নিউজিয়ামের খবর

নিউজিয়াম! নাম শুনে প্রথমেই একটু ভিরমি খেতে হয়। মিউজিয়ামের ভুল উচ্চারণ নয় তো! মোটেও তা নয়। বাস্তবে নিউজিয়াম হলো নিউজ মিউজিয়াম বা নিউজের মিউজিয়াম। যার বাংলা করলে দাঁড়ায় সংবাদ বা খবরের জাদুঘর। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির পেনসিলভানিয়া এই জাদুঘরের ঠিকানা।
বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক (গত ১৭-১৯ এপ্রিল) শেষ করে নিউজিয়াম দেখার পরামর্শ দিয়েছিলেন প্রথম আলোর হেড অব রিপোর্টিং শওকত হোসেন। এমনিতেই জাদুঘরের শহর হিসেবে খ্যাত ওয়াশিংটন। তাই কেবল নিউজিয়াম দেখার জন্যই একটা দিন বেশি থাকার পরিকল্পনা এঁটে ফেলেছিলাম আগেই।

বন্ধু রেশমাকে নিয়ে নিউজিয়ামে পা রাখি ২০ এপ্রিল সকাল ১০টায়। ভেতরে ১৫টি গ্যালারি ও ১৫টি হল। গ্যালারিগুলোই সবার কাছে আকর্ষণীয়। ২ লাখ ৫০ হাজার বর্গফুটের সাততলাবিশিষ্ট সুরম্য ভবন। শহরের অন্য জাদুঘর দেখতে পয়সা না লাগলেও নিউজিয়াম দেখতে লাগে ২৫ ডলার। কারণ, এটি বেসরকারি উদ্যোগে স্থাপিত জাদুঘর। ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের রসলিনে নিউজিয়াম করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নিউজিয়ামের নতুন যাত্রা শুরু হয় ওয়াশিংটনে ২০০৮ সালে। পাঁচ বছরে ২৫ লাখ মানুষ এই জাদুঘরে পা রেখেছে।
সংবাদের এই জাদুঘরে অদ্ভুত একটা নিয়ম আছে। ষষ্ঠ তলা থেকে দেখতে দেখতে জাদুঘরের নিচে নামতে হয়। আমরাও নিয়ম মানলাম। প্রথমেই দেখি প্রথম পৃষ্ঠা (ফ্রন্ট পেজ) গ্যালারি। বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য দৈনিক পত্রিকার প্রথম পৃষ্ঠাগুলো দেখানোর ব্যবস্থা রয়েছে এ গ্যালারিতে। আমি আর রেশমা বাংলাদেশের পত্রিকা খুঁজতে গিয়ে পেলাম ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট-এর প্রথম পৃষ্ঠা। প্রথম আলো নেই কেন?—প্রশ্ন করলে গাইড বললেন, ‘এর একটি প্রক্রিয়া রয়েছে। অপেক্ষা করুন, আপনার কাঙ্ক্ষিত পত্রিকার প্রথম পৃষ্ঠাও এখানে পাবেন।’

পঞ্চদশ শতক থেকে শুরু করে এখন পর্যন্ত সংবাদপত্রের নানা দিক তুলে ধরা হয়েছে নিউজিয়ামে। রয়েছে ৩০ হাজার ঐতিহাসিক পত্রিকা ও ম্যাগাজিন। পঞ্চম তলাজুড়ে সাজানো সংবাদপত্রের ইতিহাস। প্রথমেই চোখে পড়ল বড় করে লেখা ওয়াশিংটন পোস্ট–এর প্রকাশক ফিলিপ গ্রাহামের উদ্ধৃতি, ‘সংবাদপত্র হচ্ছে ইতিহাসের প্রথম খসড়া।’
বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কোন পত্রিকা কী শিরোনাম করেছে সেসব দেখলাম। টুডে পত্রিকা মানুষের চাঁদে যাওয়ার ঘটনার শিরোনাম করেছিল, ‘মানুষ চাঁদে (ম্যান অন মুন)’। ২৭ বছর কারাভোগ শেষে নেলসন ম্যান্ডেলা মুক্তি পাওয়ার পর নিউজউইক শিরোনাম করেছিল শুধু একটি শব্দ, ‘মুক্ত’ বা ‘ফ্রি’। পাশে উঁচু করে ধরা ম্যান্ডেলার মুষ্টিবদ্ধ হাত। সরকারব্যবস্থাগুলোর সবকিছু চেপে রাখার প্রবণতার এই যুগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি উক্তির সামনে থমকে দাঁড়াই আমরা, ‘মানুষকে ঘটনা জানতে দিন, তখনই নিরাপদ থাকবে দেশ।’
জাদুঘরের যেসব বৈশিষ্ট্য থাকে, তার সবই রয়েছে নিউজিয়ামে। বিভিন্ন দেশের সাংবাদিকদের কলম, ক্যামেরা, পোশাক ও গাড়ি সংরক্ষিত আছে। জানতে চাইলে গাইড সব ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন। চতুর্থ, তৃতীয় ও দ্বিতীয় তলা পর্যন্ত গ্যালারির পাশাপাশি রয়েছে ভিডিও প্রদর্শনী। দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুবরণ করা সাংবাদিকদের নাম ও ছবি টাঙানো রয়েছে তৃতীয় তলায়। বাংলাদেশের মানিক সাহা, দীপঙ্কর চক্রবর্তী, কামাল হোসেনসহ কয়েকজনের নামও চোখে পড়ল।

নিউইয়র্কে ৯/১১-এর ঘটনা নিয়ে রয়েছে একটি কর্নার। ওই দিন বিশ্ববাণিজ্য কেন্দ্রের সুউচ্চ ভবনের ওপরে যে অ্যানটেনা ছিল, সেটি সংরক্ষিত রয়েছে নিউজিয়ামে। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের পত্রিকাগুলোর শিরোনাম উল্লেখ করার মতো। ‘বাস্টার্ডস’, ‘ডে অব ডেথ’, ‘ইউএস অ্যাটাক্ট’, ‘আওয়ারস ন্যাশন স এভিল’, ‘অ্যাক্ট অব ওয়ার’ ‘অামেরিকা অ্যাটাক্ট’ ইত্যাদি।
একটি গ্যালারিতে রয়েছে বড় এক মানচিত্র। রেশমা বলল, ‘এইটা দেখি চলো। আমাদের অবস্থা কী।’ মুক্ত গণমাধ্যমের ক্ষেত্রে বিশ্বের দেশগুলোর অবস্থান মুক্ত (সবুজ), আংশিক মুক্ত (হলুদ) ও মুক্ত নয় (লাল)—এই তিন শ্রেণিতে ভাগ করেছে নিউজিয়াম কর্তৃপক্ষ। বাংলাদেশ ও ভারত হলুদে থাকলেও পাকিস্তানকে দেখা গেল লাল কাতারে। এই গ্যালারিতে ব্রিটিশ প্রকাশক লর্ড নর্থক্লিফের একটি উক্তি বাঁধাই করা, ‘সংবাদ বা খবর হচ্ছে তা-ই, যা কিছু গোপন রাখতে চাওয়া হয়।’
দ্বিতীয় তলায় একটি মজার গ্যালারি রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের কুকুরপ্রীতি নিয়ে। আব্রাহাম লিংকন, জন এফ কেনেডি থেকে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার পোষা কুকুরের নাম ও ছবি রয়েছে এতে। নিচতলায় রয়েছে ফটোগ্রাফিতে পুলিত্জার বিজয়ীদের ছবি ও তাঁদের তোলা ছবি।
খবর নিলাম, ভেতরে একটি রেস্তোরাঁ রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা ক্লান্ত। রেশমা বলল, ‘চলো, তোমাকে অ্যাসপ্যারাগাস খাওয়াই।’ আমি প্রায় লাফিয়ে উঠলাম। উইলিয়াম সমারসেট মমের বিখ্যাত ‘দ্য লাঞ্চন’ গল্পের ওই ভদ্রমহিলা তো অ্যাসপ্যারাগাসই খেয়েছিলেন! দেখতে একেবারে আমাদের লম্বা শিমের মতো। স্বাদেও অনেকটা তা-ই।
নিউজিয়াম মূলত এক দিনে দেখে শেষ করা যায় না। আর সে কারণেই কিনা কর্তৃপক্ষ একই টিকিট দিয়ে পরের দিনও নিউজিয়াম ঘুরে দেখার সুযোগ রেখেছে। কিন্তু আমাদের আর সময় কই! তাই আফসোস থেকেই গেল!