নিখোঁজ গণতন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় যেন হারিয়ে গেছে গণতন্ত্রের পাখি

হেথায় খুঁজে হোথায় খুঁজে করছি ডাকাডাকি।
মঞ্চ কাঁপে, টক শো গরম সেই পাখিটার নামে
কেউ জানে না কোথায় পাখি লুকাল কোন গ্রামে।
সরকারি আর বিরোধীরা সেই পাখিকেই চায়
মায়াকান্না দেখিয়ে কয়, ‘ও পাখি তুই আয়।’
মনে মনে সবার ভেতর ক্ষমতারই মোহ
লুটেপুটে খেতেই তবে বিক্ষোভ–বিদ্রোহ?
হরতাল আর বাসে আগুন, ইটের ছোড়াছুড়ি
চাই ক্ষমতা সবার আগে, পাখিপ্রীতি থুড়ি!
গণতন্ত্রের দোহাই দিয়ে রাজপথ হয় গরম
আমজনতা গুলি খেয়ে দেয় মূল্য চরম।
বিদ্যুৎ আর গ্যাসের মূল্য বাড়ছে হু হু করে
বিরোধীরা এটা নিয়ে কয়টা স্লোগান ধরে?
আমজনতা চিড়ে–চ্যাপ্টা বাড়ি ভাড়া দিয়ে
বিরোধীরা কোনো কথা বলছে এটা নিয়ে?
আন্দোলনের বিষয় শুধু চাই ক্ষমতা চাই
গণতন্ত্রের পাখি উধাও, কোথায় তারে পাই?
গণতন্ত্র অভিমানে হারিয়ে গেছে আজ
লুটেপুটে খেতে কারা সাজছে দখলবাজ।
জায়গা দখল, ঠিকাদারি, তদবিরে আজ ‘বিজি’
রাতারাতি কোটিপতি হওয়াটা খুব ‘ইজি’।
বিরোধীরা হা-হুতাশে যাচ্ছে এসব দেখে
বক্তৃতাতে ক্ষোভ প্রকাশে মুখ যাচ্ছে বেঁকে।
গণতন্ত্র পাখি তুমি মুখ লুকালে কই
জলদি এসো খেতে দেব চিড়া মুড়ি খই।
গণতন্ত্র কোথায় তুমি? তোমার জন্য দেশ—
শয্যাশায়ী, খায় না কিছুই, হয়ে যাবে শেষ?
জলদি এসো দেশকে বাঁচাও তোমায় প্রয়োজন
পত্রিকাতে ছড়ায় ছড়ায় দিলাম বিজ্ঞাপন।