নিখরচায় সাইবার দুনিয়ায়
হৈ-হল্লা ছাপিয়ে গিটারের টুংটাং শব্দ কানে আসছে। সঙ্গে গানের কোরাস। বারান্দায় ঠাঁই না পেয়ে অনেকে মাঠে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে বসেছেন। মিলনায়তন থেকে ভেসে আসা শব্দযন্ত্রের আওয়াজ কানে ধাক্কা দিচ্ছে। কেউ কেউ তাস পেটাচ্ছেন। দূরে এক কোণে কয়েকজন টেবিল টেনিস খেলছেন। কেউ কেউ পাশের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে গল্পে মত্ত। এসবই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষককেন্দ্রের (টিএসসি) চেনা দৃশ্য। এর মধ্যে অচেনা ও নতুন সংযোজন—ল্যাপটপ। কোলের ওপর কম্পিউটার নিয়ে একেকজন সেদিকে ঝুঁকে আছেন। চৌদ্দ-ষোলো ইঞ্চির ওই পর্দাটাই তাঁদের সমস্ত মনযোগের কেন্দ্র। যেন আশপাশের এত এত মানুষ, তাদের কলরব অগ্রাহ্য করতেই সাইবার দুনিয়ায় ডুব দেওয়া। মাঠে এখানে-ওখানে, বারান্দায়, এমনকি টিএসসিতে ঢোকার আগে বাঁ দিকের বারান্দায় বসা সবার কোলে কোলে ল্যাপটপ।ব্যাপারখানা কী? চোরা চোখেতাকিয়ে দেখিফেসবুক খোলা। আরও কয়েকজনের কম্পিউটারের পর্দায় চোখ রাখলাম। সেগুলোতেও একই কাহিনি—ফেসবুক। এক কোণে একজনকে একা পেয়ে বসে পড়লাম তাঁর পাশে।ঘটনা জানতে চাইলাম। ল্যাপটপের পর্দা থেকে চোখ সরিয়ে একগাল হেসে তরুণ বললেন, ‘এটা তারহীন ওয়াই-ফাই জোন। এখানে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করা যায়।’ ওহ্, ব্যাপার তাহলে এই! নিখরচায় নেট ব্যবহার করছেন সবাই। তরুণের পরিচয় জানতে চাইলাম। নাম বললেন মোস্তফা পারভেজ। মাস কয়েক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন শিশু হাসপাতালের মনোরোগ চিকিৎসক (সাইকিয়াট্রিস্ট) হিসেবে যোগ দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের মায়া এখনো কাটাতে পারেননি তিনি। ফুরসত পেলেই টিএসসিতে চলে আসেন। সঙ্গে থাকা ল্যাপটপ খুলে বসেন। তারপর প্রয়োজনীয় কিছু কাজ, ডাউনলোড, আর ফেসবুকে বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ তো আছেই।এক কোণে জনা পাঁচেক বন্ধু মিলে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন। মাঝে একজনের কোলের ওপর একটি ল্যাপটপ। দেখে এগিয়ে গেলাম তাঁদের দিকে। জিজ্ঞেস করতেই গম্ভীর মুখে একজন জানালেন, পড়ার কাজ করছেন। জানা গেল, তাঁরা সবাই ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস অ্যান্ড যোগাযোগ প্রকৌশল বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র। তাঁদের বিভাগেও বিনা মূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যায়। কিন্তু সেখানে পাসওয়ার্ড লাগে। তা ছাড়া ক্লাসের চাপে বিভাগে ইন্টারনেট ব্যবহার করা দায়। তাই বিকেলে মাঝেমধ্যে তাঁরা এখানে চলে আসেন। কখনো কখনো গান ডাউনলোড করেন। তারহীন এই ইন্টারনেট সংযোগে ১৫০-২০০ কেবিপিএস গতি পাওয়া যায় বলে জানালেন আনন্দ আরজু। চব্বিশ ঘণ্টাই এই সেবা পাওয়া যায়। তবে শুধু টিএসসির মধ্যে এটা সীমাবদ্ধ। যোগ করলেন ফয়জুস সালেহীন। তাঁকে শুধরে দিয়ে বন্ধু আবদুল্লাহ আল ফেরদৌস বললেন, ‘পুরো টিএসসি বললে ভুল হবে। কারণ, অধিকাংশ সময় টিএসসির সব জায়গায় নেট থাকে না। তবে টিএসসির প্রবেশ দরজার বাঁ দিকের বারান্দায় নেটওয়ার্কটা ভালো পাওয়া যায়।’বাইরের দিকের সেই বারান্দায় গিয়ে দেখা যায়, লাইন ধরে জনা বিশেক তরুণ-তরুণী বসে আছেন। সবার কোলেই ল্যাপটপ। কথা হয় বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ফয়সাল আহাম্মেদের সঙ্গে। তিনি বললেন, ‘বিনোদন তো আছেই; মূলত ক্লাসের অ্যাসাইনমেন্টের কাজই করা হয়।’ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য এমন সুবিধা আরও বেশি বেশি থাকা দরকার বলে মন্তব্য করেন তিনি।ব্যবস্থাপনার ছাত্র তারেকুল ইসলাম। আর-দশজনের মতো ব্যক্তিগত কম্পিউটার নিয়ে প্রায় দিনই তিনিও আসেন টিএসসিতে। অনেকে রাত বারোটা-একটা পর্যন্ত ইন্টারনেটে সময় কাটান এখানে। বসার স্থান সংকটের কথা জানালেন তিনি। একফালি বারান্দার ওইটুকুন জায়গায় ১৫-২০ জন ছেলেমেয়ে গাদাগাদি করে বসে। জায়গা নিয়ে কখনো কোনো ঝুট-ঝামেলা হয় না, জানালেন দুই বন্ধু শুভ দেবনাথ ও পলক দেবনাথ। উল্টো কেউ একটা মাল্টিপ্লাগ নিয়ে এলে অন্যরা সেখানে তাঁদের ল্যাপটপ চার্জে দেন। কেন এখানে আসেন—এমন প্রশ্নের জবাবে ওই দুই বন্ধু জানান, হলে ইন্টারনেট পাওয়া যায় না। তা ছাড়া মডেমে গতি কম। এখানে গতি অনেক বেশি পাওয়া যায়, তাই আসা।উইন্ডোজ হালনাগাদ করতে এসেছেন রকিবুল ইসলাম। এবারই তিনি এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টায় আছেন। সময় পেলে প্রায়ই আসেন এখানে। আসার সময় সঙ্গে করে ল্যাপটপখানা আনতে ভুলেন না।টিএসসির সম্মুখের বারান্দার একপাশে বসে ছিল ছেলেমেয়ে দুটি। মেয়েটির হাতে ফটোকপি করা একটি কাগজ। দুজনের কোলের ওপর দুটি ল্যাপটপ। দুজনই বিবিএর শিক্ষার্থী। নাম সন্তু কুণ্ডু ও নাসরিন জাহান। ক্লাস-অ্যাসাইনমেন্টের কাজ করতে এসেছেন এখানে। দরকারি কিছু ডাউনলোড করবেন, তাই এই ওয়াই-ফাই জোনে এসে বসা। নাসরিন জাহান বললেন, এই সেবা শুধু টিএসসির মধ্যে সীমাবদ্ধ না রেখে সব হলে, এমনকি গোটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া উচিত। টিএসসির পরিচালক আলমগীর হোসাইন বলেন, ‘এটি একটি পাইলট প্রকল্প। টিএসসির নির্দিষ্ট দু-একটা জায়গায় ছাত্রছাত্রীরা বিনা মূল্যে তারহীন এই ইন্টারনেট ব্যবহার করতে পারে। ধীরে ধীরে এটি গোটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘আমি যদ্দুর দেখেছি এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা ইন্টারনেটে ফেসবুক ব্যবহার করে। বন্ধু-বান্ধবের সঙ্গে চ্যাট করে। আবার পড়ার কাজটাও চালিয়ে যায়। ক্লাসের অ্যাসাইনমেন্টের কাজও করে অনেকে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব টেকনোলজির পরিচালক জুলফিকার হাফিজ জানান, বছর দেড়েক ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টিএসসিতে এই সেবা দিচ্ছে। শুধু ছাত্রছাত্রীই নয়, সব জায়গার লোক আসে টিএসসিতে। এটি একটি বিনোদন কেন্দ্রও বটে। তাই এখানে তারহীন ইন্টারনেটসেবা দেওয়া। ভবিষ্যতে এই সেবা গোটা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।