নিউমোনিয়ার প্রকোপ টেকনাফে
কক্সবাজারের টেকনাফে নিউমোনিয়ার প্রকোপ বেড়েছে। গত দুই সপ্তাহে নিউমোনিয়ায় আক্রান্ত ১১৩ জন শিশুকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয় আরও তিন শতাধিক রোগীকে। তাদের বেশির ভাগই শিশু। উপজেলার বিভিন্ন এলাকায় এ পর্যন্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ ১ থেকে ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত নিউমোনিয়ায় আক্রান্ত ১১৩ শিশু রোগীকে হাসপাতালে ভর্তি ও বহির্বিভাগে তিন শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়ার কথা স্বীকার করেছে। তবে তাদের কেউ হাসপাতালে মারা যায়নি বলে দাবি করেছে।
এলাকাবাসী ও পল্লিচিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার নবী হোসেনের ছেলে মাহমুদ (পাঁচ মাস) ৭ সেপ্টেম্বর, কুতুবদিয়াপাড়ার আলী আহমদের মেয়ে রুবিনা আকতার (সাত মাস) ৫ সেপ্টেম্বর, রক্ষইম এলাকার কালা মিয়ার ছেলে হাসান (দুই মাস) ৭ সেপ্টেম্বর, বাহারছড়ার জাহাজপুরা এলাকার কবির আহমদের মেয়ে নুরজাহান (নয় মাস) ৬ সেপ্টেম্বর ও সেন্ট মার্টিনের বদিউর রহমানের ছেলে মুরাদ (সাত মাস) ১০ সেপ্টেম্বর মারা যায়। তাদের সবাই স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে কিংবা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে জানা গেছে।
হোয়াইক্যং ও সেন্ট মার্টিনের দুজন পল্লিচিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, কিছুদিন ধরে এলাকায় শ্বাসকষ্ট রোগে আক্রান্ত অনেক শিশু রোগীকে তাঁরা চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে মাহমুদ, রুবিনা আকতার ও মুরাদ নামের তিন শিশু মারা গেছে। এ ছাড়া বাহারছড়ায় দুই শিশুর মৃত্যুর কথা স্বীকার করেছেন স্থানীয় পল্লিচিকিৎসক। বাহারছড়া ইউনিয়ন পরিষদের(ইউপি) চেয়ারম্যান হাবিব উল্লাহ, হোয়াইক্যং ইউপির চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী ও সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান নুরুল আমিন পাঁচ শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এসব ইউনিয়ন থেকে সদর উপজেলা হাসপাতালের দূরত্ব ৪০ থেকে ৬০ কিলোমিটার। এলাকার সাধারণ লোকজনের নিউমোনিয়া সম্পর্কে ধারণাও নেই। তাই তারা শিশুদের শ্বাসকষ্টকে সাধারণ হাঁপানি মনে করে চিকিৎসকের কাছে নিতে দেরি করে। অবস্থা খুবই খারাপ হলে পল্লিচিকিৎসকের কাছে নেয়। অনেক সময় পল্লিচিকিৎসকেরা অবস্থা বেগতিক দেখে রোগীদের উপজেলা বা জেলা সদর হাসাপাতালে পাঠিয়ে দেন। আর নেওয়ার পথে কেউ কেউ মারা যায়।
সেন্ট মার্টিনের মারা যাওয়া শিশু মুরাদের বাবা বদিউর রহমান বলেন, ‘সেন্ট মার্টিন থেকে টেকনাফ সদর হাসপাতালে যাতায়াত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। তাই ছেলেকে ১০ সেপ্টেম্বর স্থানীয় পল্লিচিকিৎসকের কাছে নিয়েছিলাম। তাঁর পরামর্শে আবার সদর হাসপাতালে নেওয়ার পথে নৌকার ভেতরই ছেলে মারা যায়।’
উপজেলা হাসপাতালের শিশুরোগবিশেষজ্ঞ আতাউর রহমান বলেন, ঝড়বৃষ্টির পাশাপাশি হঠাৎ গরম অনুভূত হওয়ায় শরীরে ঘাম শুকিয়ে শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। এ রোগে আক্রান্ত হলে শিশুদের কবিরাজ ও গ্রাম্য চিকিৎসকের কাছে না নিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন, ‘কয়েক দিন ধরে হাসপাতালে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। তবে তা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’