নিক্বণ একাডেমির ১১ বছর পূর্তি উৎসব
নৃত্য সংগঠন নিক্বণ একাডেমি ২০০১ সালে যাত্রা শুরু করেছিল। গত ২৯ ডিসেম্বর ছিল তাদের ১১ বছর পূর্তি উৎসব। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শিল্পকলা একাডেমী মিলনায়তনে নাচ, আলোচনা, ফ্যাশন শো ও গুণীজন সম্মাননার আয়োজন করা হয়।বিকেল পাঁচটায় দিলরুবা খানমের উপস্থাপনায় শুরু হয় মূল অনুষ্ঠান। শুরুতে ছিল আলোচনা; দ্বিতীয় পর্বে ছিল নাচ ও ফ্যাশান শো। শুরুতে সংগঠনের শিল্পীরা ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানটির সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। এরপর রবীন্দ্র-নজরুল ও লোকগান এবং সৃজনশীল নৃত্য পরিবেশন করেন সংগঠনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা প্রায় ২০টি গানের সঙ্গে দলীয়, একক, যুগল নৃত্য পরিবেশন করেন। নৃত্য পরিচালক ছিলেন সেতু বিশ্বাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক সভাপতি মজহারুল হক শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভিটা গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নবী ভূঁইয়া। অনুষ্ঠানে নিজ নিজ পেশা ও কাজে অবদান রাখার জন্য সংবর্ধনা দেওয়া হয় মোহাম্মদ নুরুন নবী, মাসুদা বিলকিছ, মোহাম্মদ এনামুল হক, মোহাম্মদ জয়নাল আবেদীন চিশতী, মোহাম্মদ আদুর রশীদ দৌলতী ও মোহাম্মদ জহির উদ্দিনকে। সবশেষে ছিল শীতের পোশাকের মনোরম ফ্যাশন শো।