাড়ায় দাঁত বসিয়ে একজন বাঙালি নির্দ্বিধায় বাংলাদেশের এবং বিশ্বের তাবৎ সমস্যা চিহ্নিত করে এর আশু সমাধান পর্যন্ত আপনাকে দিয়ে দেবে। সেদিন বইয়ের দোকান মুক্তধারায় এ রকম একটি আড্ডা দেখে আরও কিছুক্ষণ বসে থাকার লোভ সামলাতে পারিনি। স্পষ্ট বুঝতে পারছিলাম, এই আড্ডায় দুটি পক্ষ। একদল সুভাষ বসুর পক্ষে নেমেছে, আরেক দল বলছে বিপক্ষে। এই নিয়ে লঙ্কাকাণ্ড। মনে হচ্ছিল, এই দুই পক্ষ আজকেই ঠিক করে ফেলবে যে সুভাষ ‘রাইট অর রং’ ছিলেন। আরেকটা কথা হলো, আড্ডার পাশাপাশি নরম-গরম খিস্তি সত্যি গায়ে কিন্তু আগুন ধরিয়ে দেয়। হাজার হলেও তো বাঙালি রক্ত রে ভাই। নিজেকে সামলে রাখা তখন খুব কঠিন হয়ে ওঠে। এই তো সেদিনের কথা। জ্যাকসন হাইটসের আলাউদ্দিন রেস্তোরাঁয় এক কাপ চা আর একটা শিঙাড়ার অর্ডার দিয়ে মাত্র একটা চেয়ারে বসেছি। ঠিক তখনই দেখলাম, আমার উল্টো পাশে প্রায় অর্ধডজন বাঙালি বাংলাদেশের রাজনীতি নিয়ে মহা যুদ্ধ বাধিয়ে বসে আছেন। কেউ কেউ উত্তেজিত হয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ছেন, কেউ কেউ নিজের চুল নিজেই ছিঁড়ছেন! কেউ বলছেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই, আর কেউ বলছেন, বিচারের নামে নাকি এই সরকার একটা মস্ত নাটক করছে। বলার অপেক্ষা রাখে না, এটা নিয়েই দুই দলে চলছে যত রকমের হইহই রইরই কাণ্ড! চায়ে চুমুক দিচ্ছি ঠিকই, কিন্তু মনের অজান্তেই কানটা খাড়া হয়ে আছে ওই মোহনীয় উত্তপ্ত আড্ডার দিকে।আমার ব্যক্তিগত একটা প্রিয় আড্ডার জায়গা হলো মেঘনা শপিং কমপ্লেক্সের দোতলায় চলচ্চিত্রকার এনায়েত করিম বাবুলের (আমাদের প্রিয় বাবুল ভাই) টিভি এশিয়ার ছোট্ট স্টুডিওতে। বাংলাদেশের কোনো লেখক, সাহিত্যিক, শিল্পী যখনই এই মার্কিন মুলুকের ফিরিঙ্গি পাড়ায় ঢুঁ দিতে আসেন, আমাদের এই বাবুল ভাইয়ের ডেরায় তিনি আসবেন না, তা একদম ভাবাই যায় না। বাবুুল ভাই সম্পর্কে এখানে দুটো কথা বলতে চাই। অসাধারণ একজন আড্ডাপ্রিয় মানুষ তিনি। যাঁকে বলে প্রাণ উজাড় করে দেওয়া একজন জাত আড্ডাবাজ। এই স্টুডিওতে কাজের ফাঁকে ফাঁকেই চলে নিত্য আড্ডার আয়োজন। সেদিন বাবুল ভাইয়ের স্টুডিওতে গিয়ে দেখি, আড্ডার জন্য চলছে এক মহা আয়োজন। আমাদের আফসারী ভাই আপন মনে মুড়ি, চানাচুর, পেঁয়াজ, ধনেপাতা ও টমেটো কাটতে ব্যস্ত। বিখ্যাত আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুন, আরেক আলোকচিত্রী ওবায়দুল্লা মামুনকে সঙ্গে নিয়ে মুড়িতে সরষের তেল মাখছেন। সবার মুখেই একই কথা। আজ মুড়ি আড্ডা হবে। এখন আপনিই বলুন, নিউইয়র্কের এমন মুড়ি আড্ডার লোভ কজন বাঙালি সামলাতে পারে? নাকি তা কখনো সম্ভব?সংক্ষেপে এই হলো আমাদের নিউইয়র্কের বাঙালি আড্ডার ফিরিস্তি।আদনান সৈয়দনিউইয়র্ক থেকে[email protected]