নিকটাত্মীয়রা হারিয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেরাগী পাহাড়ের আড্ডা কিংবা নন্দনকাননের বাসা থেকে ওদের ডাক শুনতে পেতাম। এ তল্লাটের সবচেয়ে পুরোনো অধিবাসী তারা। কিংবা রাতবিরেতে ডিসি পাহাড়ের পাশ দিয়ে পথ চলতে দু-একটির সঙ্গে দেখাও হয়ে যেত। ডিসি পাহাড়েই তাদের বাস ছিল। বছর খানেক আগেও অস্তিত্ব জানান দিত হুক্কাহুয়া রবে। এখন আর শুনি না। শিয়ালগুলো গেল কই? এই ডিসি পাহাড়ের শিরীষগাছ থেকে সবুজ ডানা মেলে উড়ে বেড়াত একঝাঁক টিয়ে। ওরাও কোথায় যেন উড়াল দিয়েছে। নগরের কোলাহলের ভেতর সবুজ ডানার এমন উড়াল যেকোনো মানুষের মনে দোলা দিত। গেল শতকের আশির দশকে এই ডিসি পাহাড়েই ত্রস্ত দৌড়ে যেতে দেখেছি সজারু, খরগোশ। কখনো সন্ধ্যায় কিংবা রাতে শোনা যেত তক্ষকের ডাক। এসব প্রতিবেশীকে আর দেখি না। কর্ণফুলীর তীরে সদরঘাটে একটি প্রাচীন বটবৃক্ষে, প্রবর্তক পাহাড়ে বানরের আস্তানা ছিল। এখন আর তাদের দেখা মেলে না। জামালখানের একটি শিরীষগাছে প্রায় সময় দেখি একা একটি পাণ্ডুর কাঠঠোকরা। এ ডাল থেকে ও ডালে ঘুরে বেড়ায়। যেন সে নিরন্তর খুঁজে বেড়াচ্ছে সঙ্গীকে। ওয়ার সিমেট্রির পাশের নির্জন পাহাড়ি এলাকায় গাছে ঝুলে থাকতে দেখেছি বাদুড়, মানুষের কাছাকাছি নির্লিপ্ত হাঁটছে হাড়িকিরি। বেশি দিনের পুরোনো কথা নয় এসব। তারপরও এসব গল্প এখনকার তরুণদের কাছে রূপকথার মতো মনে হবে। বেহিসাবি উন্নতির মত্ততায়, নিজেদের আবাসন নিশ্চিত করতে গিয়ে আমরা নিকটাত্মীয় কিংবা পরমাত্মীয় এই প্রাণীদের হারিয়ে ফেলেছি। কী হারিয়ে ফেলেছি, আর এখন কিই বা আছেতার কোনো হিসাব কারও কাছে নেই। চট্টগ্রামের মতো একটি প্রাচীন শহরের সামগ্রিক জীববৈচিত্র্য নিয়ে পরিসংখ্যান কারও কাছে নেই। কোনো বেসরকারি কিংবা সরকারি সংস্থা এগিয়ে আসেনি দিন দিন হারিয়ে যাওয়া পশুপাখিগুলোর পরিসংখ্যান রাখতে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক তাজমিনুর রহমান জানান, চট্টগ্রাম শহরের জীববৈচিত্র্য নিয়ে তাদের কাছেও কোনো তথ্য নেই। চট্টগ্রাম নগরের জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার কারণ সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের ফরিদ আহসান বলেন, আগে এই শহরটা বিভিন্ন প্রাণীর বসবাসের উপযোগী ছিল, মানুষের অযাচিত হস্তক্ষেপে তা নষ্ট হয়েছে। তবে আশার কথা শোনালেন চট্টগ্রাম বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোখলেসুর রহমান। তিনি জানান, চট্টগ্রামের শহরের জীববৈচিত্র্য নিয়ে তারা জরিপ চালাচ্ছেন। আগামী এক মাসের মধ্যে ফলও পাওয়া যাবে। তিনি আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী, পর্যটকেরা চট্টগ্রামকে একটি বনাঞ্চল হিসেবেই গণ্য করত। পাহাড়বেষ্টিত সমুদ্র তীরবর্তী এই অসাধারণ সুন্দর শহরটি জীববৈচিত্র্যে ভরা ছিল। বাঘের অবাধ বিচরণ ছিল বলেই চট্টগ্রামের একটি জায়গার নাম টাইগারপাস। টাইগার হিলও তা-ই। সেই বৈচিত্র্য, সেই সৌন্দর্য এখন শুধু ইতিহাস। এত প্রাচীন একটা শহর এই শহরের প্রাণী বৈচিত্র্য নিয়ে কোনো কাজ থাকবে না তা কী করে হয়? তাই এই উদ্যোগ নিলাম।’ ‘ডাইভারসিটি অব ওয়াইল্ড লাইফ অ্যান্ড দেয়ার স্টেটাস ইন দ্য সিটি অব চিটাগাং’ শীর্ষক এক প্রকল্পের অধীনে চট্টগ্রামে এই প্রথমবারের মতো একটি কাজ হতে যাচ্ছে শুনে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। সমাজবিজ্ঞানী অনুপম সেন বললেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ। আমি তো এই শহরেই চিতাবাঘ দেখেছি। টাইগারপাসের নামই তো হয়েছে এই পথে বাঘ আসা যাওয়া করত বলে। দশক দুই আগেও চট্টগ্রাম শহরে হরিণের দেখা মিলত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে হরিণ ধরে খেয়ে ফেলার গল্প তো সবাই জানে। পশ্চিম মাদারবাড়ির রেলওয়ে গেটের কাছে শেয়ালকে দেখতাম কুকুরের তাড়া খেয়ে দৌড়াতে। ষাটের দশকের শুরুতে চট্টগ্রাম শহরের লোকসংখ্যা ছিল পাঁচ লাখ। শহরের পরিধি ছিল একদিকে প্রবর্তক আর অন্যদিকে পাহাড়তলী পর্যন্ত। আগ্রাবাদ তো ছিল একটা বিরাট বিল। তো সেই সময়টাতে মানুষসহ বিভিন্ন প্রাণী মিলেমিশে থাকত এই শহরে। এখন পরিবেশ রক্ষার দিকে কারও নজর নেই। বড় বড় কারখানাগুলোর বর্জ্য, পাহাড় কাটা, গাছপালা ধ্বংস করে পরিবেশ নষ্ট করা হয়েছে। রাসায়নিক বর্জ্য তো ধ্বংস করা যায় না। এগুলো প্রতিবেশের মারাত্মক ক্ষতি করে।’বিশেষজ্ঞেরা বলেন, পরিবেশের প্রভাব যেকোনো জীবদেহে পরিবর্তন আনে। জীব প্রাণের অস্তিত্ব রক্ষা, বৃদ্ধি ও উন্নতি প্রায় অনেকটাই নির্ভর করে পরিবেশের ওপর। আমরা পরিবেশকে ওদের টিকে থাকার মতো রাখতে পারিনি। অপরিকল্পিত নগরায়ণের মাধ্যমে পারস্পরিক ভারসাম্যের পরিবেশে আঘাত করলাম আমরা। সুন্দর পরিবেশের জন্য আবশ্যিক শর্তগুলো হারিয়ে ফেলেছি। পরিবেশদূষণের যত ধাপ আছে, তার সবই এ নগরের সঙ্গে যুক্ত করেছি। সব প্রাণীর বসবাসের জন্য এই পৃথিবী—এই কথা আমরা ভুলে গিয়ে নিজেদের একাধিপত্য কায়েম করতে মরিয়া হয়ে উঠেছি বলেই আজ এই অবস্থা। বিশিষ্ট পরিবেশবাদী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য কর্মকর্তা মোহাম্মদ সাবজাল উদ্দিন বলেন, ‘প্রাণীগুলোর বসবাসের জন্য অনুকূল পরিবেশ নেই চট্টগ্রাম শহরে। গাছপালা-পাহাড় কেটে, জলাশয় ভরাট করে ওদের আমরা তাড়িয়েছি।’ চট্টগ্রাম শহরের পশুপাখি বা অন্য প্রাণীদের নিয়ে কোনো পরিসংখ্যান না থাকলেও বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী সৈয়দ গাজী মোহাম্মদ আসমত জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় দেড় শ প্রজাতির পাখি রয়েছে। কিন্তু পুরো চট্টগ্রামে? কিংবা শুধু চট্টগ্রাম শহরে কত পাখি আছে, কত জীবজন্তু আছে? তার একটা বিস্তারিত বিবরণ পেতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বন গবেষণা ইনস্টিটিউটের কাজ শেষ না হওয়া পর্যন্ত। আশায় দিন গোনাটা নিরাশায় পরিণত হবে না তো!