নিক্তিতে রাহুল ও বরুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরে একই পরিবারের রক্ত বইলেও আদর্শের দিক থেকে তাঁরা আজ দুই মেরুর মানুষ। সাফল্যের মাপকাঠিতেও একজন উঠছেন, অন্যজন নিম্নমুখী। দুুজনই ভারতের সংসদ লোকসভার সদস্য বা এমপি। সম্পর্কে চাচাতো ভাই। এরপর হয়তো আর বলে দিতে হয় না, বলা হচ্ছে রাহুল আর বরুণ গান্ধীর কথা। একজন ভারতের শাসক দল কংগ্রেসের নেতা আর অন্যজন প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপির। একজনের দলের অন্যতম প্রধান আদর্শ ধর্মনিরপেক্ষতা, অন্যজনের চালিকাশক্তিই ধর্ম। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দুই পুত্র রাজীব ও সঞ্জয়ের পুত্র এ দুজন।সদ্য প্রকাশিত এক গ্রন্থে রাজনীতিতে রাহুল ও বরুণের অবস্থানের নানা দিক তুলে ধরেছেন ভারতের দুই লেখক। বইটির নাম রাহুল’স মিশন ২০১২। লেখক সাংবাদিক যতীন গান্ধী ও ভিনু সাঁধু। রাহুল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদকদের মধ্যে বয়স বা রাজনীতির অভিজ্ঞতায় কনিষ্ঠ হলেও কংগ্রেসের ভবিষ্যৎ মনে করা হয় তাঁকে। এমনকি সম্ভাব্য ভাবী প্রধানমন্ত্রী। সে তুলনায় বরুণ বেশ পিছিয়ে। তাঁর বয়সও অবশ্য রাহুলের চেয়ে ১০ বছর কম। বরুণ বিজেপি কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সম্পাদক। উভয়ের মা সোনিয়া ও মানেকাও দুই প্রান্তের মানুষ।সোনিয়া নেহরু পরিবারের ঐতিহ্য ধারণ করে এখনো জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত আছেন। আর মানেকা গান্ধী পরিবারের ঐতিহ্য বিসর্জন দিয়ে যোগ দিয়েছেন সাম্প্রদায়িকতার গন্ধমাখা বিজেপির সঙ্গে।রাহুল’স মিশন ২০১২ বইটিতে বলা হয়েছে, রাজনীতিতে সাফল্যের মাপকাঠিতে রাহুল এখন উঠছেন, আর বরুণ নামছেন। লেখকদ্বয় বলেছেন, রাহুল গান্ধী তাঁর বাবার নাম উজ্জ্বল করেছেন। কিন্তু বাবা সঞ্জয় গান্ধীর মতোই নিজেও তুলনামূলকভাবে অনেক অনুজ্জ্বল বরুণ। অনেক সমালোচনা থাকলেও রাজীব গান্ধীর জনপ্রিয়তা কম ছিল না। অন্যদিকে জরুরি অবস্থার সময়ের কর্মকাণ্ড নিয়ে নিন্দিত হয়েছিলেন সঞ্জয়। তবে সঞ্জয় অকালে মৃত্যুবরণ না করে প্রধানমন্ত্রী পদ পর্যন্ত যেতে পারলে কী হতো, তা বিবেচনার দাবি রাখে। রাজীবের পুত্র রাহুল ভারতের ধর্মনিরপেক্ষ রাজনীতিকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছেন। বরুণ করছেন তার উল্টোটা। এই বরুণই ২০০৯ সালে উত্তর প্রদেশে লোকসভার নির্বাচনের প্রচারে নেমে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে একটি বেফাঁস মন্তব্য করে বিপদে পড়েন। নির্বাচন কমিশন তাঁকে নোটিশ দেয়। মামলা হয় বরুণের বিরুদ্ধে। সেই মামলায় জামিন না পেয়ে তাঁকে কারাগারেও যেতে হয়। লেখক যতীন গান্ধী ও ভিনু সাঁধু লিখেছেন, বিজেপি আর বরুণের ওপর আস্থা রাখতে পারছে না। দলে তাঁর সেই কদর নেই। ফলে চাচাতো ভাইয়ের তুলনায় নেতৃত্বের দৌড়ে তিনি পিছিয়ে পড়ছেন। রাহুল’স মিশন ২০১২-এ তুলে ধরা হয়েছে, গোটা দেশে জাতীয় কংগ্রেস রাহুলকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরছে। কিন্তু বরুণকে নিয়ে বিজেপির তেমন প্রচার নেই, বরং তাঁকে রাখা হয়েছে কার্যত একঘরে করে। উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাহুল চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যটিতে কংগ্রেসের হূত গৌরব উদ্ধার করতে। গোটা উত্তর প্রদেশ চষে বেড়াচ্ছেন তিনি। পক্ষান্তরে, বিজেপির রাজনীতিতে এখন উপেক্ষিত বরুণ। প্রচারণায় তেমন ভূমিকা নেই তাঁর। নতুন বইটিতে রাহুলের সমালোচনাও করা হয়েছে। তাঁর একলা চলো নীতির ফলে বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের যে বিপর্যয় ঘটেছিল, সে কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সংসদে রাহুলের কার্যক্রমও সমালোচিত হয়েছে। উল্লেখ করা হয়েছে ২০০৯ থেকে ২০১১ সালের বর্ষাকালীন অধিবেশন পর্যন্ত রাহুল অন্য দলের সাংসদদের কোনো প্রশ্ন জিজ্ঞেস করেননি।  অমর সাহা